একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই যশোর আওয়ামী লীগে কোন্দল ও রক্তক্ষয়ী হানাহানির মূল কারণ বলে জানা গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ক্ষমতাসীন দলে যাঁর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, তাঁর পক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দরপত্র নিয়ন্ত্রণ যেমন সহজ হবে, তেমনি মাদক ব্যবসার মতো অবৈধ অর্থ-বাণিজ্যের বখরাও যাবে একই পকেটে।তাই বিপুল অঙ্কের এই অবৈধ অর্থ-বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই যশোর আওয়ামী লীগের বিবদমান উভয় পক্ষ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।অবশ্য যশোর সদর আসনের ক্ষমতাসীন দলের সাংসদ খালেদুর রহমান টিটোর দাবি, তাঁদের স্বদলীয় এ বিরোধ অস্বচ্ছতার বিরুদ্ধে স্বচ্ছতার লড়াই। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগে যাঁরা দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে, আমি তাঁদের সঙ্গে আছি।’ সাংসদের অভিযোগ, তাঁর প্রতিপক্ষ সন্ত্রাসীদের লালন এবং দরপত্র-সন্ত্রাসে জড়িত।অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অভিযোগ, সাংসদ খালেদুর রহমান আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা করছেন। সাম্প্রতিক খুনোখুনির জন্য সাংসদের পক্ষের সন্ত্রাসীদের দায়ী করেছেন এ দুই নেতা।রেজার দাবি, সাংসদের সঙ্গে কতিপয় দেউলিয়া রাজনৈতিক নেতা ছাড়া আর কেউ নেই। যশোর আওয়ামী লীগের সবাই এই দেউলিয়া রাজনীতিকের বিরুদ্ধে।দলে অবস্থান গড়া ও ধরে রাখার লড়াই: স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেওয়া খালেদুর রহমান ২০০১ সালে মনোনয়ন না পেয়ে দল ছাড়েন। এরপর আওয়ামী লীগে যোগ দেওয়ার আগ পর্যন্ত দীর্ঘদিন তিনি ছিলেন রাজনীতির বাইরে। ফলে স্থানীয় রাজনীতিতে তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়ে। তার ওপর আওয়ামী লীগের বড় একটা অংশ তাঁর বিপক্ষে। তাই আওয়ামী লীগে নিজের অবস্থান প্রতিষ্ঠায় তিনি মরিয়া। এ জন্য তিনি ২০০৬ সালে তাঁর ওপর হামলার ঘটনায় দল থেকে বহিষ্কৃত জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিবকেও কাছে টেনে নিয়েছেন।অন্যদিকে তাঁর প্রতিপক্ষরা দল ও কালো টাকা উপার্জনের পন্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে সচেষ্ট। এ থেকেই সংঘাতের রাজনীতির জন্ম বলে স্থানীয় রাজনীতিকেরা মনে করছেন। এখন সাংসদের বিরোধিতার প্রশ্নে আলী রেজা ও চেয়ারম্যান শাহীন চাকলাদার একাট্টা। তবে শাহীন চাকলাদারই এখন সাংসদের মূল প্রতিপক্ষ, যা দলের সাবেক সাংসদ আলী রেজার কথায়ও স্পষ্ট। তিনি বলেন, ‘আমি কখনো রাজনীতিতে হিংসাশ্রয়ী নই। এখানে বিরোধ সাংসদ খালেদুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের মধ্যে। এ ক্ষেত্রে আমি শিখণ্ডী মাত্র।’অবশ্য শাহীন চাকলাদার বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আলী রেজা আমাদের নেতা। আমি তাঁর সন্তানতুল্য।’স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, আলী রেজার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পোষার অভিযোগ না থাকলেও শাহীন চাকলাদারের বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়।অভিযোগ রয়েছে, রাজনীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এ লড়াইয়ে সাংসদের দুই ছেলেও জড়িয়ে পড়েছেন। তাঁদের বিরুদ্ধে শহরের বিভিন্ন পাড়ার উঠতি বয়সী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতার গুরুতর অভিযোগ উঠেছে।মাদকাসক্ত এসব উঠতি সন্ত্রাসীর কারণে পুরো শহরের মানুষ আতঙ্কিত। আলী রেজার ভাষায়, এরা টোকাই সন্ত্রাসী, যখন-তখন যে কাউকে ছুরিকাঘাত বা কুপিয়ে হতাহত করতে দ্বিধা করে না। তাঁর অভিযোগ, এসব সন্ত্রাসী ১৩ মার্চ ছাত্রলীগের সম্মেলনে হামলা চালিয়েছিল সাংসদের ছেলেদের নেতৃত্বে। এরপর দুই দিনে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে। আলী রেজা ও শাহীন চাকলাদারের দাবি, আক্রান্ত ব্যক্তিরা সবাই তাঁদের পক্ষের নেতা-কর্মী।অবশ্য খালেদুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, সম্মেলনে অস্বচ্ছতা দেখে ক্ষিপ্ত সাধারণ কর্মীরা ওইদিন ইটপাটকেল নিক্ষেপ করেছে। আর পাল্টা জবাব হিসেবে শাহীন চাকলাদারের লোকজন বোমা ফাটিয়েছে। এতে সাংসদের ছেলেও আহত হন বলে তিনি দাবি করেন।বিভিন্ন পাড়া-মহল্লার উঠতি টোকাই সন্ত্রাসীরা তাঁর ছেলের পৃষ্ঠপোষকতা পায়—এমন অভিযোগ প্রসঙ্গে খালেদুর রহমান বলেন, ‘আমি এমপি। আমার এখানে নানা কাজে অনেক রকম মানুষ আসে। এ রকম কেউ এখান থেকে গিয়ে যদি ছিনতাই করে, তাহলে কি বলবেন এমপি ছিনতাই করেছে?’কালো টাকার নিয়ন্ত্রণ: সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে যশোরে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নকাজের দরপত্র একচেটিয়া নিয়ন্ত্রণ করতেন তত্কালীন মন্ত্রী তরিকুল ইসলামের এক আত্মীয়সহ বিএনপির কয়েকজন নেতা। বিএনপিতে তরিকুলের প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব নিয়ে উচ্চবাচ্য হয়নি।স্থানীয় একাধিক পেশাদার ঠিকাদার জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুরুর দিকে আওয়ামী লীগের কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য, দুজন সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার এক নেতাসহ আরও কয়েকজন সিন্ডিকেট করে দরপত্র নিয়ন্ত্রণ শুরু করেন বলে অভিযোগ আছে। কিছুদিন পর ভাগাভাগি নিয়ে বিরোধ বাধলে তাঁদের একাংশ দলের জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সঙ্গে এবং আরেকাংশ সাংসদ খালেদুর রহমানের সঙ্গে যুক্ত হন। এ সময় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা পরিষদের উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণে শাহীন চাকলাদারের অনুসারীরা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ফ্যাসিলিটিজ বিভাগের দরপত্র সাংসদের অনুসারী তিন নেতা নিয়ন্ত্রণ শুরু করেন। অবশ্য এ ক্ষেত্রে শাহীন চাকলাদারের নাম বেশি আলোচিত। তিনি নিজেও একজন বড় ঠিকাদার।সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের অধীন কপোতাক্ষ নদী খননের জন্য চার কোটি টাকার চারটি কাজ ভাগবাটোয়ারা হয়েছে বলে অভিযোগ আছে। গত ১০ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। এ নিয়ে মিশনপাড়ার ফরিদ গ্রুপ (সাংসদের অনুসারী) ও পুরোনো কসবার কামরুজ্জামান ওরফে বাঁশি রিপনের (শাহীন চাকলাদারের অনুসারী) গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।এর আগে গত বছরের অক্টোবরে সড়ক বিভাগের ১০ কোটি টাকার দরপত্র নিয়ে সাংসদ ও চাকলাদারের অনুসারীদের মধ্যে বিরোধ বাধে।সাংসদ খালেদুর রহমান দাবি করেন, এসব দরপত্র নিয়ন্ত্রণের সঙ্গে শাহীন চাকলাদার সরাসরি জড়িত। তিনি সড়ক বিভাগে র‌্যাব ও পুলিশ পাঠিয়ে ওই দরপত্র-সন্ত্রাস বন্ধ করান।অন্যদিকে শাহীন চাকলাদার বুধবার আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছেন, তাঁর প্রতিপক্ষ এসব রটাচ্ছে। তাঁর পরিবারের যেসব ব্যবসা আছে, তা থেকে বৈধভাবে দৈনিক আয় চার-পাঁচ লাখ টাকা। অবৈধ অর্থের তাঁর প্রয়োজন নেই বলে দাবি করেন।জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা বলেন, ‘টেন্ডারবাজি বলে কিছু নেই। যেটা হয়, সেটাকে বলা যায় সমঝোতা। এর সঙ্গে শাহীন জড়িত কি না, আমি জানি না। তবে এটা ঠিক, এসব ক্ষেত্রে শক্তিশালী নেতাদের কিছুটা খবরদারি থাকে।’তাহলে বিরোধের কারণ কী, এ প্রশ্নের জবাবে আলী রেজা বলেন, ‘এমপি টিটো ফেনীর জয়নাল হাজারী, নারায়ণগঞ্জের শামীম ওসমান বা পুরান ঢাকার হাজী সেলিমের মতো যশোরে রাজনীতি করতে চান। যাশোরে টিটো-লীগ প্রতিষ্ঠা করতে চান। এখান থেকেই সমস্যার শুরু।’উভয় পক্ষই চায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ: ক্ষমতাসীন দলটির এই দ্বন্দ্ব-সংঘাতের জের ধরে আরও খুনোখুনির আশঙ্কা করেছেন উভয় পক্ষের অনেক নেতা-কর্মী, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তাও।উভয় পক্ষের নেতারাই প্রথম আলোকে বলেছেন, যশোরে আওয়ামী লীগের এই কোন্দল বা সংকট মেটাতে তাঁরা দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে চেয়ে আছেন।