একজন চিকিৎসক দিয়ে চলছে মা ও শিশু কল্যাণকেন্দ্র
একজন চিকিৎসক দিয়ে চলছে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র। এখানে ফিমেল মেডিকেল অ্যাটেনডেন্ট, সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট, দাই-নার্সের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একমাত্র রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটিও অকেজো হয়ে পড়ে রয়েছে। মা ও শিশু কল্যাণকেন্দ্রে বিনা পয়সায় গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা ও সিজারিয়ান অপারেশন করার কথা। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসক আগত রোগীদের যে ক্লিনিকে তিনি প্রাকটিস করেন সেখানে যেতে বাধ্য করেন। একটি সিজারিয়ান অপারেশনের জন্য সরকার প্রায় তিন হাজার টাকা মূল্যের ওষুধ দিয়ে থাকে। এমনও অভিযোগ রয়েছে, খাতাকলমে তিনি সিজারিয়ান রোগী দেখিয়ে ওষুধপথ্য বিক্রি করেন। চিকিৎসক আবদুল মান্নান এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অবেদনবিদ (অ্যানেস্থেসিস্ট) চিকিৎসক বর্তমানে অসুস্থ থাকায় হয়তো বা দু-একজন গর্ভবতী রোগীকে সদর হাসপাতাল কিংবা অন্যত্র যেতে বলা হয়েছে। কোনো রোগীকে বাধ্য করা হয়নি। এখানে প্রতি মাসে ২৫ থেকে ৩০টি নরমাল ডেলিভারি এবং ১৫ থেকে ১৬টি সিজারিয়ান অপারেশন করা হয়।’