সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রটি মাত্র একজন চিকিৎসা সহকারী দিয়ে চলছে। কিছুদিন ধরে তিনিও কর্মস্থলে অনুপস্থিত থাকায় বর্তমানে এখানে তালা ঝুলছে। ফলে সেলবরষ ও পার্শ্ববর্তী পাইকুরাটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক লোকজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তা ছাড়া এখানে নেই প্রয়োজনীয় ওষুধ, নেই কেন্দ্রটির নিজস্ব ভবনও। দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ আধাপাকা ভবনে ভাড়াটে ঘরে এর কার্যক্রম চলেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে চারটি পদের বিপরীতে রয়েছেন মাত্র একজন। চিকিৎসা কর্মকর্তা আজিম উদ্দিন ২০০৮ সালের ২১ ডিসেম্বর এখানে যোগ দেন। তিনি এত দিন যথারীতি দায়িত্ব পালন করে এলেও গত বছরের ২২ নভেম্বর অন্যত্র বদলি হলে চিকিৎসা সহকারী দেবব্রত গোস্বামী একাই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৯ ফেব্রুয়ারি থেকে তিনিও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া এখানে একজন কম্পাউন্ডার, একজন এমএলএসএসের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ পাওয়া যায়। চিকিৎসা নিতে আসা ১৫-২০ জন নারী-পুরুষকে কেন্দ্রটির বারান্দায় অপেক্ষা করতে দেখা যায়। তাঁদের মধ্যে কথা হয় সলপ গ্রামের আছিয়া বানুর (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘এক সাপ্তা ধইরা এইহানে আইতাছি আর যাইতাছি। হেইন (ডা.) আইন না। বয়স অইছে, অত দূর পায়ে হাইট্টা হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) যাইতাও পারতাছি না। এইডা আর খুলব না কিতা আল্লায় জানে।’ চিকিৎসক অনুপস্থিত থাকার কথাটি মাথা নেড়ে সায় দিয়ে অন্যরাও একই অভিব্যক্তি প্রকাশ করলেন। গাছতলা গ্রামের রিকশাচালক মো. সুলতান মিয়া (৩৪) বলেন, ‘এইডা মাঝেমধ্যে খুলা অয়, অনেক সময় বন্ধ থাহে। এইহানে প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া কিছুই মেলে না।’ বীরদক্ষিণ গ্রামের শিক্ষিত বেকার যুবক মো. মাসুদ রানা বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, কিন্তু চিকিৎসক না থাকায় এখানকার দরিদ্র জনগণকে চিকিৎসাসেবা পেতে ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। লোকবল বৃদ্ধি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। বাদশাগঞ্জ বাজারের চা-বিক্রেতা মো. রবু চান (২৮) বলেন, ‘হাসপাতালডা তো নিজেই রোগী, দরজা-জানালা ভাঙা, তাই ডাক্তার আইয়াও বেশি দিন থাকতে চাইন না। এইহানে একজন বড় ডাক্তার (চিকিৎসা কর্মকর্তা) দিলে আমরার মতো গরিবরার লাইগা খুব উপকার অইত।’ সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ্ বলেন, ‘এমনিতেই হাওর এলাকার লোকজন নানা দিক দিয়ে অবহেলিত। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ উপ-স্বাস্থ্যকেন্দ্রটির দূরত্ব প্রায় সাড়ে সাত কিলোমিটার। তাই অধিকাংশ দরিদ্র মানুষ সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারে। আগামী উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভায় এ উপ-স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক অবস্থা তুলে ধরব।’ চিকিৎসা সহকারী দেবব্রত গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কয়েক দিন ছুটিতে থাকায় কর্মস্থলে যেতে পারিনি। বর্তমানে এসএসসি পরীক্ষার পরীক্ষাকেন্দ্রে মেডিকেল টিমের দায়িত্ব পালন করায় আমি নিয়মিত সেখানে যেতে পারছি না। ভবনটির সংস্কারের ব্যাপারে মালিকপক্ষকে একাধিকবার অবগত করলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ ছাড়া যাবতীয় সমস্যার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, লোকবলের অভাবে চিকিৎসাসেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে যাতে পুরোপুরি ব্যাঘাত না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ওষুধ, ভবনসহ নানাবিধ সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।