একজন শিক্ষকে একটি বিদ্যালয়!
সিরাজগঞ্জের সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন একজন শিক্ষক দিয়েই চলছে এখানকার কার্যক্রম। এ অবস্থায় বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে।শিক্ষক ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, জেলার ছোনগাছা ইউনিয়নের এ বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৪ সালে। বদলি আর অবসরজনিত কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষকহীন হয়ে পড়তে থাকে। গত জুলাই থেকে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে এখানকার পাঠদান কার্যক্রম।সরেজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়টিতে শিক্ষকের পদ রয়েছে চারটি। তাঁদের মধ্যে মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষক পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিরামহীনভাবে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাঁকে একাই ক্লাস নিতে হওয়ায় কোনো ক্লাসের পাঠদানই ভালো হয় না।শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি জানুয়ারি মাসে এখানে যোগদান করি। এরপর সুলতান মাহমুদ নামের শিক্ষক অবসরকালীন ছুটিতে যান। প্রেষণে নিয়োগপ্রাপ্ত শিক্ষক অসুস্থতার কারণে আসতে পারেন না। প্রধান শিক্ষকও নেই।’এ বিষয়ে কাগজ-কলমে থাকা প্রধান শিক্ষক পি এন এম জীবউন নেছার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ওয়ারেদ মল্লিক জানান, প্রধান শিক্ষক কোনো দিনই নিয়মিত বিদ্যালয়ে আসেননি। এলেও স্বাক্ষর করেই চলে যান। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করা হলেও, তাঁরা কোনো ব্যবস্থা নেননি।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনেয়াজ বেগম বলেন, ‘প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় তাঁর বেতন বন্ধ রাখা হয়েছে। প্রেষণে নিয়োগপ্রাপ্ত শিক্ষক উচ্চরক্তচাপজনিত কারণে ছুটিতে। সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়টির শিক্ষকস্বল্পতার বিষয়টি দেরিতে কর্তৃপক্ষের নজরে এসেছে। শিগগিরই দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।