ড্রাগ লাইসেন্স ছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় ওষুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগে আজ বুধবার রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত হার্বস ফার্মা লিমিটেডের মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে অন্য একটি প্রতিষ্ঠানের মালিককে থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হার্বস ফার্মা লিমিটেডের মালিক আবদুল্লাহ জিয়া তাঁর বাসায় নিজস্ব ব্যবস্থাপনায় রং, স্যাকারিন, মোটাতাজাকরণ ক্ষতিকর ডেক্সামেথাসন ট্যাবলেট ও বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করে হেলথ টনিক নামের একটি পণ্য তৈরি ও বাজারজাত করে আসছিলেন। ওষুধটি তৈরি ও বাজারজাতকরণের জন্য তাঁর ড্রাগ লাইসেন্স ছিল না। এমনকি কোনো ল্যাব ও রসায়নবিদও ছিলেন না। ভ্রাম্যমাণ আদালত আজ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে আবদুল্লাহ জিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।এ ছাড়া ড্রাগ লাইসেন্স ছাড়া হার্বাল পণ্য বিক্রি করায় আদালত একই ঠিকানার ন্যাচারাল হার্বস লিমিটেডের মালিক হাসান কবিরকে বাড্ডা থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। এ সময় ঢাকা মহানগর দাঙ্গা পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।