একজন মালবিকার গল্প
বরাবরই বইপড়ুয়া। ভালো লাগত বিতর্ক ও আবৃত্তি করতে। হঠাৎ করেই চেনা জীবনটা অচেনা হয়ে গেল। সবে কলেজজীবন শেষ হয়েছে। তাঁর বাবা ঠিক করলেন বিয়ে। পরিবারের পছন্দে বিয়ে হয়ে গেল তাঁর। নোয়াখালীর মাইজদী থেকে স্কুল-কলেজ পেরিয়ে এরই মধ্যে পড়ুয়া মেয়েটি ভর্তি হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। সেটাও তো সবার ইচ্ছাতেই। চিকিৎসক যে হতেই হবে। এই গল্পটা নিছক বানানো কোনো গল্প নয়; এটি মালবিকার গল্প। কারণ, এখান থেকেই জন্ম নিলেন নতুন মালবিকা। এবারের নারীমঞ্চে তাঁর গল্পটা জানব আমরা।‘আমি তখন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে সময় জন্ম হলো আমার ছেলে অয়নের। আমার দাম্পত্য জীবন সুখের ছিল না। আমাদের মধ্যে মানসিক দূরত্ব ছিল। সে কারণে একসময় সিদ্ধান্ত নিই আলাদা থাকার। যদিও শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। কিন্তু একা থাকার জন্য তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। তখন এমবিবিএস পাস করার পর কিছুদিন কাজ করলাম। কিছু টাকা হাতে পেয়ে আলাদা হয়ে গেলাম। সে সময় আমাকে যে মানুষটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন শাহাদুজ্জামান ভাই। দিনাজপুরের ব্র্যাক শাখায় একজন মেডিকেল অফিসার নেওয়া হবে। এ খবরটি তিনিই প্রথম দিলেন। যোগাযোগ করলাম। চলে গেলাম দিনাজপুরে। শুরু হলো আমার আরেক জীবন।‘দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতাম। সেবারই প্রথম উত্তরবঙ্গে যাওয়া। আত্মীয়স্বজন ছাড়া একা সন্তানসহ থাকার সিদ্ধান্ত নিলাম। নানা ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। ভিন্ন ধরনের অভিজ্ঞতা। একটি বিষয় আমাকে অবাক করেছিল—ব্র্যাকের সহকর্মীদের ব্যবহার। কেউ একদিনও আমাকে কিংবা অয়নকে ব্যক্তিগত প্রশ্ন করেনি। ব্র্যাকের সমন্বয়ক সাদিয়া চৌধুরীকে দেখে অনুপ্রেরণা পেতাম। মনে হতো, একজন নারী হয়ে তিনি কত দূর এগিয়ে এসেছেন। তখন ভাবতাম, আমিও পারব। এই মানুষগুলোর সহযোগিতা আমাকে নতুন করে বাঁচতে শেখাল।‘হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ আসে। কিন্তু এত টাকা কোথা থেকে পাব। কেননা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে টিউশন ফি দেবে। থাকা-খাওয়ার টাকা জোগাড় করতে হবে। সে সময় আমার ছোট কাকা সঞ্জয় ও সেজো কাকা অজয় আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁরা উদ্যোগী হয়ে সবার সহযোগিতা নিয়ে সেই টাকা জোগাড় করেন। সেদিনের সেই সহযোগিতা না পেলে আজ হয়তো আমি এখানে পৌঁছাতে পারতাম না। ছেলেকে মায়ের কাছে রেখে এক বছরের জন্য জনস্বাস্থ্যে মাস্টার্স করতে চলে যাই। আমার অতটুকুন ছেলেটা খুব বুঝত আমাকে। কখনো কোনো চাহিদা ছিল না। যুক্তরাষ্ট্রেই আরেকটি ফেলোশিপ পাই। অয়ন চলে এল। সেটি সম্পন্ন করে ২০০০ সালে ব্র্যাকের প্রধান কার্যালয়ে যোগ দিই। এরই মধ্যে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে গবেষকের কাজের পাশাপাশি পিএইচডির সুযোগ পাই। অয়নের তখন এ-লেভেল পরীক্ষা। কী করব, বুঝে উঠতে পারছিলাম না। ছেলেই সাহস দিল আমাকে। বলল, মা এমন সুযোগ জীবনে বারবার আসবে না। তুমি যাও। আমার কোনো অসুবিধা হবে না। মাইজদী থেকে মা আবারও ঢাকায় এল। থাকতে শুরু করল অয়নের সঙ্গে। আর আমি চলে গেলাম জার্মানি। সেবার ছেলেকে রেখে যেতে কষ্ট হয়েছিল। জার্মানি গিয়ে শুরু হলো আরেক জীবন।‘প্রায় ১০ বছর সেখানে শিক্ষকতা করেছি; পাশাপাশি গবেষণাও। সুযোগ হয় আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করার। সাইকেল চালিয়ে ঘুরে বেড়িয়েছি আফ্রিকার মাঠে মাঠে। বুরকিনাফাসোয় গিয়ে এইচআইভি নিয়ে গবেষণা করেছি। এ ছাড়া উগান্ডা, তানজানিয়া ও কেনিয়ায়ও কাজ করেছি; তবে নিয়মিত দেশে আসতাম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়িয়েছি। আর আমার ছেলে অয়ন এখন অ্যাকচুয়ারি পদে ইংল্যান্ডে কাজ করছে। দুই মাস পর পর ওর কাছে গিয়ে থাকি। আমাদের বোঝাপড়া এখনো আগের মতো। আসলে অয়নই আমার সবচেয়ে প্রিয় বন্ধু।‘আমার জীবনে কিছু মানুষের ছোঁয়া জীবনটাকে বদলে দিয়েছে। প্রকৃত বন্ধুকে পেয়েছি দুঃসময়ে। তাঁরা হয়তো অজান্তেই আমার উপকার করেছেন। পরিবার ও বন্ধুরা না থাকলে আমি হয়তো অন্য দশটা হেরে যাওয়া মালবিকার মতো হতাম। তাই আমার কাছে যেকোনো সম্পর্কই অনেক মূল্যবান, তবে ভানসর্বস্ব মানুষ আমার একদম পছন্দ নয়।‘আমি কখনো সাহস হারাইনি। মনে হয়েছে পারবই। সব পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা আছে আমার। সামনেই স্থায়ীভাবে দেশে চলে আসব। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে ইতিমধ্যে যোগদান করেছি।’আশাবাদী মালবিকা সরকারের চোখে এখন সুখের অশ্রু।