একজন আকবর আলী
শিক্ষক পরিবারে জম্ম। কিন্তু বাবা-দাদার পথে না গিয়ে বাছলেন ভিন্ন জীবন। আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমিকে নিয়ে লিখেছেন মাসুদ আলমবেতের টেবিলের ওপর পেস্তা-বাদামের দুটি কৌটা। ইরান থেকে আনা। কথার ফাঁকে ফাঁকে খাচ্ছেন। সুস্বাদু খাবার। ঢাকার প্রবাসজীবনে এই পেস্তা আর বাদাম তাঁকে যেন স্বদেশে নিয়ে যায় বারবার।ধানমন্ডির বাসায় একাকী থাকেন। মাঠ, অনুশীলনের পর বাকি সময়টা আর কাটতে চায় না। ভিনদেশে শীর্ষ একটা ক্লাবের কোচ হিসেবে আছেন। এটাই তাঁর পেশা। কিন্তু আলী আকবর পোরমুসলিমির কাছে ফুটবল কোচিং জীবনটার চেয়ে বড় তাঁর পারিবারিক জীবন। শোবার ঘরে সোফায় গা এলিয়ে দেওয়া আবাহনী ফুটবল দলের কোচকে নির্মোহ দেখায়, ‘জুলাইয়ে বড় ছেলেটা উচ্চতর ডিগ্রি নিতে অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছে। স্ত্রীকে সময় দিতে হবে তখন। তাই ঢাকায় জীবনটা দীর্ঘতর করতে পারব কি না জানি না।’ব্যক্তিজীবনে সাদাসিধে এক মানুষ। কথা বলেন খুবই কম। বললেও এত আস্তে যে অনেক সময় নিজেও শোনেন কি না সন্দেহ! কম কথা বলার মানুষ বিশেষ শ্রদ্ধার পাত্র। আলী আকবরও তা-ই। ভদ্রলোক নাম দিয়েই প্রথমে দৃষ্টি কাড়েন। পোরমুসলিমি মানে কী?পোর মানে সন্তান। মুসলিমি অর্থ মুসলমান। মুসলমানের সন্তান। ইরানি সমাজে এটা একটা বংশ। ঠিক যেমন পোরহোসনি, পোরনেমতি...। তবে নামে কি-বা আসে-যায়। নাম নয়, আলী আকবর সফল এক মানুষ তাঁর কাজ দিয়ে।তাঁর ফুটবলে আসা ব্যতিক্রমই এক ঘটনা। প্রায় পুরো পরিবারই যুক্ত শিক্ষকতা পেশায়। আলী আকবরের দাদা মোসলেম ইরানের হামাদান শহরের এক নিভৃত গাঁয়ের শিক্ষক ছিলেন। তখন পুরো গাঁয়ে ছিল দুটি স্কুল। এরপর বাবা আলী আজিজও হলেন স্কুলশিক্ষক। পুরো গাঁয়ে তিনি হয়ে উঠেছিলেন ‘জেনারেল শিক্ষক’, মানে সব বিষয়েই কম-বেশি পড়াতেন। বিয়ে করলেন। কাকতালীয় ব্যাপার, স্ত্রী পারভেনেকও স্কুলশিক্ষক। শ্বশুর-শাশুড়িও শিক্ষক। শাশুড়ি বাধি জোহওয়ান্ত এখন অবসরে আছেন। শ্বশুরও স্কুলশিক্ষকতা শেষে এখন স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান। আলী আকবরের দুই বোনের এক বোন মারা গেছেন। অন্যজন মার্জিয়া পোরমুসলিমিও শিক্ষকতা পেশা ছেড়েছেন সম্প্রতি। ইরানে ৩০ বছর শিক্ষকতা করার পর মহিলাদের অবসরে যেতে হয়।শিক্ষক পরিবারের ছেলে ফুটবলে কেন? কীভাবে? নড়েচড়ে বসেন আকবর সাহেব। ছোটবেলায় বাবার ইচ্ছে ছিল শিক্ষকতা পেশাতেই আনবেন ছেলেকে। কিন্তু ছেলের ঝোঁক ছিল ফুটবলে। শৈশব-কৈশোরে চুটিয়ে ফুটবল খেলেছেন পাড়া-মহল্লায়। তারপর তেহরান বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগে ভর্তি হলেন। সেখানে শারীরিক শিক্ষক খোদাদর্দের হাত ধরে এগিয়ে চলা। খেললেন ইরানের জাতীয় বিশ্ববিদ্যালয় দলে।পরবর্তী সময়ে খেলেছেন দেশটির অন্যতম সেরা ক্লাব পাস হামাদানে। এই ক্লাবে গত মৌসুম কোচিংও করিয়েছেন। হামাদান ক্লাব একবার এশিয়ার সেরা ক্লাবের মর্যাদাও পেয়েছে। এখন তো তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের কোচেস ইনস্ট্রাকটর। সেই সূত্রেই আবাহনীর কোচ হওয়া। এই কোচিং জীবনটা তাঁর কাছে উপভোগের, আনন্দের। এখানেই খোঁজেন জীবনে সফলতার মন্ত্র। ব্যক্তি আলী আকবরের বৈশিষ্ট্য কী জানতে চাইলে বলেন, ‘কোচ হিসেবে ফিলসফি হচ্ছে খেলোয়াড়দের নিজের সন্তানের মতো দেখা। তাদের কিছু হলে আমি খুবই ব্যথিত হই।’কথা এগিয়ে চলে। প্রসঙ্গ পাল্টায়। এক ফাঁকে জানান, ঢাকার ঝালজাতীয় খাবার খেতে পারেন না। এখানে ইরানি খাবারের কোনো রেস্তোরাঁও নেই। অগত্যা বাসায় নিজেই রান্নাটা করে ফেলেন। ‘পাকিস্তানি রাইস আর চিকেন। মাঝে মাঝে ফিশ। এটা রান্না করতে ঝামেলা নেই। বেশির ভাগ সময় এটাই খাই।’ঢাকায় উপভোগ করেন শপিং। এখানকার কাপড়-চোপড় নাকি সস্তা। বিশেষ করে মহিলাদের পোশাক। তাই মাঝখানে ছুটিতে যাওয়ার সময় স্ত্রীর জন্য সালোয়ার-কামিজ, শাড়ি, জুতা নিয়েছেন। ভবিষ্যতেও নেবেন। অবসরে ইরানি ছবি দেখেন। দুই ছেলের ছোটজন পনেরো দিন পরপর একটা করে ইরানি সিনেমা ডাউনলোড করে পাঠায়। ল্যাপটপে সেই সিনেমা দেখার পঞ্চাশোর্ধ্ব মানুষটার অনুভূতি এমন, ‘ইরানি সিনেমার কাহিনী হচ্ছে পারিবারিক। এগুলো দেখতে খুবই ভালো লাগে।’ সামনে টিভিটার দিকে তাকিয়ে এও বলেন, ‘ইন্ডিয়ান সিনেমা দেখি না। অ্যাকশনে ভরা। ভালো লাগে না।’স্বদেশি প্রয়াত নামী শিল্পী মার্জিয়ার গান শোনেন। এখন সবচেয়ে জনপ্রিয় শাহজানিয়ার গান রয়েছে তাঁর মুঠোফোনে। মুঠোফোন থেকে সেই গান বের করে শোনান। পার্সি ভাষায় একটা গানের দুটি লাইন, ‘চন ও সো সানগাদা। রুনা খোত মিদোনেস্ট...’। ইংরেজি তরজমাটা বলে যান, ‘হি লাইক হিজ ডটার মোর দ্যান হিজ লাইফ...’। এটি তাঁর খুবই পছন্দের একটি গান।টেবিলের নিচ থেকে ইরানের একটা ফুটবল ম্যাগাজিন বের করেন। মুগ্ধতা খেলা করে তাঁর চোখে-মুখে, ‘ইরানে ফুটবল পত্রিকা আছে অনেক। আমাদের দেশে সাধারণ মানুষ ফুটবল খুব ভালোবাসে। ...এই যে এই ক্লাবে একদিন আমি খেলতাম। অনেক স্মৃতি রয়েছে সেখানে আমার।’ একদিন ঢাকার এই জীবনটাও তাঁর কাছে স্মৃতি হয়ে যাবে। হয়তো অন্য কাউকে দেখাবেন ঢাকা থেকে নিয়ে যাওয়া কোনো স্মৃতি!