বড়পুকুরিয়া কয়লাখনিতে আজ মঙ্গলবার সংঘটিত দুর্ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। বেলা দুইটার দিকে ভূগর্ভস্থ খনি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন চীনা ও দুজন বাংলাদেশি শ্রমিক এখনো নিখোঁজ।খনি সূত্রে জানা যায়, খনির দুর্ঘটনায় নিহত ওই শ্রমিকের নাম রঞ্জিত (৩৮), টোকেন নম্বর: ৪৭৫, কার্ড নম্বর: ১৩১। তিনি পার্শ্ববর্তী কামারপাড়া গ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনার শিকার ২৯ জনের মধ্যে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে খনি কর্মকর্তারা জানিয়েছেন।এর আগে উদ্ধার হওয়া শ্রমিকেরা দুর্ঘটনায় রঞ্জিত ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিককে মৃত অবস্থায় দেখেছেন বলে জানান। তবে জাহাঙ্গীর নামের এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।আজ সকাল ১০টার দিকে কয়লা উত্তোলনের সময় খনির ১১০৮ নম্বর ফেজে ভূমিধসের সৃষ্টি হয়। এতে ওই ফেজে কর্মরত শ্রমিকেরা আটকা পড়েন।