একজন চিকিত্সক দিয়ে চলছে জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়ানগর উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হলেও এটি জনগণের কোনো উপকারে আসছে না।জানা গেছে, বিগত জোট সরকারের আমলে সোয়া ছয় কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণের পর ২০০৮ সালের ১১ নভেম্বর এটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে কথা হয় চণ্ডীপুর গ্রামের নান্নু মিয়ার সঙ্গে। তিনি বুকের সমস্যার জন্য চিকিত্সা নিতে এখানে এসেছিলেন। চিকিত্সকের দেখা না পেয়ে ফিরে যাওয়ার সময় তিনি জানান, নদী পার হয়ে এখন পিরোজপুর গিয়ে ডাক্তার দেখাতে হবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গিয়ে দেখা যায়, প্রধান ফটক (দরজা) ও সিঁড়ির পাশে কতগুলো টুল ও টেবিল সাজানো।স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, এখানে চিকিত্সকের নয়টি পদের মধ্যে বর্তমানে আছেন শুধু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ ছাড়া নয়জন নার্সের পদ থাকলেও তিনজন বাদে অন্যরা বিভিন্ন যায়গায় ডেপুটেশনে রয়েছেন বলে জানান প্রধান সহকারী খালেদা নাসরিন। এ সময় তিনি বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকেই প্রধান সহকারী, পিয়ন, হিসাব রক্ষক, স্টোরকিপার ও এমএলএসএসের দায়িত্ব পালন করতে হয়।’স্বাস্থ্য পরিদর্শক সেকেন্দার আলী গাজী জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য রোগী এখানে চিকিত্সাসেবা নিতে আসে, কিন্তু চিকিত্সকের দেখা না পেয়ে প্রায় সবাই ফিরে যায়।মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন জানান, প্রায় এক লাখ মানুষের বাস এই উপজেলায়। রোগব্যাধি হলে চিকিত্সা নিতে সবাইকে নদী পাড়ি দিয়ে ২০ কিলোমিটার দূরে পিরোজপুর শহরে আধুনিক হাসপাতালে যেতে হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন যেসব রোগী চিকিত্সাসেবা নিতে আসে, তাদের মধ্যে শুধু যক্ষ্মা রোগীদের চিকিত্সা দেওয়া হয়। ওষুধসহ আসবাবপত্রের সংকট রয়েছে এখানে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।পিরোজপুরের সিভিল সার্জন এ বি এম শামছুল আলম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীসংকট নিরসনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন চিকিত্সক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলে জিয়ানগরে চিকিত্সকের সংকট নিরসন হবে বলে আমার বিশ্বাস।’সদর আসনের সাংসদ আলহাজ এ কে এম এ আউয়াল বলেন, ‘জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকের সংকটসহ অন্যান্য সমস্যার কথা ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি। অচিরেই এ সমস্যার সমাধান হবে।’