সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে এবং এরপর একজন মাত্র প্রার্থী থাকলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাবে এই বিধান অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে বিরোধী দল বিএনপি ও বিশেষজ্ঞরা এ ধরনের বিধানকে বিতর্কিত বলে মন্তব্য করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, আরপিওতে এ ধরনের বিধান যুক্ত করা হলে বিএনপি আপত্তি জানাবে। কারণ, কোথাও প্রার্থীর সংখ্যা দুজন থাকলে কমিশন উদ্দেশ্যমূলকভাবে একজনকে জেতানোর জন্য এই ক্ষমতার অপপ্রয়োগ করতে পারে।আরপিওর ৯১-ই ধারা অনুযায়ী, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার অযোগ্য হতে পারেন। তবে তার আগে কমিশন অভিযুক্ত প্রার্থীকে শুনানির যুক্তিসংগত সুযোগ দিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেবে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে কমিশন সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্য প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর যদি একজন প্রার্থী অবশিষ্ট থাকেন, তবে সেই আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে।নতুন প্রস্তাবে বলা হয়েছে, একজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর যদি বৈধ প্রার্থী হিসেবে একজন অবশিষ্ট থাকেন, তবে সেই প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, এ ধরনের বিধান কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ, কমিশন বিশেষ কোনো প্রার্থীকে জেতানোর জন্য অপর কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারে। অথবা কমিশন যৌক্তিকভাবেও যদি কারও প্রার্থিতা বাতিল করে এবং অপর একজন প্রার্থীকে যদি বিজয়ী ঘোষণা করে, সে ক্ষেত্রেও কমিশনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে।কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশনের এই প্রস্তাবের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের পর্যবেক্ষণেও আপত্তি তোলা হয়েছে। তবে চূড়ান্ত প্রস্তাবে কমিশন নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছে। চলতি সপ্তাহের মধ্যে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, আরপিওর ১৯ ধারা অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সময় এক বা একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে এবং এ ক্ষেত্রে একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলে তাঁকে বিজয়ী ঘোষণা করতে হবে। সেই বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সংশোধনী প্রস্তাব করা হয়েছে।