একজন শিক্ষক দিয়ে চলছে স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৯ জন শিক্ষার্থী কিন্তু মাত্র একজন শিক্ষক। গত তিন বছরে তিনজন শিক্ষক অবসরে যাওয়া এবং নতুন করে নিয়োগ না দেওয়ায় এভাবেই চলছে সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঘাগড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়টির এ দশা। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্ব এবং শিক্ষক নিয়োগে মতৈক্য না হওয়ায় নতুন শিক্ষক নেওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস ঠিকমতো হয় না। একমাত্র ও প্রধান শিক্ষক হানিফুল ইসলাম কোনো কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে গেলে বিদ্যালয় বন্ধ রাখতে হয়। এদিকে নতুন শিক্ষক নেওয়া দরকার হলেও তার কোনো উদ্যোগ নেই। অথচ পুরোনো ভবনটির অবস্থা ভালো হলেও ১৯ লাখ টাকা ব্যয়ে করা হচ্ছে নতুন ভবন।২৮ এপ্রিল বেলা সাড়ে ১১টায় গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক হানিফুল ইসলাম তাঁর কার্যালয়ে বসে উপবৃত্তির কার্ড পূরণ করছেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, ‘বড় ভাইয়া আর আপুরা ক্লাস নিয়েছে।’ চতুর্থ শ্রেণীর সুজন, আবদুল আলিম এবং পঞ্চম শ্রেণীর শাপলা ও রুপিয়া বানু নিচের ক্লাস নেয়। শাপলা বলে, ‘আমরা ওয়ান, টুর ক্লাস নেই। আমাদের ক্লাস কেউ নেয় না। স্যার শুধু পড়া বদলায় দেন।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে ১ দশমিক ৪০ একর জমির ওপর এটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও এদের মধ্যে তিনজন শিক্ষক গত তিন বছরে অবসরে গেছেন। সেই থেকে একজন শিক্ষকে চলছে প্রতিষ্ঠানটি। ১৯৯৪ সালে তিন কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু শিক্ষক সংকটে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতি কমে যাচ্ছে।বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ছাইদুর রহমান বলেন, ‘একমাত্র শিক্ষককে প্রায় সময় অফিশিয়াল কাজে ব্যস্ত থাকতে হয়। ফলে তিনি ক্লাস নিতে পারেন না। আমি নিজেও মাঝে মাঝে এসে ক্লাস নেই। এভাবে তো আর চলে না। শিক্ষা অফিসারকে পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে প্রেষণে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’মো. ছাইদুর আরও জানান, তিনি কমিটির নতুন সভাপতি হয়েছেন। আগের কমিটির সদস্যরা একমত হতে না পারায় শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হয়েছেন। এদিকে ১৯৯৪ সালে নির্মিত ভবনটি ভালো থাকলেও নতুন করে আবার ১৯ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করায় মোস্তাকুর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘আমাদের দরকার শিক্ষকের, ভবন দিয়ে কী হবে?’ এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, ভবন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেয় শিক্ষা বিভাগ ও শিক্ষা কমিটি। তারাই বলতে পারবে বিষয়টি। একমাত্র এবং প্রধান শিক্ষক মো. হানিফুল ইসলাম বলেন, ‘একজন শিক্ষক দিয়ে তো আর স্কুল চলে না। কোনো রকমে চালিয়ে নিচ্ছি।’ বিদ্যায়লটি নিয়মিত তদারকি করাও হয় না। ২০০৮ সালে বিদ্যালয়টি সর্বশেষ পরিদর্শন করেন তৎকালীন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাকসুদার রহমান। উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে। কিন্তু কমিটির সদস্যদের দলাদলিতে শিক্ষক নিয়োগ দিতে পারেনি। গত বছরের জুন মাস থেকে এই ক্ষমতা অধিদপ্তরের হাতে চলে গেছে। অধিদপ্তর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করেছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে।