একজন পথিকৃতের জীবনীগ্রন্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনের প্রবেশদ্বারের এক কোণে উজ্জ্বল হয়ে জ্বলছে প্রদীপ।আর ভেতরে অসংখ্য আলোকিত মানুষের আনাগোনা। সবকিছু ছাপিয়ে এই আলোকোজ্জ্বল সন্ধ্যাটি আরও আলোকিত হয়ে ওঠে তখন, যখন যাকে নিয়ে এই আয়োজন, তাঁর পেছনের সংগ্রামের গল্পটুকু শোনা যায়। আয়োজনটি বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী সাইদা খানমকে নিয়ে। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় ছায়ানট ভবনের সেমিনার হলে সাইদা খানমের জন্মদিনে তাঁর জীবন কাহিনি নিয়ে এই ‘স্মৃতির পথ বেয়ে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর অনুজ বন্ধুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আনিসুজ্জামান। মঞ্চে এসে একে একে শুভেচ্ছা জানান মুস্তাফা মনোয়ার, তাসমিমা হোসেন, আলেয়া ফেরদৌসী, শহীদুল আলম, মুনিরা মোরশেদ মুন্নীসহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্যে কথাশিল্পী সৈয়দ শামসুল হক বলেন, ‘কানন বালা, সুচিত্রা সেন, সত্যজিৎ রায়, কণিকা বন্দ্যোপাধ্যায়সহ উপমহাদেশের আরও অনেক খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে কাজ করেছেন সাইদা খানম। কিন্তু কখনই তিনি তাঁর আচরণে এই গরিমা প্রকাশ করেননি। যা এখনকার মানুষের মধ্যে খুবই বিরল বললে ভুল হবে, এ রকম খুঁজেও পাওয়া যায় না।’ মুস্তাফা মনোয়ার বলেন, পঞ্চাশের দশকে যখন কিনা ধর্মের দোহাই দিয়ে ছেলেদেরই ছবি তুলতে দেওয়া হতো না, সেই সময় সাঈদা যে সাহসিকতা নিয়ে এগিয়ে এসেছেন, তা আসলে সত্যিই প্রশংসার দাবিদার। মঞ্চে এসে একই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সন্জীদা খাতুন। যে মানুষটি অগ্রদূত হয়ে যাঁদের যাত্রাকে সহজ করে দিয়েছেন, সেই আলোকিত নারী সাইদা খানমের আনন্দময় এই দিনটিকে ক্যামেরায় বন্দী করতে এসেছিলেন কয়েকজন আলোকচিত্রী—কাকলী প্রধান, মুনিরা মোরশেদ, মাসুমা পিয়াসহ আরও অনেকে।সাঈদা খানম তাঁর বক্তব্যে বলেন, ‘নারী আলোকচিত্রী হয়ে কাজ করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। তার পরও দমে যাইনি। আজ জীবনের এই শেষ প্রান্তে এসে যখন দেখি নতুন প্রজন্মের মেয়েদের, যাঁরা ক্যামেরা হাতে ছবি তোলার জন্য ছুটে বেড়াচ্ছেন এখানে সেখানে, তখন ওঁদের দেখে এত ভালো লাগে যে নিজেকে তখন ঝরে পড়ার আগে রঙিন পাতার মতো মনে হয়। ওঁদের দেখে চোখ দুটিও যেন ক্যামেরার লেন্সের মতো আবারও জীবনের রং খুঁজে বেড়ায়।’ এরপর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইটিতে উঠে এসেছে সেই সময়কার কঠোর সমাজ-ব্যবস্থায় আলোকচিত্রীর মতো চ্যালেঞ্জিং পেশা গ্রহণ করা, মুক্তিযুদ্ধ, সত্যজিৎ রায়ের কথা, শান্তিনিকেতনসহ সাইদা খানমের জীবনের শ্রেষ্ঠতম দিনগুলোর কথা।বইটির মুখবন্ধে তিনি লিখেছেন, ‘মা ও খালার গভীর স্নেহের তলে আমার জীবন ছিল স্বাধীন, আর বৈচিত্র্যের আলো-ছায়ার অভিজ্ঞতায় ভরা।’ এ বইয়ে সেই বৈচিত্র্যময় অভিজ্ঞতাগুলোই তিনি ভাগ করে নিতে চেয়েছেন সবার সঙ্গে। বইটির শেষের দিকে রয়েছে সাইদা খানমের ক্যামেরায় তোলা বেশ কিছু দুর্লভ ছবি। বইটি তিনি উৎসর্গ করেছেন তাঁর সুদূর প্রবাসী পরম স্নেহের বোনঝি ও ভাইপোকে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোহসেনা আলী। বইটির দাম ১১৫০ টাকা।