একজন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ডাক্তারের সন্ধান পাওয়া যায় না। হাসপাতালে আসলেই শুনি ডাক্তার নেই। আমরা গরিব মানুষ চিকিৎসা নিতে কোথায় যামু। গ্রাম থেকে অনেক কষ্ট করে উপজেলা সদরে চিকিৎসা নিতে আসি। ডাক্তার না পেয়ে ফিরে যাই।’ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় জয়নগর গ্রামের বাসিন্দা শাহ আলম সরদার (৪৫)।সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে রোগীর ভিড়, সামনে এগিয়ে দেখা যায় কক্ষে কোনো চিকিৎসক নেই। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে কর্মরত একমাত্র চিকিৎসক (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ইমরান আহম্মেদ আন্তবিভাগে মুমূর্ষু রোগীর সেবা দিতে ব্যস্ত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল হক নিজ কক্ষে প্রশাসনিক কার্যক্রম করছেন। ৩১ শয্যার হাসপাতালে সব সময় রোগী ভর্তি থাকে ৬০ থেকে ৭০ জন। রোগীদের হাসপাতালের বারান্দা ও মেঝেতে থাকতে দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নয়জন চিকিৎসকের পদ রয়েছে ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক চিকিৎসক কর্মকর্তা কর্মরত আছেন। চিকিৎসকের শূন্যপদগুলো জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), অ্যানেসথেসিয়া, সার্জারি ও গাইনি, চিকিৎসা কর্মকর্তা দুটি ও ডেন্টাল সার্জন। নার্সিং সুপারভাইজারের পদটিও শূন্য রয়েছে। স্টাফনার্সের নয়টি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে। কালু বেপারী কান্দি গ্রামের আলী আকবর বেপারী (৪০) বলেন, ‘পেটের পীড়া দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে সময়মতো ডাক্তার, নার্স কাউকে পাওয়া যায় না। বেড না পেয়ে বারান্দায় থাকতে হচ্ছে। এ হাসপাতালে ভর্তি না হলে ভালো হতো।’মুলনা ইউনিয়নের ছাব্বিশপাড়া গ্রামের আব্দুল মান্নান মাদবর (৫৫) বলেন, ‘আমি প্রচণ্ড অসুস্থ, কয়েক ঘণ্টা যাবৎ অপেক্ষা করছি, ডাক্তার নেই। প্রায়ই হাসপাতালে এমন দৃশ্য দেখা যায়। আমরা গরিব মানুষ চিকিৎসা নিতে অন্য কোথাও যেতে পারি না।’পুষ্পনগর এলাকার ইরানী আক্তার (২৮) বলেন, ‘আমার আট মাস বয়সী ছেলে মাহিমের ঠান্ডাজনিত সমস্যা। এখানে এসে দেখি ডাক্তার নেই। তার পরও ভর্তি করেছি। আল্লাই জানে, চিকিৎসাসেবা পাওয়া যাবে কি না।’জাজিরা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘চিকিৎসক ও নার্স-সংকটে হাসপাতালের চিকিৎসাসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একজন ডাক্তারের পক্ষে একটি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। স্বাস্থ্যসেবা কমিটির সভায় বিষয়টি স্থানীয় সাংসদকে অবহিত করেছি।’শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সারোয়ার বলেন, ‘জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটের বিষয়টি আমি জানি। সেখানে দ্রুত ডাক্তার ও নার্স পদায়নের জন্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছি।’