একজনের মৃত্যুদিনে অন্যের জন্মদিন হওয়াটা অন্যায় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘মানুষের জন্ম-মৃত্যু আল্লাহ নির্ধারণ করেন। যেদিন একজন মৃত্যুবরণ করে, সেদিন আরও অনেকেরই জন্ম হয়। এটাই স্বাভাবিক। তাই কারও মৃত্যুদিনে অন্য কারও জন্মদিন পালন করলে সেটাকে কটাক্ষ করার অধিকার কারও নেই। এটি অন্যায় হওয়ারও কথা নয়।’ আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ আয়োজিত ‘দেশরক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক, আয়োজক সংগঠনের সভাপতি এম এম মেহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন, দেশ এখন মহাসংকটে। সরকার চারদিকে দুর্নীতিতে নিমজ্জিত। তারা জনগণের সম্পদ জনগণের জন্য ব্যয় না করে কতিপয় ব্যক্তির জন্য ব্যবহার করছে। তিনি বলেন, আগামী সরকার হবে বিএনপির সরকার এবং তা হবে দুর্নীতিমুক্ত। বর্তমানে যাঁরা দুর্নীতি করছেন, তাঁদের বিচার করা হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর আন্দোলনে নামার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, শুধু কথা বা আলোচনার মাধ্যমে শেখ হাসিনা দাবি মেনে নেবেন না। এ জন্য রাজপথে বৃহত্তর অন্দোলন গড়ে তুলতে হবে।