সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘দলের পক্ষ থেকে একক সমর্থন পাব, এমন প্রত্যাশা এখনো পূরণ হয়নি। কিন্তু এতে আমার মনোবল ভেঙে যায়নি। আশা করি, সাধারণ মানুষের সমর্থন আমাকে নির্বাচনে জয়যুক্ত করবে।’প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আইভী এ কথা বলেছেন। গতকাল বিকেল পাঁচটায় তিনি এই সাক্ষাৎকার দেন। তখনই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। দলীয় সমর্থন কে পাবেন, কে মনোনয়নপত্র প্রত্যাখ্যান করবেন—এ নিয়ে দিনভর শহরজুড়ে নানা আলাপ-আলোচনা চলে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ-সমর্থক দুই প্রার্থীর কেউই প্রতিযোগিতা থেকে সরে যাননি। আইভী সারা দিন একরকম লোকচক্ষুর অন্তরালে ছিলেন। সময় পেরোনোর পর নারায়ণগঞ্জের দক্ষিণ প্রান্ত থেকে আইভী যখন প্রচারণা শুরু করেন, তখন শত শত মানুষ তাঁর সঙ্গে যুক্ত হন।নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাসের মূল উৎপাটনের প্রত্যয় ব্যক্ত করে সেলিনা হায়াত আইভী বলেন, তিনি যখন পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব নেন, তখন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। কিন্তু ধীরে ধীরে মানুষের কাছে তিনি আস্থা অর্জন করতে সমর্থ হয়েছেন। সাধারণ মানুষ তাঁর সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। জনসমর্থন থাকলে যত বড় বিপদই আসুক না কেন, তা জয় করা সম্ভব বলে মনে করেন তিনি।নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বলেন, তিনি নারায়ণগঞ্জবাসীকে কখনো বিমুখ করবেন না। দলের কোনো বিপর্যয়ের সময় দেশ ছেড়েও পালাবেন না। তিনি ও তাঁর বাবা আলী আহাম্মদ চুনকা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেন। আওয়ামী লীগের আদর্শ তিনি বাস্তবায়ন করবেন।শীর্ষস্থানীয় নেতাদের পরামর্শ উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় দলের সঙ্গে তাঁর কোনো বিভেদ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, দূরত্ব একটা তৈরি হয়েছে, কিন্তু তা সাময়িক। তিনি মনে করেন, দলের একক সমর্থন না পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ তাঁর সঙ্গে আছে।দল থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তৃতীয় কেউ বিজয়ী হতে পারেন—এমন আশঙ্কাকে অমূলক বলে মন্তব্য করেন আইভী। তিনি বলেন, নারায়ণগঞ্জের সিংহভাগ মানুষ তাঁর পক্ষে। মহিলা সাংসদ ও পরে সাংসদ নির্বাচিত করার প্রস্তাব দেওয়া হলেও কেন মেয়র পদে নির্বাচন করতে চাইছেন? এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, মহিলা সাংসদ করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে চান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো পদ তাঁর দরকার নেই।সেলিনা হায়াত আইভী চারদলীয় ঐক্যজোটের আমলে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পরপরই নির্বাচনে জয়লাভের ঘটনা তখন অনেকের মনে বিস্ময় জাগিয়েছিল।আইভী বলেন, ‘২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি আমি যখন দায়িত্ব নিই, তখন নারায়ণগঞ্জ পৌরসভার তহবিলে জমা ছিল নয় লাখ ৫১ হাজার ২৬৬ টাকা। বকেয়া ছিল দুই কোটি আট লাখ ১০ হাজার ১৮০ টাকা। আমি যখন দায়িত্ব ছাড়ি, তখন বিভিন্ন ব্যাংকে জমা ছিল ১২ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৪৬০ টাকা। আমি স্বচ্ছ রাজনীতি করি।’ তিনি বলেন, তাঁর আমলে কোনো উন্নয়নকাজে দুর্নীতি হয়নি, ভবিষ্যতেও হবে না। কারও কোনো অভিযোগ থাকলে সরকারের যেকোনো সংস্থা তা যাচাই করে দেখতে পারে বলে মন্তব্য করেন তিনি। ২০০৬ সালে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে একটি আধুনিক ও যুগোপযোগী শহর গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা তৈরি করিয়েছিলেন আইভী। নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জের মানুষ যেন একটি আধুনিক শহরের যা যা সুযোগ-সুবিধা সেসব ভোগ করতে পারে, সে জন্য তিনি উদ্যোগ নেবেন বলে জানান। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় যোগাযোগব্যবস্থা নাজুক। নির্বাচিত হলে তিনি নতুন রাস্তাঘাট করবেন, জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বেহাত হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার, খাল পুনরায় উদ্ধার করবেন। এ ছাড়া নগরের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে যে উদ্যোগ তিনি নিয়েছিলেন সিটি করপোরেশন এলাকায় তার প্রসার ঘটাবেন।