একজন ‘লেডিস ওস্তাদ’-এর কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাবি ঘুরিয়ে সাদা সেডান গাড়িটা চালু করে ফার্স্ট গিয়ার দিলেন শিমু। অভ্যস্ত, দক্ষ হাতে স্টিয়ারিং ধরে সাবধানে গাড়ি নামালেন সকালের ঢাকার ব্যস্ত রাস্তায়। গাড়িতে রয়েছেন ‘কেয়ার বাংলাদেশ’-এর কর্মকর্তা। তাঁকে নিয়ে গাড়ি ছোটালেন গন্তব্যের উদ্দেশে। বলছিলাম ফারজানা শিমুর কথা, যিনি বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার বাংলাদেশে গাড়িচালক হিসেবে কর্মরত আছেন। ২০০৫ সাল থেকে তিনি কেয়ার বাংলাদেশে গাড়িচালক হিসেবে স্থায়ী নিয়োগ পান।শিমুর সঙ্গে পথ চলতে চলতে সারা দিনে জানা হলো তাঁর রোজনামচা আর পাঁচ বছরের ড্রাইভিং পেশাজীবনের অনেক কথা। দপ্তরের গাড়ির মতো সংসারের স্টিয়ারিংও শক্ত হাতে ধরে আছেন শিমু। হাজারীবাগে ব্যবসায়ী স্বামী রবিউল শেখ ও আড়াই বছরের একমাত্র কন্যা অথইকে নিয়ে তাঁর সুখের সংসার। দিন শুরু করেন ভোর সাড়ে পাঁচটায়। নাশতা ও দুপুরের খাবার তৈরি করে, সংসারের কাজ সামলে সকাল সাড়ে সাতটার মধ্যেই রওনা হন কর্মক্ষেত্রের উদ্দেশে। কেয়ার বাংলাদেশের ট্রান্সপোর্ট সার্ভিস ডিপার্টমেন্টে পৌঁছে কার্ড পাঞ্চ করে হাজিরা দেন। ডিউটি অনুযায়ী গাড়ির চাবি বুঝে নিয়ে সে গাড়িটি ধুতে হয় তাঁকে। গাড়ির অবস্থা, কাগজপত্র, তেলের মাত্রা ইত্যাদি নিরীক্ষণ করে নেওয়াও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। তারপর একেক দিনের ডিউটি অনুযায়ী বেরিয়ে পড়েন গন্তব্যে। দিনশেষে দপ্তরে গাড়ি ও চাবি জমা দেন। তাঁর ডিউটির সময় সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। তবে কোনো কোনো দিন কর্মকর্তাদের বাসা থেকে নিয়ে ও দিয়ে আসার ডিউটি থাকলে বা ঢাকার বাইরে যেতে হলে আরও সকালে আসতে হয় তাঁকে। ফিরতেও সেসব দিন বেশ রাত হয়ে যায়। বাড়ি ফিরে লেগে পড়েন বাকি কাজকর্ম, রাতের রান্না ইত্যাদি সারতে। সংসার আর পেশায় সমতা রক্ষার্থে বেশ সময়-ব্যবস্থাপনা করে চলেন শিমু। শুক্রবার ঘরের যাবতীয় ধোয়ামোছা আর শনিবার সপ্তাহভরের রান্না কিছুটা এগিয়ে রাখেন। স্বামী সংসারের কাজে তাঁকে অনেক সাহায্য করেন। তাঁর পেশার প্রতি স্বামীর এই সম্মান ও সমর্থনটুকু আছে বলে শিমুর পক্ষে সকাল-সন্ধ্যার এ পেশায় সময় দেওয়া সহজ হয় বলে জানান তিনি। হাইওয়েতে কখনো ৬০০ কিলোমিটার পথও পাড়ি দিয়েছেন গাড়ি নিয়ে। পিকআপ, মাইক্রোবাস হরেক গাড়ি চালিয়েছেন তিনি। আর যাত্রাপথে যেকোনো পরিস্থিতি সামলেছেন ঠান্ডা মাথায়, উপস্থিত বুদ্ধি ও ব্যক্তিত্ব দিয়ে। হাইওয়েতে বাস বা ট্রাকের হেলপাররা নারীচালক দেখে ড্রাইভারকে বলত, ‘ওস্তাদ, পাশে লেডিস্’। আর ব্যস, ড্রাইভাররা কোনো ছুতোয় ধাক্কা দিতে চাইত তাঁর গাড়িকে, সাইড দিত না। রাস্তায় দেখা হলে ড্রাইভাররা টিটকিরি দিত, ‘মাইয়া মানুষ আইছ স্টিয়ারিং ঘুরাইতে?’ তিনি তাদের হাসিমুখে বুঝিয়েছেন যে পেশা পেশাই, ছেলে-মেয়ে ভেদ নেই। তাঁর ভালো ব্যবহারে একসময় কাজ হয়। পরে দেখা পেলে তারাই একগাল হেসে বলত, ‘ওস্তাদ, আসসালামু আলাইকুম’! হাসতে হাসতে বললেন, ‘মাঝেমধ্যে প্রয়োজনে পুলিশ গাড়ি থামিয়ে ড্রাইভিং সিটে আমাকে দেখে জিজ্ঞেস করে, “ড্রাইভার কে? সে কোথায়”?’ তবে তাঁর পুরুষ সহকর্মীরা তাঁদের কখনো নারী হিসেবে আলাদা চোখে দেখেন না। তিনি বলেন, ‘গাড়ি যখন চালাই, তখন নিজেও নিজেকে স্রেফ ড্রাইভারই ভাবি। শুধু মনে রাখি, যাত্রীকে নিরাপদে পৌঁছে দিতে হবে। রাস্তায় অন্য ড্রাইভারের সঙ্গে ঝগড়া, গালাগালিও করি না। নিজে ঠিকভাবে থাকলে আমাকে দেখে এ পেশায় আরেকটা মেয়ে তো উত্সাহী হতে পারে।’ দায়িত্বের প্রতি একনিষ্ঠ শিমু গর্ভাবস্থায়ও সাত মাস পর্যন্ত গাড়ি চালিয়েছেন। বললেন, ‘সে সময় একবার চাকা পাংচার হয়ে গেল রাস্তায়। নিচু হয়ে চাকা খুলতে গিয়ে মনে হচ্ছিল, বাচ্চা বুঝি গলার কাছে চলে আসছিল। তখনো দিশেহারা হইনি। শান্ত থেকে চিত্ হয়ে শুয়ে আস্তে আস্তে চাকা লাগিয়েছিলাম।’এখন পর্যন্ত নারী গাড়িচালকেরা শুধু প্রতিষ্ঠানগুলোতেই কর্মরত আছেন, বাসার গাড়িচালক হিসেবে মেয়েদের চাকরি দিতে অনেকেই রাজি হন না বলে জানান তিনি। একজন কর্মজীবী নারী বলে স্বামী তাঁকে নিয়ে আজ গর্বিত। কষ্ট এটুকু যে পেশার কারণে সময় দিতে পারেন না, তাই সন্তানকে সপ্তাহের পাঁচ দিনই রেখে আসতে হয় বোনের কাছে।