একজন শিল্পীর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ভদ্রমহিলা ফোন করেছেন। আজকাল ব্যস্ত থাকি খুব বেশি, ফোন এলে সরাসরি কাজের কথা শুনতে চাই। ‘একটু কথা বলতে পারি’, শুনলে প্রথমে বলি, ‘সাবজেক্ট বলেন।’ তিনি বললেন, ‘আমার কথা একটু মন দিয়ে শুনবেন? একটু সময় হবে?’ সময় ছিল না, তবু জানি না কেন, তাঁর কথা মন দিয়ে শুনি। তাঁর নাম শিল্পী হক। থাকেন এলিফ্যান্ট রোডে। গৃহবধূই, তবে চলচ্চিত্র নির্মাণের বড় শখ, তাই তিনি চিত্রপরিচালক তানভীর মোকাম্মেলের অধীনে একটা কোর্স সম্পন্ন করেছেন। তারপর টেলিভিশনের জন্য একটা নাটক বানিয়েছেন। সেদিন দুজনে নাটকটার নাম। লিটু আনাম, কুসুম শিকদার, শর্মিলী আহম্মেদ প্রমুখ অভিনয় করেছেন। নাটকটা কি আমি একটু দেখব? এ ধরনের অনুরোধও রাখার কোনো মানে হয় না। আমি নাটক দেখলেই কী, না দেখলেই কী। আমার অনুরোধে কেউ নাটক কেনে না। টিভি চ্যানেলের নিজস্ব নিয়ম-কানুন আছে। ভদ্রমহিলা এবার যা বললেন, তাতে তাঁর কথা মন দিয়েই শুনতে হলো। তিনি জানালেন, তাঁর ব্রেস্ট ক্যানসার। আমি বললাম, পাঠিয়ে দিন নাটকটা। দেখব।তারপর আরেক দিন তিনি ফোন করলেন। বললেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। ব্রেস্ট ক্যানসার চিকিৎসায় কত ঝক্কি, তার বর্ণনা তিনি দিতে লাগলেন। আমি শুনলাম। বললাম, আপা, আমাদের তো করার কিছু নাই। যদি আপনি আপনার এই অভিজ্ঞতাটা লিখে পাঠান, আমরা হয়তো প্রকাশ করতে পারব।কয়েক দিন পর তাঁর সেই লেখাটা নিয়ে তাঁর ছোট বোন আমার কাছে হাজির। লেখাটা এ রকম:ক্যানসারের সঙ্গে লড়াইআমরা চার বোন। আমি সবার বড়। ছোটবেলা থেকেই মাকে অনেক কষ্ট করতে দেখতাম। ভোরবেলা মা চা-নাশতা তৈরি করে ডাকত। আমরা পড়াশোনা শেষে নাশতা করে কেউ স্কুলে, কেউ কলেজে ছুটতাম। তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল—মাকে নিজের কাছে রাখব। ভোরে নামাজ শেষে মা দেখবে, আমি তাঁর জন্য নাশতা তৈরি করে বসে আছি। ছোট বোনের বিয়ে হয়ে গেল ২০০৮ সালের ২৮ নভেম্বর। আমি পুরো ডিসেম্বর মাস খুঁজে বাসা বের করলাম। ২০০৯ সালের ১ জানুয়ারি নতুন বাসায় উঠলাম মাকে নিয়ে। আমি মহা খুশি। আমার এতদিনের স্বপ্ন এখন সত্যি হবে। মাকে আমি অনেক যত্নে রাখব, কখনো কিছু করতে দেব না। জানুয়ারির শেষের দিকে আমি অসুস্থ হয়ে পড়ি। ফেব্রুয়ারির ৮ তারিখে চিকিৎসকের কাছে যাই। তিনি কয়েকটি পরীক্ষা দিলেন। পরীক্ষার রিপোর্টে আমার স্তন ক্যানসার ধরা পড়ে। পরিবারের সবাই ভয় পেয়ে যায়। আরও কয়েক জায়গায় পরীক্ষা করাই; কিন্তু সব জায়গার রিপোর্ট একই—ক্যানসার। চিকিৎসক আমাকে তিন দিনের মধ্যেই অপারেশন করতে বলেন। ঠিক সময়ে চিকিৎসা করালে স্তন ক্যানসার সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় আমার অপারেশন হয়। অপারেশন সফল হয়েছে। ২৪ তারিখে আমি রিলিজ নিয়ে বাসায় চলে আসি। অপারেশনের ২১ দিন পর আমাকে কেমোথেরাপি নিতে হবে। চিকিৎসক আমাকে অনকোলজিস্ট মোকসেদ উদ্দিনের কাছে পাঠালেন। সবকিছু আবার পরীক্ষা করা হলো। কোথাও ক্যানসার ছড়ায়নি। রিপোর্ট ভালো। বায়োপসি রিপোর্টে এসেছে লেভেল-২। চিকিৎসক বললেন, চিন্তার কোনো কারণ নেই। কেমোথেরাপি নিলে ঠিক হয়ে যাবে। শুরু হলো কেমোথেরাপি। ২১ দিন পর একটা করে মোট ছয় বার কেমোথেরাপি নিই। কেমোথেরাপি একদিকে যেমন ব্যয়বহুল, তেমনি সহ্য করা অনেক কষ্টের। আমার মাথার সব চুল পড়ে গেছে। গায়ের রং কুচকুচে কালো হয়ে গেছে। জ্বর, বমি, দুর্বলতা এসব তো আছেই। এতকিছুর পরও মানুষ বেঁচে থাকার আশায় এ চিকিৎসা করায়। যদি ক্যানসারের জীবাণু নষ্ট হয়ে যায় এবং আমি এক সময় সুস্থ হয়ে যাই—এ আশায়। কেমোথেরাপির পর চিকিৎসক জানালেন, আমাকে ২৫টি রেডিওথেরাপি নিতে হবে। ঢাকায় তিন জায়গায় রেডিওথেরাপি দেওয়া হয়। দুটি সরকারি হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতাল। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। ইতিমধ্যে অনেক অর্থ খরচ হয়েছে। আমি প্রথমে যাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হলো। রেডিওথেরাপি বিভাগে গিয়ে দেখি অনেক রোগীর ভিড়। নাম লেখাতে রোগীদের প্রয়োজন, তাই অনেক রোগী অসুস্থ থাকা সত্ত্বেও সেখানে উপস্থিত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে বসে অপেক্ষা করছেন। এত ভিড় যে জায়গার অভাবে অনেক রোগীকে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে। একজন বৃদ্ধ মেঝেতে শুয়ে ছিলেন। তাঁর সারা গায়ে মাছি ভন ভন করছে। এই মুমূর্ষু রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অথচ তাঁদের সিরিয়াল দেওয়া হচ্ছে এক-দেড় মাস পর পর। কারণ কী? ‘কারণ মেশিন নষ্ট। গেলাম মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে। সেখানে ঢাকা মেডিকেলের চেয়ে অবস্থা কিছুটা ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মূল সমস্যা একই। রোগীদের প্রচণ্ড ভিড়। সিরিয়াল দেওয়া হচ্ছে ২০/২৫ দিন থেকে শুরু করে এক-দেড় মাস পরে। জানতে চাইলাম কেন এত পরে। উত্তরে কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে জানাল, ‘এখানে পাঁচটি মেশিনের তিনটি নষ্ট। এত রোগী, আমরা কী করতে পারি? মেশিন ঠিক করেন না কেন? অনেক ঝামেলা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দরখাস্ত করতে হয়। কয় বছর লাগে জানি না। এই হলো সরকারি হাসপাতালের রেডিওথেরাপির অবস্থা। অবাক লাগল, এত ভয়াবহ রোগ নিয়ে অসুস্থ রোগীরা এভাবে দিনের পর দিন অপেক্ষা করে একটু চিকিৎসার আশায়। কারও মেশিন ঠিক করার কোনো উদ্যোগ নেই। অথচ এ দেশের মন্ত্রী, এমপিদের জন্য প্লট, গাড়ি দেওয়ার ধুম লেগে যায়। কি লজ্জা! আমি অগত্যা বেসরকারি হাসপাতালে গেলাম রেডিওথেরাপি নিতে। সেখানে ওদের সেবার মান ভালো। সরকারি হাসপাতালের তুলনায় খরচ অনেক বেশি। আমি ২৫ দিন রেডিওথেরাপি নিলাম। এখানে প্রতি সপ্তাহে একবার চিকিৎসক দেখেন। আমি একবার চিকিৎসককে দেখালাম। তিনি আগের ওষুধগুলো খেতে বললেন। আমি বললাম, আমার আলট্রাসনোগ্রামের রিপোর্ট এসেছে। লিভার একটু বড় হয়ে গেছে। চিকিৎসক বললেন, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আমিও তাঁর কথা মেনে নিলাম। রেডিওথেরাপি শেষ হলো। তিনি বললেন, আপনার চিকিৎসা আপাতত শেষ। দেড় মাস পরে দেখা করবেন। সবকিছু ঠিক আছে। আমি তো মহা খুশি। ঠিক ২০ দিন পর আমার পেটে প্রচণ্ড ব্যথা হয়। আমি চিকিৎসকের কাছে যাই। তিনি আমাকে কিছু পরীক্ষা করতে দেন। পরীক্ষার রিপোর্ট দেখে জানান, ক্যানসারের জীবাণু লিভারে চলে এসেছে। আমাকে আবার কেমোথেরাপি নিতে হবে। আমি অবাক হয়ে গেলাম।শুধু লেখা না, সঙ্গে সেদিন দুজনে নাটকটার একটা সিডি।ছোট বোন প্রান্তি জানালেন, লেখাটা অসমাপ্ত। আপা মারা গেছেন। গত ২৩ নভেম্বর ছিল আপার ৪০তম জন্মদিন। ওই দিনই আপার মৃত্যু হয়। তিনি আপনার জন্য এই সিডিটা আর এই অসম্পূর্ণ লেখাটা দিয়ে গেছেন।লেখাটা আপনারা পড়লেন। নাটকটা ভাবছি চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর ভাইকে পাঠিয়ে দেব, তিনি বড় মনের মানুষ, নিশ্চয়ই প্রচার করবেন।শিল্পী হক এই লেখা, নাটক, অসংখ্য আত্মীয়-পরিজন-সুহূদ ছাড়াও রেখে গেছেন তাঁর একমাত্র মেয়েটাকে। তাঁর মেয়ে নির্ঝর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে।