সংগীতের ক্ষেত্রে গত ৪০ বছরে আমাদের ব্যাপক অর্জন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বড় অর্জন হলো, আমরা নিজেদের তুলে ধরার একটা বড় সুযোগ পেয়ে গেলাম। যেটা এর আগে কখনো সম্ভব হয়নি। বেশির ভাগ সুযোগই তখন ভোগ করেছে পশ্চিম পাকিস্তানিরা। আমাদের পরিবেশনের ক্ষেত্রটা তখন খুব সংকীর্ণ ছিল। সবকিছুই সীমাবদ্ধ ছিল পূর্ব পাকিস্তানের মধ্যে। স্বাধীনতার পর আমরা সব ধরনের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাই। যেন একটা খোলা আকাশ পেয়ে গেলাম।এর ফলে গান শেখার ব্যাপারে ছেলেমেয়েদের মধ্যে আগ্রহ বেড়েছে। একসময় রবীন্দ্রসংগীত পরিবেশনের ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল, কিন্তু এখন বাংলাদেশে রবীন্দ্রসংগীতচর্চার ব্যাপক প্রসার ঘটেছে। ছায়ানট ও সুরের ধারার পাশাপাশি আরও অনেক প্রতিষ্ঠানে রবীন্দ্রসংগীত নিয়মিত শেখানো হচ্ছে। সত্যি বলতে, ভারতের পশ্চিমবঙ্গের চেয়েও আমরা এ ক্ষেত্রে অনেক এগিয়ে গেছি। বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পীদের গান ওখানকার শ্রোতাদের কাছে নানাভাবে সমাদৃত হচ্ছে। কলকাতার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান এখন আমাদের শিল্পীদের অ্যালবাম প্রকাশের ব্যাপারে বেশি আগ্রহী। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে আমাদের শিল্পীদের গান করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরাও সেখানে যাচ্ছি। শুধু বাংলাদেশিই নয়, বিদেশিরাও সেখানে গান শুনতে আসছেন। মুগ্ধ হচ্ছেন। কলকাতায় একসময় কাজী নজরুল ইসলামের গানের কথা ও সুর বিকৃত করে বিভিন্ন শিল্পীর গাওয়া অসংখ্য রেকর্ড বেরিয়েছে। এমনকি তারা ওই সব গানের স্বরলিপিও তৈরি করেছে। কিন্তু সবচেয়ে আশার ব্যাপার হলো, বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট নজরুলের সঠিক বাণী ও সুরের ওপর ভিত্তি করে স্বরলিপি তৈরির উদ্যোগ নেয়। এর ফলে নজরুলের গান ব্যাপক বিকৃতি ও ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায়। এখন নজরুল ইনস্টিটিউটের স্বরলিপি বাংলাদেশে তো বটেই, ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও অনুসরণ করছে। বাংলাদেশের লোকসংগীত ও মরমি গান এখন আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। বাংলাদেশে এই গানের ওপর অনেকেই গবেষণা করছেন, বিদেশি গবেষকেরাও আসছেন এখানে। আমাদের শিল্পীদের লোকগান ও মরমি গান বিদেশি শ্রোতারা শুনতে আগ্রহী হচ্ছে। এ ধরনের গান শোনার জন্য এখন নানা দেশ থেকে আমাদের শিল্পীরা আমন্ত্রণ পান। এসব লোকগানের সুর ওই সব দেশের শ্রোতাদের নানাভাবে আকৃষ্ট করছে। বিভিন্ন ভাষায় এখন আমাদের লোকগান ভাষান্তর হচ্ছে। বিশেষ করে লালনের গান। এই গান গেয়ে ফরিদা পারভীন অনেক দেশে প্রশংসিত হয়েছেন। সম্প্রতি তিনি জাপানের ফুকুয়াকা পুরস্কার পেলেন। এটা আমাদের লোকগানের জন্য একটা বড় স্বীকৃতি। আরেকটা ব্যাপার ইদানীং আমি বেশ লক্ষ করছি, আমাদের লোকগান কলকাতার শিল্পী ও ব্যান্ডগুলো লুফে নিচ্ছে। এই গান এখন তারা চর্চা করছে। আমাদের আধুনিক গান এখন যথেষ্ট সমৃদ্ধ। অনেক গীতিকার, অনেক সুরকার। অসংখ্য শিল্পী। পাশ্চাত্যের নানা সুর ও স্টাইল নিয়ে আমাদের এখানে নিরীক্ষা হচ্ছে। তার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে নতুন নতুন গান। আবার সেগুলো জনপ্রিয়তাও পাচ্ছে। দারুণ জনপ্রিয়তা পেয়েছে ব্যান্ডের গান। আমার ভাষায়, তারুণ্যের গান। এসব গানে তরুণেরা আনন্দ পাচ্ছে। আমাদের ব্যান্ডগুলো এখন বিদেশেও পারফর্ম করছে। আগে রেডিওতে একজন শিল্পী মাসে, দুই মাসে একবার গান করার সুযোগ পেতেন। কিন্তু এখন ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় রেডিওর কেন্দ্র হয়েছে। স্থানীয় শিল্পীরা সেখানে গান করার সুযোগ পাচ্ছে। স্বাধীনতার আগে এটা ভাবাই যায়নি। আগে ছিল শুধু বিটিভি, এখন অনেকগুলো টিভি চ্যানেল। আর এখানে গান একটা নিয়মিত ব্যাপার। নানা ধরনের গান দিনের বিভিন্ন সময় প্রচার করা হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পরপরই রবীন্দ্রসংগীতের ওপর পড়াশোনা করার জন্য বৃত্তি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পান পাপিয়া সারোয়ার। আমিও ওখানে পড়াশোনা করেছি। এর পর থেকে শুধু শান্তিনিকেতন নয়, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের নানা দেশে এখন আমাদের ছেলেমেয়েরা সংগীতের ওপর পড়াশোনা করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়-গুলোতেও সংগীতের ওপর উচ্চতর পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। আগে কলকাতার এইচএমভি কিংবা গ্রামোফোন কোম্পানি থেকেই শুধু শিল্পীদের অ্যালবাম বের করা হতো। গান থাকত দুটো কিংবা চারটা। কলকাতার কথা না হয় বাদই দিলাম, এখন আমাদের এখানেই অসংখ্য প্রযোজনা প্রতিষ্ঠান। যে কেউ এখন অডিও অ্যালবাম করতে পারছে। শ্রোতারাও নিজেদের পছন্দমতো গান শুনতে পারছে। ঢাকাসহ সারা দেশে আয়োজন করা হচ্ছে বিভিন্ন দিবস উপলক্ষে নানা উৎসব। এমনটা স্বাধীনতার আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী, পয়লা বৈশাখ, চৈত্রসংক্রান্তি, বিজয় উৎসব, স্বাধীনতা দিবস উদ্যাপন, লালন উৎসব, বিভিন্ন ঋতুকে বরণ—এমনি নানা আয়োজন হচ্ছে। এসব আয়োজনে ঢল নামছে লক্ষ মানুষের। আমাদের সংস্কৃতির শক্তির প্রমাণ হচ্ছে এই উৎসবগুলো।আমি বিশ্বাস করি, বিশ্বায়নের এই যুগে গানই পারে সবার মধ্যে একটা চমৎকার মেলবন্ধন তৈরি করতে। গানের ক্ষেত্রে আমাদের এত সব অর্জন সেই সুন্দর ভবিষ্যতেরই দিকনির্দেশনা দিচ্ছে। রেজওয়ানা চৌধুরী বন্যা: রবীন্দ্রসংগীত শিল্পী