৪ জুলাই নারীমঞ্চের পাতায় ‘শাবাশ রাশেদা’ শিরোনামের লেখাটি পড়েছি। সমাজের নানা অসংগতি যেমন—দাদনব্যবসা, যৌতুক, জুয়াখেলা ইত্যাদির বিরুদ্ধে মঞ্চে অভিনয় করতে করতে মেয়েটা বুঝতেই পারেনি যে এটাই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। নাটকে নয়, তার নিজের জীবনের মঞ্চেই তাকে রুখে দাঁড়াতে হয়েছে সমাজের অসংগতির বিরুদ্ধে। মাদ্রাসার ছাত্রী হয়েও মঞ্চনাটকে অভিনয় করেছে, তাই তাকে বেত্রাঘাত করে বের করে দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে।আমাদের দেশের মেয়েরা এক দিকে যেমন জয় করছে এভারেস্ট, তেমনি রয়েছে এক অন্ধকার সমাজ, যেখানে বাস করছে রাশেদারা।এই একটি মেয়েই হয়তো আরও অনেক অন্যায়-অনাচারের প্রতীকী। আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে এখনো কতটা পিছিয়ে আছি। রাশেদা বেগম নামের দশম শ্রেণীতে পড়ুয়া এ মেয়েটি রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার কর্মকর্তার কাছে জানায় অভিযোগ। এখন রাশেদা নিয়মিত মাদ্রাসায় যাচ্ছে। সে সবাইকে বোঝাতে পেরেছে যে সে কোনো অন্যায় করেনি। জীবনের অনেকটা পথ এখনো অতিক্রম করতে হবে রাশেদাকে। অনেকটা প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই মেয়েটাকে। সেই সাহসটা তো ওর আছেই।শায়লা ইয়াসমিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।