একটা দিন গ্রামে বিনামূল্যে সেবা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি বিশ্বাস করি, চিকিৎসকেরা তাদের সামাজিক দায়বদ্ধতার বিষয়ে যথেষ্ট সচেতন।’ প্রধানমন্ত্রী সব চিকিৎসককে অন্তত এক দিন নিজ নিজ গ্রামে গিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, ‘তাহলে অনেক দরিদ্র লোক বিশেষভাবে উপকৃত হবে। একটা দিন ঠিক করেন, যেদিন আপনারা শুধুমাত্র আপনার নিজের গ্রামের মানুষকে সেবা দেবেন।’ এ জন্য প্রয়োজনে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ব্যবহার করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।আজ শুক্রবার ঢাকায় হূদরোগ নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বেসরকারি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ওই সম্মেলনের আয়োজন করে।শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেন, ক্ষুদ্র স্বার্থবাদিতার বশবর্তী থেকে স্বাস্থ্যসেবাকে কখনোই বাণিজ্যিকীকরণ করবেন না। সাধারণ মানুষও যাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। শেখ হাসিনা বলেন, বিশ্বে হূদরোগে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্বে এ হার বেশি, উন্নয়নশীল দেশেও এটি একটি বড় সমস্যা। ২০০৯ সালে বিশ্বে এক কোটি ৮৭ লাখ মানুষ হূদরোগে মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৫ শতাংশ। দক্ষিণ এশিয়াতেও হূদরোগ একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রায় প্রত্যেক পরিবারে হূদরোগী খুঁজে পাওয়া যায়। তিনি বলেন, জাতীয় উৎপাদনশীলতা বাড়ানোর জন্য হূদরোগের ঝুঁকি কমানো অত্যন্ত জরুরি। যথাযথ পরিচর্যা, নিয়মতান্ত্রিক জীবনযাপন, উন্নত চিকিত্সা হূদরোগের ঝুঁকি কমানোর মূল উপায়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম, এম জালালউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।