গোপন আদালতের বিচারে লে. কর্নেল এম এ তাহেরের মৃত্যুদণ্ড একটি হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত একজনের নাম বলতে হলে, তিনি হলেন জিয়াউর রহমান। বিচারের আগেই তিনি তাহেরের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছিলেন। গতকাল সোমবার দুপুরে হাইকোর্টে হাজির হয়ে তাহেরের গোপন বিচার সম্পর্কে এমন বক্তব্য তুলে ধরেন মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।গত ২০ জানুয়ারি হাইকোর্ট লিফশুলজকে বক্তব্য দিতে অনুরোধ জানান। ২৬ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে তাঁকে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও পররাষ্ট্রসচিবকে যোগাযোগ করতে বলা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তবে এরই মধ্যে তিনি ই-মেইলে জানান, ছেলের অসুস্থতা এবং একটি পারিবারিক কারণে ফেব্রুয়ারির শেষ ভাগের আগে ঢাকায় তাঁর উপস্থিত হওয়া সম্ভব নয়। ই-মেইলে লিফশুলজের পাঠানো বক্তব্য ৩ ফেব্রুয়ারি আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি তিনি দুই সপ্তাহের মধ্যে ঢাকায় আসার কথা জানান। গতকাল আদালতে হলফনামা আকারে নিজ বক্তব্য তুলে ধরেন তিনি।আদালত চত্বরে লিফশুলজ: বেলা পৌনে ১১টায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের কার্যালয়ে আসেন মার্কিন সাংবাদিক লিফশুলজ। কথা হয় সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী ঘটনার নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরতান্ত্রিক শাসন-প্রক্রিয়ায় তিনি কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছিলেন। তাঁর (জিয়া) সঙ্গে মোশতাক, ফারুক ও রশীদ গংয়ের যোগসূত্র ছিল। তবে জিয়া কখনো সামনে আসেননি।’ লরেন্স লিফশুলজ আরও বলেন, ‘লন্ডনে আমাকে দেওয়া এক সাক্ষাৎকারে রশীদ বলেছিলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে তাঁর (জিয়া) সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। এরপর জিয়া ৭ নভেম্বর স্বরূপে আবির্ভূত হন।’ মার্কিন এই সাংবাদিক মনে করেন, নতুন প্রজন্মের এ বিষয়ে জানার আগ্রহ আছে। তাঁর প্রশ্ন, দীর্ঘ ৩৫ বছর ধরে কেন এ ঘটনার বিচার হলো না? বেলা সাড়ে ১১টার দিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও কর্নেল তাহেরের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।আদালতে লিফশুলজ: বেলা সোয়া দুইটার দিকে এজলাসে যান লরেন্স লিফশুলজ। শুরুতে কিছু প্রশ্নের জবাব দেন তিনি। এরপর আড়াইটার দিকে নয় পৃষ্ঠার লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি। স্বেচ্ছায় বক্তব্য দিতে আসার জন্য লরেন্স লিফশুলজকে স্বাগত জানান আদালত। আদালত বলেন, এটা ঐতিহাসিক ও সাংবিধানিক বিষয়। এরপর আদালতের বিভিন্ন প্রশ্নের জবাবে লিফশুলজ তাঁর নাম, ঠিকানা, সাংবাদিকতা পেশা ও জীবনবৃত্তান্ত তুলে ধরেন।৩৫ বছরের অপেক্ষা: লিফশুলজ বলেন, ‘আজ এই আদালতে আপনাদের সামনে উপস্থিত হওয়াটা আমার জীবনে অন্যতম সম্মানজনক বিষয়। আদালত মামলাটির বিষয়ে রায় দেওয়ার শেষ প্রান্তে এসে দ্বিতীয়বারের মতো আমাকে হাজির হওয়ার অনুরোধ করেন। পরিস্থিতি পাল্টেছে, তাই আমি ঢাকায় এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই এখানে হাজির হয়েছি সভ্য সমাজের অন্যতম অপরিহার্য এক উপাদানের জন্য—তা হলো “স্মৃতি”। প্রায় ৩৫ বছর আগে এই নগরে কী ঘটেছিল, তা স্মরণ করতে আমরা এসেছি। সেই সময়ের কথা আমাদের কারও কারও ভালোই স্মরণে আছে। অন্যরা তখন সবেমাত্র শিশু। তবে আমরা এখানে হাজির হয়েছি, কেননা আমাদের অনেকে বিস্মৃতিকে প্রত্যাখ্যান করেছি। এটা স্মৃতির প্রতি আমাদের দায়। ৩৫ বছর ধরে আশা করেছিলাম, একদিন আমি আদালতকক্ষে দাঁড়াব, যেখানে জানব শিগগিরই তাহেরের বিচারসংক্রান্ত মামলার রায় হবে। আর সেই রায়ে ঘোষিত হবে তাহেরের বিচার ও ফাঁসি অবৈধ কি না, এবং তা তাঁর সাংবিধানিক ও মানবাধিকারের মৌলিক লঙ্ঘন ছিল কি না।’মওদুদ সম্পর্কে: জানুয়ারির শেষে মওদুদ আহমদ আমার লেখা উদ্ধৃত করে গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য তুলে ধরেন, যার প্রায় প্রতিটি ভুলভাবে উপস্থাপিত। একসময় আমি মওদুদকে তরুণ মানবাধিকারকর্মী ও আইনজীবী হিসেবে জানতাম। তরুণ মওদুদকে যে আদর্শের অধিকারী হিসেবে জানতাম, তা থেকে তিনি অনেক দূরে সরে গেছেন। যখন তাঁর সঙ্গী ছিলাম, তখন থেকে তিনি অনেক দূরে সরে গেছেন। মওদুদ আহমেদ দাবি করেন, জিয়াউর রহমান ৪৬ জন ‘প্রত্যাবাসিত’ কর্মকর্তাকে জড়ো করেছিলেন তাহেরকে কি সাজা দেওয়া উচিত, সে ব্যাপারে আলোচনার জন্য। এটা সবার জানা যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কোনো সামরিক কর্মকর্তাই বিশেষ সামরিক ট্রাইব্যুনালে কাজ করতে রাজি ছিলেন না। কিন্তু জেনারেল জিয়ার প্রত্যাবাসিত কর্মকর্তাদের ওই বৈঠক তাহেরের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। তাঁরা তাহেরকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন। মওদুদ দাবি করেন, তাঁর দাবির সূত্র জেনারেল জিয়া নিজেই।বিচার সম্পর্কে: লিফশুলজ বলেন, ‘আমি আমার হলফনামায় ইঙ্গিত করেছিলাম, ট্রায়ালে যা ঘটেছে তা আমি বিশ্বাস করি না। এটা এমনকি ‘প্রকাশ্য ট্রায়াল’ নয়। কারণ সামরিক সরকার এটাকে প্রকাশ্যে করতে চায়নি। জেনারেল জিয়ার প্রশাসন আশঙ্কা করেছিল, স্বাধীন আদালতে তাদের এজেন্ডা বাস্তবায়িত হবে না।‘গত ৩১ জানুয়ারির হলফনামায় আমি জেনারেল মোহাম্মদ মঞ্জুরের সঙ্গে বিশেষ ট্রাইব্যুনাল শুরুর এক মাস আগে তাঁর সেনানিবাসের কার্যালয়ে কীভাবে সাক্ষাৎ করেছি, তার কিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি। ওই সময় মঞ্জুর ছিলেন চিফ অব জেনারেল স্টাফ। কয়েক বছর ধরে আমি মঞ্জুরকে জানতাম। আমি বর্ণনা করেছি, কীভাবে মঞ্জুর তাহেরের বিচারের তথাকথিত ট্রায়ালের বিরোধিতা করেছেন। তখন তিনি আমাকে বলেছেন, তথাকথিত বিচার-প্রক্রিয়া বন্ধ করতে তিনি সবকিছু করছেন। স্পষ্টত মঞ্জুর ছিলেন তাহেরের বিচার-প্রক্রিয়ার বিরোধী।’ তিনি বলেন, ক্ষমতার এই মানুষগুলো চিন্তা করেনি, এই ইতিহাস হারিয়ে যাবে না, প্রকাশ পাবে।জয়া তাহের প্রসঙ্গ: লিফশুলজ বলেন, ‘অনেকের মতো আমিও কয়েক দশক ধরে আজকের এই দিনের প্রতীক্ষায় ছিলাম। গত সপ্তাহে তাহেরের মেয়ে জয়া জানালেন, “আমি পুরো জীবন ধরে এ মুহূর্তের জন্য প্রতীক্ষা করেছি।” বাবার মৃত্যুর সময় জয়ার বয়স ছিল পাঁচ বছর। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, জীবনব্যাপী অপেক্ষার পর তাহেরের জন্য ন্যায়বিচার পেতে অনেকে এখানে এসেছেন।’নয় পৃষ্ঠা বক্তব্যের শেষ পৃষ্ঠায় ছিল বড় ভাইয়ের উদ্দেশে লুৎফা তাহেরের লেখা চিঠি। এ চিঠিটি তাঁর ছেলে আবু কায়সার পাঠ করবেন বলে জানান লিফশুলজ। এরপর ওই চিঠি পাঠ করেন তিনি। চিঠির অংশবিশেষে আছে, ‘আমি চিন্তা করতে পারছি না আজ কী লিখব। আমি অনুভব করতে পারি না যে তাহের পাশে নেই।...জীবিত অবস্থায় তাহের আমাকে বাঙালি নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মান এনে দিয়েছে।’এরপর আদালতের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লিফশুলজ। ওই সময় আদালতকক্ষে প্রবেশ করতে পেরেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে লিফশুলজ বলেন, ‘না।’ ওই হত্যার সঙ্গে জড়িতদের নাম বলেন, অন্তত একজন—জবাবে তিনি বলেন, ‘জেনারেল জিয়া।’ নেপথ্যে কী ঘটেছিল ও জিয়ার ভূমিকা প্রশ্নে লিফশুলজ বলেন, ‘তিনি জটিল প্রকৃতির ব্যক্তি ছিলেন।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক উপাদান থাকায় তাহের মামলার সংবাদ সংগ্রহে আগ্রহী হয়েছিলেন।হাসানুল হক ইনু, কর্নেল তাহেরের ভাই অধ্যাপক আনোয়ার হোসেন, লুৎফা তাহের, ছেলে আবু কায়সার, ফাতেমা ইউসুফসহ পরিবারের সদস্যরা গতকাল হাইকোর্টে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।আদালত থেকে বেরিয়ে: আদালত থেকে বেরিয়ে বিকেল পৌনে চারটার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লিফশুলজ। শুরুতে ইনু বলেন, গোপন বিচারের মাধ্যমে কর্নেল তাহেরকে ১৯৭৬ সালে হত্যা করা হয়। ওই সময় লরেন্স লিফশুলজ সংবাদ সংগ্রহ করতে বাংলাদেশে এসেছিলেন। তবে তাঁকে গ্রেপ্তার করে এক কাপড়ে দেশ থেকে বের করে দেওয়া হয়। লিফশুলজ বলেন, ১৯৭৬ সালের জুলাই মাসে বিচার হয়। কারাভ্যন্তরে বিচার হয়, এটা বিচার নয়। এটা সাংবিধানিক বিচার নয়। এটা মানবাধিকারের লঙ্ঘন। একে হত্যাকাণ্ড অভিহিত করে তিনি বলেন, কোনো কাগজপত্র নেই, তথ্য-প্রমাণও পাওয়া যায়নি। জিয়া ব্যক্তিগতভাবে বিচারের সিদ্ধান্ত নিয়েছিলেন। ৩৫ বছর পর বিচার শুরু এবং দেশের বিচার বিভাগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে লিফশুলজ বলেন, বিচার বিভাগ এগিয়ে চলেছে। বিচার বিভাগ সাহসী ভূমিকা রাখবে। ফিরে দেখা: মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। এই গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাহেরের ভাই অধ্যাপক আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ ছাড়া ওই সময় গোপন বিচারের মুখোমুখি অপর পাঁচ ব্যক্তির হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল করেন। তাঁরা হলেন: জাসদের হাসানুল হক ইনু ও রবিউল আলম, অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আবদুল হাই মজুমদার, করপোরাল শামসুল হক ও আবদুল মজিদ। এখন রিটের ওপর চূড়ান্ত শুনানি চলছে।