একজন শিক্ষকের পাশে...
একজন শিক্ষককে আবারও তার শ্রেণীকক্ষে দেখতে চান এলাকাবাসী। তাঁকে বাঁচাতে এগিয়ে এসেছেন সমাজের নানাস্তরের মানুষ। গুরুতর অসুস্থ এই শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তিরা। দুটি কিডনিই অকেজো হয়ে গেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষক বিকাশ চন্দ্র দাসের (৪৪)। জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রয়োজন ১৫ লাখ টাকার। শিক্ষক বিকাশ চন্দ্র দাসের এই দুঃসময়ে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। ২০ জুলাই মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আজিজুর রহমানের উপস্থিতিতে বিকাশ চন্দ্র দাসের স্ত্রী বীণা দাসের কাছে দুই লাখ ৮৮ হাজার ৮০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রাগীব আলী দুই লাখ, জেলা আওয়ামী লীগ ৫০ হাজার, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদের সংগৃহীত ২৮ হাজার ৮০০, ইশিতা টেলি মিডিয়ার পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এক লাখ টাকার চেক ও প্রবাসী আবদুল মোহাইমিন দিয়েছেন ৫০ হাজার টাকা। এ পর্যন্ত এটুকই সংগ্রহ।বিকাশ চন্দ্র দাসের পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে মৌলভীবাজার শহরের বনবীথি এলাকায় তিনি বাস করেন। আকস্মিকভাবে অসুস্থ হলে স্থানীয়ভাবে তাঁর চিকিৎসা চলে। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় ঢাকার অ্যাপলো হাসপাতালের চিকিৎসককে দেখান। তখনই তাঁর দুটি কিডনি অকেজো হওয়ার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তাঁর কিডনি প্রতিস্থাপন দরকার। প্রয়োজন ১৫ লাখ টাকার। কিন্তু বিকাশ চন্দ্র দাসের পরিবার এরই মধ্যে তাঁর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে সপ্তাহে দুদিন কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। ধারদেনা করে বর্তমানে তাঁর চিকিৎসার ব্যয় মেটানো হচ্ছে। কিডনি প্রতিস্থাপনের এত টাকা সংগ্রহ তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় তাঁকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: বীণা দাস, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২১০৮৯৬১, সোনালী ব্যাংক, প্রধান কার্যালয়, মৌলভীবাজার। মোবাইল: ০১৭২০২৫৯৬৭৮।