নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়ে বাংলাদেশ আঁকল নতুন পথের রেখা। লিখেছেন জালাল আহমেদ চৌধুরী
একজন রোল মডেলের অপেক্ষায়
স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু সিরিজ জয়ের পর পরই আশীর্বাদী বৃষ্টির হালকা পশলা ভিজিয়ে দিয়ে গেল মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের শ্যামল শরীর, যেনবা বৃষ্টির ফোঁটা নয়, পঞ্চান্ন হাজার বর্গমাইলের হূদয় উথলানো ভালোবাসা সিক্ত করে গেল আমাদের ক্রিকেটারদের। এক নয়, দুই নয়, পরপর তিন জয়ে র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ এগিয়ে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে একদিবসী সিরিজ জয়। এ জয় আমাদের ক্রিকেটকে দীর্ঘ লম্ফে অনেক দূর এগিয়ে দিয়েছে। এ লম্ফ তাড়া খাওয়া হঠাৎ লাফ নয়। এ লাফ অনেক প্রস্তুতির, অনেক বিপরীত স্রোত ঠেলা সময়ের সঙ্গে যুঝে শেখা, অনেক শ্লেষ-বিদ্রূপের তাড়নায় অনুশীলিত এগিয়ে যাওয়া। এ লাফ প্রেরণা দিচ্ছে প্রলম্বিত অগ্রধাবনের। একটি ম্যাচ বৃষ্টি খেয়েছে, এখনো একটি বাকি আর এরই মাঝে সিরিজ জিতে বসে আছি। নির্ভারচিত্তে সিরিজের শেষ ম্যাচ উপভোগ করার অবকাশ পেয়েছে বাংলাদেশ। দেশবাসীকে সাকিব আল হাসানের দলের দেওয়া এ এক বিশাল উপহার, সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসের প্রাপ্তির বিবর্ণতাকে ষোলো আনা মুছে দিয়েছে ক্রিকেটের এ বিজয়। আসন্ন বিশ্বকাপজনিত পরিমিত প্রত্যাশা পূরণের প্রস্তুতিপর্বে এ সিরিজ বিজয় দেবে একাগ্রচিত্তে সাধনার মন্ত্র, আগ্রহী পরিশ্রমের সোনালি প্রণোদনা। আর বিজয়রথের সামনে দাঁড়িয়ে আজ সারথি সাকিব ও তাঁর সতীর্থদের অভিনন্দন নয়, কৃতজ্ঞচিত্তের অভিবাদন জানাই। অভিনন্দনের জন্য ওদের জন্য তো রইলই আজ এবং আশা করি, অনন্তকালের বাংলার বাতাসের উচ্চারণ। অভিবাদন জানাই মাশরাফি বিন মুর্তজাকে, প্রথম ম্যাচে আহত হওয়ার পর দেহ-মনের যন্ত্রণাকে অধিনায়কীয় দৃঢ় মানসিকতায় আড়াল করে যিনি জোগান দিয়ে গেছেন দলকে প্রত্যয়ী অনুপ্রেরণা। বৃহস্পতিবারের শঙ্কাকম্পিত শেষ প্রহরের শেষ ওভারের পরিপ্রেক্ষিতে বল হাতে মাশরাফিকে বড় বেশি মনে পড়ছিল। দ্রুত সুস্থ হয়ে উঠুন মাশরাফি।সামনে যে ম্যাচটি আছে তাতে আমাদের জন্য প্রবল প্রতিপক্ষকে ‘ধবলধোলাই’ করার হাতছানি রয়েছে। সেটা একটা নিছক আবেগী তাড়না। দায় নয়। আর দায় নয় বলেই করতে পারব বলে আশা রাখি। যুক্তিসংগত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছি না। প্রত্যাশার উৎসাবলি অনুমেয়। সে যা হওয়ার হবে, ক্রিকেটের সনাতন চরিত্রটা তো সঙ্গে থাকছেই। সেটাকে সঙ্গে নিয়েই আমরা পরের খেলাটি দেখব। এদিকে যে তিনটি ম্যাচ দেখলাম সেগুলো আমাদের ভিন্ন ভিন্ন স্বাদের জয় দিয়েছে। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে প্রতি ম্যাচের দ্বারপ্রান্তে উপস্থিত করেছে। সে নিয়ে সামান্য আলোকপাত করা যাক। সিরিজ প্রারম্ভে এ সিরিজে আমরা ফেবারিট—এ রকম কেউ ভেবেছিলেন দাবি করলে সত্যের অপলাপ করা হবে। স্বয়ং সফরকারী অধিনায়ক মাইকেল ভেট্টোরি এসেই বলেছেন, তিনি সাকিব আল হাসানকেই কেবল প্রতিপক্ষ মনে করেন। অর্থ দাঁড়াল তোমাদের দলকে নিয়ে মাথাব্যথা নেই। ওই সাকিবকে সামলাতে পারলেই হলো। তিনি সঠিক অনুধাবন করেছিলেন। তবে তাঁর সব সাকিব ঠেকানো পরিকল্পনা বিফলে গেছে। কিন্তু সাকিব ছাড়া যে দলটিকে নিয়ে ভেট্টোরির তেমন ভাবনা ছিল না, সে দলটা তামিম, আশরাফুলহীনতায় এবং পেস বোলারদের ইনজুরির কারণে সাধারণ ধারণায় দুর্বলতর অবস্থানে ছিল। কেবল আমরা স্বাগতিক সুবিধা নিয়ে ওদের চেয়ে এগিয়ে ছিলাম। এহেন পরিপার্শ্বে যে ম্যাচটা জিতলাম তাতে মধ্যাহ্নবিরতি পর্যন্ত আশার পারদ খুব বেশি উচ্চতা পায়নি। বৃষ্টির কল্যাণী ছোঁয়ায় ডি-এল পদ্ধতির অবতারণায় যে ভাগ্যের প্রসন্নতাপ্রাপ্তি জয়ের সম্ভাবনা তুলে আনল, সেটাকে আমাদের ক্রিকেটাররা পুরোপুরি কাজে লাগাল। এই যে সুযোগের যথাযথ ব্যবহারটা আমরা করতে পারলাম, জয়ের আনন্দের পাশাপাশি সেই সামর্থ্য অর্জনের বোধটা জয়ের হর্ষকে যেনবা বাড়িয়ে দিল অনেকখানি। আত্মসামর্থ্যের ওপর ভরসা বাড়ল অনেকটা।প্রথম জয়ের সঙ্গে ওই বৃষ্টির কল্যাণী ভূমিকা যেন জয়ের গৌরবটাকে দল মেলে ফুটতে দিচ্ছিল না। প্রশংসায় কৃপণ স্বজনেরাও তেমন উল্লসিত হচ্ছিল না। যেন ওই জয়টা একটা দৈবাৎ ঘটে যাওয়া ব্যাপার। এসব টুকটাক অস্বস্তিকে কাটাতেই দ্বিতীয় ম্যাচে সাকিবদের রুদ্ররূপ ধারণ। আর খেলাটির প্রতিটি বিভাগে আধিপত্য প্রতিষ্ঠা করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেওয়া। কোনো ‘কিন্তু কিন্তু’ করার অবকাশ নেই। দাপুটে বিজয়ানন্দে মাতার সুযোগ দিল সেই সৌন্দর্যমণ্ডিত কীর্তি। প্রথম জয়ের সঙ্গে এ জয়ের স্বাদের পার্থক্য অনেক, এ জয় ছিল দাপট প্রতিষ্ঠার সূচনা। এ জয় ছিল সিরিজ জেতার চেতনাকে উদ্দীপ্ত করার সুষমাসিক্ত। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে বাংলাদেশ পেল ঘুরে দাঁড়ানোর তাড়নায় মরিয়া, দু-দুটো ম্যাচের অভিজ্ঞতায় স্থানীয় আবহাওয়ায় অনেকটা অভ্যস্ত দল হিসেবে। আর স্বাভাবিকভাবেই ক্রিকেট এ ম্যাচ এল তার সমগ্র নাটকীয় রোমাঞ্চের পরিপূর্ণতা নিয়ে। দু-দলই খুঁজল তাদের নিজ নিজ সামর্থ্যের সবটুকু দিয়ে। দিনভর সাকিব লড়লেন প্রতিপক্ষের সঙ্গে, নিজের সঙ্গে। সেই স্নায়ুশুকানো ক্রিকেট প্রদর্শনীর গল্প সবার জানা। গুরুত্বপূর্ণ এ সিরিজ জয়ের অনাস্বাদিত স্বাদ আমরা চেখে চেখে উপভোগ করলাম। বাড়ল আমাদের ক্রিকেট-তৃষ্ণা। তিনটি জয় তিন রকম। আমাদের ক্রিকেট মনে হয় এক নতুন যুগের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। পৌঁছে দিয়েছে আমাদের ক্রিকেট-চিন্তাকে এক নতুন মোড় ফেরানোর বাঁকে।এ সিরিজে আমরা শুধু জয়ের আনন্দই আস্বাদন করিনি, প্রত্যক্ষ করেছি আমাদের ক্রিকেটারদের মনোভঙ্গি, দেহভাষ্যের ইতিবাচক পরিবর্তন; যা দলটিকে একটি অদম্য লড়াকু এককে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। ব্যক্তিনির্ভরতার বৃত্ত থেকে বেরিয়ে আসার সামর্থ্যের কথাও জানান দিল এ সিরিজ। আমাদের দীপ্তিমান তারকা খেলোয়াড়ের সরবরাহ লাইনটা অনতিবিলম্বেই সমৃদ্ধ হবে বলে ধারণা করি। নির্ভার সময় কাটাবেন আমাদের নির্বাচকেরা। বর্তমান সিরিজের সময়টা, আমার বিশ্বাস, সাম্প্রতিককালের মধ্যে তুলনামূলকভাবে সেরা সময় হিসেবে কাটিয়েছেন রফিকুল ইসলাম ও তাঁর সাথীরা। সিরিজ চলার সময় বা তার আগে নির্বাচনসংক্রান্ত কোনো সমালোচনার আওতায় পড়তে হয়নি তাঁদের। বরং সহমর্মী আলোচনাই দেখেছি তাঁদের সমস্যা নিয়ে, বিশেষ করে তামিম এবং পেসারদের ইনজুরি প্রসঙ্গে। এমন স্বস্তিময় সময় নির্মাণে নির্বাচকদের অবদান আছে। তাঁদের অভিনন্দন।সুধী পাঠক, বহমান সিরিজ বিজয়ে অবদান রাখা আমাদের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বা সফরকারীদের খেলা নিয়ে কোনো রকম বিশ্লেষণে আজ যেতে চাই না। এ মুহূর্তে এ জাতীয় কারিগরি বিশ্লেষণ মায়ের কাছে মামাবাড়ির গল্পের মতোই শোনাবে। আমি বরং একটি ব্যক্তিগত চিন্তার বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা বলতে এ সিরিজ জয় আমাকে তাড়া দিচ্ছে। আপনারাও নিশ্চয়ই লক্ষ করেছেন, বিশ্ব ক্রিকেটের পরাশক্তিগুলোর প্রত্যেকের একজন করে বা একাধিক রোল মডেল বা আদর্শ পুরুষ আছেন, যাঁদের আবির্ভাবের সূত্রে নির্মিত হয়েছে তাদের কুলীন ঐতিহ্য। তাঁদের ক্রিকেট-কীর্তির, তাঁদের নেতৃত্বের প্রবহমান প্রভাব-বলয়ে আবির্ভূত হয়েছে তারকার মিছিল। অস্ট্রেলিয়ার যেমন স্যার ডন ব্র্যাডম্যান, ইংল্যান্ডের যেমন ডব্লু জি গ্রেস, জ্যাক হবস, ওয়েস্ট ইন্ডিজের যেমন স্যার ফ্র্যাঙ্ক ওরেল, ক্লাইভ লয়েড, ভারতের যেমন সুনীল গাভাস্কার, কপিল দেব, পাকিস্তানের যেমন ইমরান খান, শ্রীলঙ্কার যেমন অর্জুনা রানাতুঙ্গা, আমরাও তেমন একজনের অপেক্ষায় আছি। আমাদের তেমন একজনকে একদিন পেতেই হবে। সেই মহানায়কের ক্রিকেট-জীবন সংগঠিত করবে নবপ্রজন্মের বাংলাদেশে ক্রিকেটের উত্থান। আমরা এগিয়ে যাব বিশ্ব ক্রিকেটের শীর্ষের দিকে। বর্তমান পরাশক্তিরা উদগ্রীব থাকবে আমাদের সঙ্গে সিরিজ খেলার জন্য। প্রসঙ্গটি ব্যাপক আলোচনার অপেক্ষা রাখে। আজ এ প্রসঙ্গ আলোচনা করছি এ সিরিজে সাকিব আল হাসানের বড় হয়ে ওঠা দেখে। ব্যাটে-বলে অবদানের কথা শুধু বলছি না, সার্বিক আচরণে আজকের ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের লোভ দেখাচ্ছেন সেই কাঙ্ক্ষিত রোল মডেলের সন্ধান দেওয়ার। আমাদের অগ্রযাত্রায় সেই রোল মডেলের খুবই প্রয়োজন। অপেক্ষায় রইলাম। বলা ভালো, অপেক্ষায় রইল ভবিষ্যৎ।