পৌরসভা নির্বাচনে দলীয় একক প্রার্থী সমর্থন নিয়ে জটিলতা কাটাতে পারছে না আওয়ামী লীগ। বেশির ভাগ পৌরসভায় একাধিক প্রার্থী থাকায় প্রার্থী বাছাই নিয়ে গলদঘর্ম দলীয় সাংগঠনিক সম্পাদকেরা।সূত্র জানায়, সাংগঠনিক সম্পাদকেরা তৃণমূলের সমর্থন ও এলাকার প্রতিবেদন মিলিয়ে সব বিভাগের দলীয় প্রার্থীদের একটি তালিকা তৈরি করার চেষ্টা করছেন। গত তিন-চার দিন টানা বৈঠক করে তাঁরা মোটামুটি একটা অবস্থায় এসেছেন বলে জানিয়েছেন। তবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংগঠনিক সম্পাদকদের বৈঠকের পর দলীয় প্রার্থী সমর্থন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক সম্পাদকদের বৈঠক করার কথা থাকলেও তা হয়নি। আজ বৃহস্পতিবার হতে পারে।সূত্র জানায়, একক প্রার্থী ঠিক করার পর বিদ্রোহীদের বসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সাংগঠনিক সম্পাদকদের এ রকম নির্দেশ দেওয়া হয়েছে। আর দলীয় একক প্রার্থী ঠিক করার পরই মহাজোটের সঙ্গে প্রার্থী সমন্বয় করা হবে।আগামীকাল শুক্রবার ১৪ দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হবে। এরপর হবে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক। অবশ্য ১৪ দল ও জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের অনানুষ্ঠানিক কথাবার্তা চলছে।সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জাসদের হাসানুল হক ইনু ও শরীফ নূরুল আম্বিয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর কাছে মেয়র পদপ্রার্থীর একটি তালিকা দিয়েছেন। জাসদ ২০ পৌরসভায় মহাজোটের সমর্থন চেয়েছে। এর আগে জাতীয় পার্টি ১৩৬টি পৌরসভায় মেয়র পদ চেয়ে আওয়ামী লীগের কাছে তালিকা দিয়েছে। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও একটি তালিকা দেওয়া হয়েছে। শরিক দলের মধ্যে কেবল জাতীয় পার্টি গত নির্বাচনে চারটি পৌরসভায় বিজয়ী হয়েছে। ওয়ার্কার্স পার্টি ও জাসদ কোনো পৌরসভায় জিততে পারেনি। সূত্র জানায়, ১৪ দল এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের নেতারা জয়ের সম্ভাবনা আছে এমন প্রার্থীর নাম চাইবেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগ ছাড় দিতে প্রস্তুত। শরিক দলের দেওয়া তালিকার প্রার্থীদের জনপ্রিয়তা সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। জয়ের সম্ভাবনা ছাড়া কেবল শরিকদের মুখ রক্ষার জন্য প্রার্থী সমন্বয়ের পক্ষে নন আওয়ামী লীগের নেতারা। এ ব্যাপারে আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, জয়ের জন্য যেখানে যেখানে শরিকদের সঙ্গে প্রার্থী সমন্বয় করা প্রয়োজন, তা করা হবে। এসব জায়গায় দলীয় প্রার্থীদের বসিয়ে দেওয়া হবে। কেউ নির্দেশ অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।