যুদ্ধাপরাধীদের বিচারের শপথ নিয়েছে মহাজোট। এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলেরও অঙ্গীকার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনীর সামনে মহাজোটের নেতারা এই শপথ করেন। শপথ পরিচালনা করেন আওয়ামী লীগের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ত্বরান্বিত করতে মহাজোট গণমিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে হাজার হাজার জনতা অংশ নেয়। জিরো পয়েন্ট, জাতীয় প্রেসক্লাব, মত্স্য ভবন থেকে শেরাটন পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।মিছিলে মহাজোটের নেতারা যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হলে রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন। তাঁরা বলেন, ৭১ সালে আওয়ামী লীগের স্লোগান ছিল ‘বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর’। এবার মহাজোটের স্লোগান হলো ‘বীর বাঙালি অস্ত্র ধর যুদ্ধাপরাধীদের বিচার কর’।সমাবেশে মহাজোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৭ জানুয়ারি জেলায় জেলায় ও ১১ জানুয়ারি সব উপজেলায় সমাবেশ করা হবে। সমাবেশে মহাজোটের নেতারা বলেন, একটা রাজাকারও জীবিত থাকলে কেউ ঘরে ফিরবে না।গণমিছিল ও সমাবেশে আওয়ামী লীগের নেতা ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে আরও অভিজ্ঞ, আরও দক্ষ ও আরও প্রবীণ আইনজীবীদের নিয়োগ দিতে হবে। তিনি দেশের প্রবীণ আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দাওয়াত কার্ডের জন্য অপেক্ষা করছেন কেন? আপনাদের দায় নেই? অবিলম্বে বিচারপ্রক্রিয়ায় যুক্ত হন।’আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষা করতে মরিয়া হয়েছে। গোপনে লোক এনে বোমা মেরে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা হতে দেয়নি। পৃথিবীর কোনো শক্তি নেই, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করে।সমাবেশে বক্তব্য দেন সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আমির হোসেন আমু, আব্দুল লতিফ সিদ্দিকী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, গণতান্ত্রিক পার্টির নুরুল রহমান, জাতীয় পার্টির মুজিবুল প্রমুখ।