একজন বৈমানিকের সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুজহাতের এখন খুব ভালো সময় কাটছে। মা থাকছেন বাসায়। সারাক্ষণ খেলাধুলা করে তার সঙ্গে। তাই তো সেদিন যখন ওদের বাসায় গিয়েছিলাম, বারবার মায়ের কাছে আসছিল। মায়ের কথা বলা হয়েছে কি না, মিষ্টি হেসে উঁকি দিচ্ছিল ঘরে। বলছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিসি-১০-এর ফার্স্ট অফিসার তানিয়া রেজা ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের মেয়ে নুজহাতের কথা। তানিয়া রেজা দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। মাতৃত্বকালীন ছুটি চলছে তাঁর। তাই তো পুরো সময়টা এখন নুজহাতের। বৈমানিক হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। আকাশে ওড়ার ইচ্ছাটাও। তবে বাস্তবতার মুখোমুখি হওয়ার পর পিছিয়ে পড়েন অনেকে। বিশেষ করে মেয়েরা। তাঁরা ভাবেন, হয়তো শুধু কাজের পেছনে ছুটতে হবে। নিজের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না। সংসার করা হবে না। কিংবা মা হতে চাইলে নানামুখী সমস্যায় পড়তে হবে। এমন সমস্যা তানিয়ার হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আসলে আমি খুবই ভাগ্যবান। কখনোই আমাকে ঝামেলায় পড়তে হয়নি। তবে এর জন্য পরিবারের পূর্ণ সমর্থন আর সহযোগিতা দরকার। যা আমি সব সময় পাই। বিশেষ করে আমার মেয়ের দেখভাল আমার মা, শাশুড়ি ও ফেরদৌস করেন। তখন আমি নিশ্চিন্তে ফ্লাইটে যেতে পারি। আমি বাসায় থাকলে সবাই মিলে কাজ ভাগ করে নিই। ফেরদৌসের সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো। আমার ব্যস্ততা দেখলে ও নিজে থেকেই সব কাজে সাহায্য করে। ফলে কোনো সমস্যা হয় না আমাদের। আর সব সময় ভেবেছি, আমার পেশাকে যে গ্রহণ করবে তাঁকেই বিয়ে করব। আমার পেশাকে শ্রদ্ধা করলে আমাকেও করা হবে। বিয়ের জন্য চাকরি ছাড়তে হবে, এমনটা ঠিক নয়। এই শ্রদ্ধা আর সমর্থন ফেরদৌসের কাছ থেকে পেয়েছি, এখনো পাচ্ছি।তানিয়া বলেন, মা হতে যাচ্ছেন, এটি বিমান কর্তৃপক্ষকে নিশ্চিত করলে তারা আর কোনো ফ্লাইটে যাওয়ার অনুমতি দেয় না। অর্জিত ছুটি থেকে এ সময় কাটাতে হয়। এ জন্য অর্জিত ছুটি জমা রাখতে হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষেরও বিশেষ নিয়ম থাকা উচিত। কেননা যাঁরা মা হতে চান, তাঁদের যদি কোনো কারণে অর্জিত ছুটি না থাকে, তখন তাঁরা কী করবেন। আর কোনো কারণে পরে তাঁর ছুটির দরকার হলে সে ক্ষেত্রে তারা কী করবে, সেটি সম্পর্কে কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। তাহলে অনেক মেয়েই এ পেশায় আসতে আগ্রহী হবেন। মা হওয়া নিয়ে তাঁদের মনে কোনো সংশয় থাকবে না। তা ছাড়া অন্যান্য পেশায় এত দিনের বিরতি হলে আবার ফিরতে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে চাকরি হয়তো থাকে না। আমাদের এ ধরনের কোনো অসুবিধা হয় না। বিরতির পর পুরো কোর্সটা আবার স্বল্প সময়ে করতে হয়। এ প্রশিক্ষণ শেষে পরীক্ষা দিতে হয়। পাস করলে আবার যোগ দিতে পারব। এর মধ্যে মেডিকেল পরীক্ষা করা হয়। ফ্লাইটের জন্য উপযুক্ত মনে করলে, তবেই পুরোপুরি কাজ করতে পারি। নুজহাত জন্মের তিন মাস পর ফ্লাইটে গিয়েছিলাম। কী যে কষ্ট হয়েছিল। জন্মের পর থেকেই আমার ফ্লাইট নিয়ে ওর সঙ্গে কথা বলতাম। জানি, ও বুঝছে না, তবুও বলতাম। হাত উঠিয়ে বিদায় দেওয়া শেখাতেন মা। ধীরে ধীরে নুজহাত সব বুঝছে। এখন তো যাওয়ার আগে ওর প্রিয় জিনিসের তালিকা করে দেয়। যখন কাজে ব্যস্ত থাকি, তখন বেশি খারাপ লাগে না। তবে বাইরে গিয়ে একটু একা থাকলেই মেয়ের কথা, ফেরদৌসের কথা মনে পড়ে। এটা আসলে বলে বোঝানোর মতো নয়। অন্তত একদিন আগে আমাদের ফ্লাইটের সময় জানিয়ে দেওয়া হয়। সেভাবেই তখন বাসার সবকিছু গুছিয়ে নিই। মেয়েকে বলি। সানবিমস স্কুলের নার্সারি পড়ুয়া নুজহাত খুব বাবা ভক্ত। তবে মায়ের পেশার প্রতি আকর্ষণ বেশি। সে-ও মায়ের মতো বিমান চালাতে চায়। তবে নাচ বেশ পছন্দ করে। মাঝেমধ্যে ফেরদৌস তাকে নাচের অনুষ্ঠানে নিয়ে যায়। খুব খুশি হয়।আপনি বিমানের আসনে, আর স্বামী, সন্তান যাত্রী এমন কখনো হয়েছে?তানিয়া রেজা হেসে বলেন, হয়নি আবার। তবে বেশির ভাগ সময়ই অদ্ভুত ঘটনা ঘটে। কোনো না কোনো সমস্যা হয়। হয়তো পুরো বিষয়টি কাকতালীয়। দেখা গেল ফ্লাইট বিলম্ব। একবার তো লন্ডন যাচ্ছিলাম। সেবার দুবাই থেকে ফিরে আসতে হয়েছিল। পর দিন আবার রওনা দিয়েছিলাম। ফেরদৌস আর আমার মেয়ে খুব উপভোগ করে। তখন তো দেখা হয় না। কিন্তু পরে ওরা বলে। আরেকটি বিষয়, ঈদে কখনোই আমার ফ্লাইট পড়েনি। তাই পরিবার ছাড়া ঈদ করার কষ্ট পেতে হয়নি। এবারের ঈদেও সব ভাইবোনের সঙ্গে দেখা করেছি। ফেরদৌসও সময় দিতে পেরেছে। ছুটির দিনে সাংসারিক কাজ করি। বাইরের কোনো কাজ থাকলে সেটাও সেরে ফেলি। বাকি সময়টুকু মেয়ের খেলার সঙ্গী। এভাবেই কেটে যাচ্ছে দিন। আর অপেক্ষা করছি অনাগত সন্তানের জন্য। মেয়েকে কাছে নিয়ে তানিয়া বলেন, ‘আমি খুব সুখী আমার পরিবার, সন্তান, স্বামী আর পেশা নিয়ে। এখন শুধু একটাই চাওয়া, অনাগত সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। মা হিসেবে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার।’