একজন ভারোত্তোলকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুন আনতে পান্তা ফুরোয়—এমন পরিবারে জন্ম। তবে কোনো প্রতিবন্ধকতাই তাঁকে আটকাতে পারেনি। হামিদুল ইসলামের ভারোত্তোলক হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন আবিদুল ইসলামগাংনীর আকাশে ভোরের সূর্য ওঠে, ঘোষণা করে নতুন দিনের। ভোরের নরম আলোর তেজ বাড়ে ধীরে ধীরে। ঘোষণা করে নতুন সম্ভাবনার। আমরা করব জয়—অনাগত ভবিষ্যেক রঙিন করার শপথ কণ্ঠে ধরে গাংনীর ছেলেমেয়েরা সার বেঁধে হাঁটে পাঠশালার পথে। রোজ এ বেলায় একটি ছেলে আনমনে চেয়ে চেয়ে দেখে এই দৃশ্য। এই মিছিলের অংশ হতে খুব ইচ্ছে করে তার। কিন্তু সে পারে না। বয়স কতই আর হবে ছেলেটির, সাত কি আট। বড়জোড় ১০। জীবনের কঠিন বাস্তব তাকে ওই কোমল বয়সেই নিয়ে গেছে জীবিকার পথে। ছেলেটির নাম হামিদুল ইসলাম। কাজ করে হোটেলে। কাজ করে আর রোজ আনমনে ছেলেমেয়েদের পাঠশালা-যাত্রা দেখে। মনে মনে ওদের সঙ্গে হামিদুলও কণ্ঠ মেলায়—আমরা করব জয়। আনমনে কণ্ঠ মেলাতে মেলাতে কখন যে আমরা আমি হয়ে যায়, হামিদুল খেয়াল করে না। অস্ফুটে সে গাইতে থাকে—আমি করব জয়! সংবিত্ ফেরে ম্যানেজারের কাজে তাড়া দেওয়ার—হামিদুল কী ভাবছিস রে? কী ভাবছে? হামিদুল নিজেও নিজেকে প্রশ্ন করে। জয়, জয় করতে হবে। নিজেকে ক্রমেই ছাড়িয়ে যেতে হবে, জয় করতে হবে মানুষকে, অভাবকে—প্রশ্নের উত্তরও পেয়ে যায় হামিদুল। কিন্তু কীভাবে? সে তো পড়ালেখা জানে না। অভাব কেড়ে নিয়েছে তাঁর লেখাপড়ার সুযোগ। অনেক ভেবে হামিদুল স্থির করে খেলাধুলা দিয়েও তো অনেক কিছু জয় করা সম্ভব। ওই ভাবনার পর থেকেই হামিদুলের মাঠযাত্রার শুরু।মামা হাবিবুর রহমানের হোটেলে কাজ করত বলে সারা দিন পরিশ্রমের পর বিকেলে একটু বিশ্রাম মিলত। সেই বিশ্রামের সময়েই ফুটবল খেলতে পাড়ার মাঠে দৌড় দিত ছোট্ট হামিদুল। ধীরে ধীরে বয়স বাড়ে। কৈশোর আর শৈশবের খোলস ছেড়ে যুবকের প্রথম সিঁড়িতে পা রাখে হামিদুল। ফুটবলটাও ভালোই খেলে যুবক হামিদুল। ভালো খেলোয়াড় হিসেবে গাংনীতে নামডাকও ছড়াতে শুরু করে। মাঝেমধ্যে দূরের গ্রাম থেকেও খেলার ডাক আসত। তত দিনে চোখে স্বপ্নের মায়াঞ্জন আঁকতে শুরু করে যুবক হামিদুল, ফুটবলেই খুঁজে পায় জয় করার পথ। কিন্তু তখনো ওই যুবক জানত না, ফুটবল নয়; তার জন্য সাফল্য আর অর্জনের বরণডালা সাজিয়ে বসে আছে ভারোত্তোলন নামের একটি খেলা। যে খেলা দিয়েই সে পৌঁছাবে অর্জনের শিখরে, জয় করবে সবাইকে। হামিদুল তখন তা জানবেই বা কী করে! তখন যে সে ভারোত্তোলন খেলাটাই চেনে না।ভারোত্তোলনের সঙ্গে হামিদুলকে পরিচয় করিয়ে দেন মোয়াজ্জেম হোসেন। গাংনীর ধনী পরিবারের ছেলে মোয়াজ্জেম। খেলাধুলায় ছিল বিশেষ টান। কিন্তু ধর্মভীরু ধনী বাবা চাননি ছেলে খেলাধুলা করুক, ঘুরে বেড়াক উড়ণচণ্ডি হয়ে। তাই পড়ালেখা শেষ না করিয়ে গাংনী বাজারে দোকানে বসিয়ে দেন। রাতেও দোকানেই থাকতেন মোয়াজ্জেম। সেখানেই নিভৃতে চলত মোয়াজ্জেমের ভারোত্তোলন চর্চা। কবে, কোথায় টেলিভিশনে দেখেছিলেন খেলাটা, মনে ধরে গেছে। আর বাবার চোখ এড়িয়ে ঘরে বসে অন্য কোনো খেলাই বা অনুশীলন করা যেত!একদিন রাতের কাজ সেরে ঘুরতে ঘুরতে হামিদুল গেলেন মোয়াজ্জেমের দোকানে। গিয়ে দেখেন একটি বাঁশের দুই মাথায় বালুর বস্তা বেঁধে প্রাণপণে তোলার চেষ্টা করছেন মোয়াজ্জেম। ভাই কী করেন? ওজন তুলি—উত্তর দেন মোয়াজ্জেম। এটা তুলে কী হবে? মোয়াজ্জেম আবার উত্তর দেন, ‘এটা একটা খেলা। বেশি ওজন তুলতে পারলেই ফার্স্ট। ঢাকায় এ খেলা হয়। পুরস্কারও আছে।’‘তাই? দেখি আমি চেষ্টা করে পারি কি না’—এই বলে মোয়াজ্জেমের হাত থেকে ওজন বাঁধা বাঁশটা কেড়ে নিয়ে একবারেই তুলে ফেলেন হামিদুল। সঙ্গে সঙ্গে হামিদুলকে বুকে জড়িয়ে ধরেন মোয়াজ্জেম। ‘আমি কত দিন ধরে চেষ্টা করে পারছি না, আর তুই একবারে ৫০ কেজি তুলে ফেললি!’—বিস্ময়ের ঘোর কাটে না মোয়াজ্জেমের। হামিদুলের বড় হওয়ার স্বপ্নের কথা জানত গাংনীর সবাই-ই। মোয়াজ্জেম হামিদুলকে স্বপ্ন দেখায়—তুই এটা দিয়েই বড় হতে পারবি। পুরস্কার জিততে পারবি। আর খেলায় বড় হলে বড় মানুষও হতে পারবি। আমার সঙ্গে অনুশীলন কর। দেখিস আমরা একদিন কিছু একটা করে ফেলতে পারব।সেই থেকে শুরু হামিদুলের ভারোত্তোলন। আসলে ওজন অনেক আগে থেকেই তুলতে শুরু করেছেন হামিদুল। এতদিন শুধু পরিবারের বোঝা বইতেন। সেই থেকে পরিবারের বোঝার সঙ্গে বইতে শুরু করেছেন ভারোত্তোলন খেলার ওজন।ওই বালুর বোঝা বইতে বইতেই একদিন ঢাকায় আসেন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে। ভালোও করেন তিনি। চোখে পড়ে যান জাতীয় কোচদের। আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ভারোত্তোলনের কারণেই সেনাবাহিনীতে চাকরিও পেয়ে যান হামিদুল। সেই থেকে শুরু হয় তাঁর দেশের মানুষের আশা ও প্রত্যাশার ওজন তোলা। ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসে রুপা জিতেছিলেন। কিন্তু সবচেয়ে বড় সাফল্য যে এল এবারের এসএ গেমসে, সেই গল্প এখন সবারই জানা। এসএ গেমসে সোনা জিতে বাংলাদেশের ভারোত্তোলনে ইতিহাস তৈরি করেছেন। এখন তিনি বড় খেলোয়াড়। বড় তিনি মানুষ হিসেবেও। সেই ছোটবেলা থেকেই পরিবার আর গ্রামের মানুষ নিয়ে ভাবতে শিখেছেন হামিদুল। মুক্তিযোদ্ধা বাবা কখনো কসাইয়ের কাজ করেছেন, কখনো শ্রম বিক্রি করে সংসার চালাতে চেয়েছেন। এর পরও সংসারের ঘানি টানতে পারছিলেন না। এ কারণেই হামিদুল স্কুলের পথ ছেড়ে পা বাড়িয়েছিলেন জীবিকা অর্জনের পথে। নিজে মেহেরপুরের পিরোজপুর গ্রাম ছেড়ে গাংনীতে গিয়েছিলেন মামার হোটেলে কাজ করতে। নিয়ে গিয়েছিলেন ছোট দুই ভাই আসাদুল ওরফে আশরাফুল এবং একরামুল হককেও। পরে দুই ভাইকেও নিয়ে এসেছেন ভারোত্তোলনে। তিন ভাইয়েরই এখন আলাদা সংসার। তার পরও এখনো বিপদ-আপদে, সুখে-দুঃখে ভাইদের আগলে রাখেন। হামিদুল আগলে রাখেন সবাইকেই। গ্রামে কেউ কোনো বিপদে পড়লে তিনি হাত বাড়িয়ে দেন সহযোগিতার। এ কারণেই হামিদুলের সাফল্যে হামিদুল-পরিবারের সঙ্গে আনন্দে ভাসে গাংনী আর পিরোজপুরও। হামিদুলের সোনা জয়ের উত্সবে মিষ্টি কিনে বিতরণ করে গাঁয়ের লোকেরা। বুড়োরা কাজ ফেলে আর ছেলেমেয়েরা পড়াশোনো রেখে উত্সব করে হামিদুলের সোনা জয়ের। হামিদুলের বাবা-মায়ের কাছে তো তাঁদের ছেলে জগতের সবচেয়ে ভালো ছেলে। ‘আমাদের ছেলের কোনো তুলনা নেই। সোনার টুকরো ছেলে হামিদুল। আমরা আর কী বলব। আপনি গ্রামের মানুষের কাছেই জিজ্ঞেস করে দেখেন’—বলেন হামিদুলের বাবা-মা। হামিদুলের গ্রামেরই বাসিন্দা আখের আলী। ৪১ বছর বয়সী আখের আলী হামিদুলকে চেনেন ছোটবেলা থেকেই। তাঁর কথা, ‘ও অনেক ভালো ছেলে। সবার দোয়া আছে তো, তাই এত ভালো করতে পেরেছে।’ছোট দুই ভাইয়ের চোখে তো হামিদুল সাক্ষাত্ দেবতা। আপনাদের বড় ভাই খেলোয়াড় হিসেবে তো অনেক ভালো, মানুষ হিসেবে কেমন? এ প্রশ্নের উত্তরে আশরাফুল আর একরামুল সমস্বরে চেঁচিয়ে ওঠেন, ‘ভাই আমাদের নিজের চেয়েও বেশি ভালোবাসেন। অনেক সত্ লোকও।’ ভাইয়ের জন্য কী করতে পারবেন? উত্তর আসে, ‘সবকিছু।’ ধরেন কোনো একদিন তিন ভাই একই শ্রেণীতে লড়লেন, সোনার লড়াইটা হচ্ছে আপনাদের তিনজনের মধ্যে, তখন কী করবেন? আশরাফুল ও একরামুল চট করে উত্তর দেন, ‘ভাইকে সোনা দিয়ে দেব। শুধু সোনা কেন, ভাইয়ের জন্য আমরা প্রাণও দিতে পারি।’ হামিদুল কী করবেন? ‘ছোট ভাইদের জন্য আমিও প্রাণ দিতে পারি। তবে সোনার লড়াইয়ে ওদের ছাড়ব না। খেলা তো খেলাই। এখানে কোনো ভাই, বন্ধু নেই। সবাই প্রতিদ্বন্দ্বী’—হামিদুলের উত্তর। ছোট দুভাইকে ভারোত্তোলন শেখান। সে হিসেবে হামিদুল গুরুও! তিনি এ মন্ত্রটা ভাইদের শেখাতে পারেননি। তাহলে কি বলা যায় খেলোয়াড় হিসেবে তিনি যতটা সফল, গুরু হিসেবে ততটাই ব্যর্থ! এমন কথায় মৃদু হাসেন হামিদুল, ‘এটা ওরা আবেগে বলেছে। আমাকে অনেক ভালোবাসে তো।’আর ছোট দুই ভাই অনেকটা তেড়ে আসার ভঙ্গিতেই বললেন, ‘গুরুটুরু বুঝি না। আমার ভাই কিন্তু অনেক ভালো মানুষ। আমাদের দেখা সেরা মানুষ। কী লিখবেন জানি না। সে যে মানুষ হিসেবে সেরা, এটা কিন্তু লিখবেনই।’প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সাহায্য করেছেন প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য