একজন জাকিরকে গুলি, পিটুনি ও আর্তনাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স ও থানাকে পৃথক করেছে বাসিয়া নদী। এ নদীর ওপর স্থাপিত সেতু এলাকা গতকাল সোমবার রণক্ষেত্রে পরিণত হয়। সেতুর ওপার থেকে বিক্ষোভকারীরা এপারে আসার চেষ্টা করাতেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বেলা তিনটায় বাসিয়া সেতুর ওপর পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে চলে ১০-১৫ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় বিক্ষোভকারীদের মিছিল থেকে একজন মাত্র যুবক হয়েছিলেন পুলিশের মুখোমুখি। ওই যুবকের নাম জাকির হোসেন (২৮)। তাঁর বাড়ি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইলাম গ্রামে। বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন জানান, জাকির যুবদলের কর্মী।সরেজমিনে দেখা গেছে, বাসিয়া সেতুর ওপর যে মিছিলটি ছিল, সেখান থেকে পুলিশের ওপর ছোড়া হচ্ছিল ঢিল। একের পর এক ঢিলের কারণে পুলিশও এগোতে পারছিল না। একসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে ধাওয়া করে। রাবার বুলেট জাকিরের পায়ে বিদ্ধ হয়। এরপর জাকির আবার তেড়ে আসেন পুলিশের দিকে। এই পর্যায়ে পুলিশ পায়ে গুলি করে। জাকির লুটিয়ে পড়েন মাটিতে। এরপর জাকিরকে পুলিশ হেফাজতে নিয়ে চলে বেদম মারধর।একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জাকিরকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। পরে জাকিরকে সেতুর ওপর আরও ১০ মিনিটের মতো পড়ে থাকতে দেখা গেছে। জাকিরের পা ও পেট থেকে তখন রক্ত ঝরছিল। হাত উঠিয়ে তাঁকে উদ্ধার করার জন্য কয়েক দফা আর্তনাদ করছিলেন জাকির। কিন্তু আশপাশে তখন কেউ না থাকায় তিনি সেভাবেই পড়ে ছিলেন। শেষে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। জাকির সেতুর ওপর এভাবে পড়ে থাকায় প্রথমত তাঁকে নিয়ে নিহত হওয়ার গুজব ছড়ানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, জাকির অস্ত্রোপচার কক্ষে আছেন। অস্ত্রোপচার কক্ষে কর্তব্যরত সার্জারি বিভাগের চিকিৎসক মোস্তফা তৌফিক জানান, দুজন পুলিশসহ আরও এক ব্যক্তির অস্ত্রোপচার হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।জাকির পুলিশের হাতে ধরা পড়ার পরও তাঁকে কারা মারধর করেছেন, এ ব্যাপারে তাৎক্ষণিক খোঁজ নিয়ে জানা যায়, এ সময় তাঁর আশপাশে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন। ছবিতে দেখা গেছে, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেনও ঘটনাস্থলে ছিলেন।প্রথম আলোর সিলেট কার্যালয় থেকে ফোনে ছাত্রলীগের নেতা আলতাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে সংঘর্ষে সে (জাকির) আহত হয়েছে। আমরা পরিস্থিতির কারণে সেখানে ছিলাম। তবে কাউকে মারধর করিনি। আমি ব্যক্তিগত জীবনে কোনো দিন হাতে লাঠিও নিইনি।’