নকল সেমাই তৈরি ও বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার পুরান ঢাকায় একজনকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।আদালত সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার ছোট কাটারা এলাকার নাজিয়া স্টোরে অভিযান চালান। এ সময় প্রতিষ্ঠানে পাকিস্তানি কুলসান সেমাইয়ের বেশ কিছু প্যাকেট পাওয়া যায়।প্যাকেটের গায়ের লেখা অনুযায়ী আদালত ১৭, ছোট কাটারা, চকবাজার এলাকায় ওই সেমাই তৈরি ও বাজারজাতকারী সাজিদ ফুড প্রোডাক্টসের গুদামে অভিযান চালান। সেখানেও ৫০০ কার্টন ও ৪০০ ঝুড়ি নকল সেমাই পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সেমাইয়ের প্যাকেটে পাকিস্তানি সেমাই উল্লেখ করলেও মূলত এ কারখানাটি কামরাঙ্গীর চরের আশরাফাবাদে অবস্থিত। এ ছাড়া সেমাই তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্সও নেই।এই অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক কায়সার উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা, র্যাব-১০, মহানগর দাঙ্গা পুলিশ ও চকবাজার থানার পুলিশ আদালতকে সহায়তা করেন।