হট্টগোল ঠেকাতে শিক্ষার্থী দিয়ে ক্লাস নেওয়া হয়
একজন শিক্ষক দিয়ে চলছে আড়াই শ শিক্ষার্থীর স্কুল
পঞ্চম শ্রেণীর ছাত্র সেলিম রেজা নিচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্লাস, আর শাপলা আছে প্রথম শ্রেণীতে। তারা ছোট শিশুদের পড়ানোর চেষ্টা করছে, কিন্তু গোটা ক্লাসেই চলছে হইচই। আর পাশের রুমে শিশু শ্রেণীর ক্লাস নিচ্ছেন স্কুলের একমাত্র শিক্ষক আবদুল আলিম। এই একজন শিক্ষক দিয়েই চলছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২১ মার্চ সরেজমিনে এ চিত্র দেখা যায়।কালীগঞ্জ উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে দামোদরপুর গ্রামে অবস্থিত দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের শিক্ষক আবদুল আলিম বলেন, ‘আগে বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক ছিলেন। গত বছর জুলাই মাসে শিক্ষক শামিয়ারা খাতুন ও মিলি রানী ধর পিটিআই প্রশিক্ষণে চলে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে আরেক শিক্ষক ফাতেমা খাতুনও চলে যান পিটিআই প্রশিক্ষণে। আর প্রধান শিক্ষক তৌফিকুর রহমান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি নিয়ে চলে গেছেন। ফলে গত পাঁচ মাস বিদ্যালয়ে পাঠদান করছি আমি একাই। একার পক্ষে সব শ্রেণীর ক্লাস নেওয়া কঠিন। তা ছাড়া চাহিদা অনুযায়ী, রিপোর্টপত্র তৈরি, মাসিক সভায় যোগদান, উপবৃত্তিসংক্রান্ত কাজসহ দাপ্তরিক বিভিন্ন কাজকর্ম করতে হয়। ফলে পাঠদান করাই হয়ে ওঠে না। প্রতিদিন সকালে বিদ্যালয়ে আসার পর ছুটির আগ পর্যন্ত বিশ্রামের কোনো সুযোগ পাই না। তাই আমার কষ্ট দেখে পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা ছোটদের ক্লাস নিয়ে আমাকে সাহায্য করে থাকে। তা ছাড়া ওরা ক্লাস নিলে চিৎকার-চেঁচামেচি কম হয়।’বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আবদুল কুদ্দুস বলেন, ‘বিদ্যালয়ের এ সমস্যা বেশ কিছু দিনের। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। নিয়ম অনুযায়ী, বিদ্যালয়ে পাঠদান যাতে বাধাগ্রস্ত না হয়, সেই পরিমাণ শিক্ষক বিদ্যালয়ে থাকার পর প্রশিক্ষণার্থী শিক্ষক পিটিআই প্রশিক্ষণে যাবেন। কিন্তু বিদ্যালয়ে পাঠদানের মতো শিক্ষক না থাকা সত্ত্বেও একসঙ্গে তিনজন শিক্ষককে প্রশিক্ষণে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক চলে গেছেন, কিন্তু সেখানে কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে না। বিদ্যালয়ের লেখাপড়ার এ অবস্থার কথা চিন্তা করে নিজেও মাঝেমধ্যে দু-একটা ক্লাস নিই।’এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, ‘এ উপজেলায় নতুন এসেছি। সবকিছু এখনো অবহিত হতে পারিনি। একজন শিক্ষক দিয়ে একটি স্কুল চলছে, এটা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে শিগগিরই বিদ্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের ব্যবস্থা করব।’