সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পিটিয়ে নদীতে ফেলে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ বলছে, শিক্ষার্থীদের নৌকায় হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় চেঙ্গেরখালে নৌভ্রমণে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী নৌকায় হামলা চালায় বখাটে সন্ত্রাসীরা। এ সময় তারা দুই ছাত্র খায়রুল কবীর ও দীপঙ্কর ঘোষ অনিককে পিটিয়ে নদীতে ফেলে দেয়। শনিবার সকালে নদী থেকে ওই দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন নৌকার মাঝি গুলজারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জালালাবাদ থানায় হত্যা মামলা করেন।র্যাব ও পুলিশ সূত্র বলেছে, নৌকার মাঝির দেওয়া তথ্যের সূত্র ধরে শিক্ষার্থীদের বহনকারী নৌকায় হামলার সঙ্গে সরাসরি জড়িত এক ব্যক্তিকে গতকাল রোববার সিলেটের কোম্পানীগঞ্জ থেকে আটক করে র্যাব। আটক ব্যক্তি জানিয়েছেন, নৌকায় হামলার সঙ্গে তিনিসহ সাতজন জড়িত ছিলেন।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, র্যাবের হাতে আটক ছইফুল মিয়ার (৩০) বাড়ি চেঙ্গেরখাল এলাকার নীলগাঁওয়ে। ওসি জানান, আটক ব্যক্তি হামলার সঙ্গে জড়িত অন্যদের নাম ও ঠিকানা দিয়েছেন। গতকাল রাতে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করার কথা।র্যাব-৯-এর স্পেশাল কোম্পানি অফিসার ফজলে শাহিন হক বলেন, মাঝির দেওয়া তথ্য অনুযায়ী ছইফুলকে আটক করা হয়। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ক্যাম্পাসে নানা কর্মসূচি: বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল ক্যাম্পাসে শোকযাত্রা ও শোকসভা হয়েছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোকযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। শোকযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোকযাত্রায় শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন। যেগুলোতে লেখা ছিল: ‘আর কত ভাইকে লাশ হয়ে ঘরে ফিরতে হবে?’, ‘সিলেটে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা চাই’, ‘এমন নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই’, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণে এসে আর কত ভাইকে লাশ হয়ে ঘরে ফিরতে হবে?’।পরে দুপুর সোয়া বারোটার দিকে কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভা হয়।এদিকে গতকাল বেলা একটার দিকে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা গোলচত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন। উপাচার্য মো. সালেহ উদ্দিন সেখানে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে তিন দফা দাবি তুলে ধরেন। বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন।এদিকে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে শোকযাত্রা বের করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।