একটা পূর্ণাঙ্গ ও বিশেষ আইন প্রণয়ন করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী, আইনজীবী ও সাংসদকোনো অপরাধ যখন অপ্রতিরোধ্য হয়ে যায়, প্রচলিত আইনে কোনো অপরাধ দমন বা নিয়ন্ত্রণ যখন অসম্ভব হয়ে পড়ে, বিদ্যমান বিচার-ব্যবস্থার ফাঁকফোকরকে পুঁজি করে কোনো অপরাধের বল্গাহীন বিস্তৃতি যখন বিদ্যমান আইনি কাঠামোকে হাস্যকর করে তোলে, তখনই প্রয়োজন হয় বিশেষ আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এসিড-সন্ত্রাস আইন—এসব বিশেষ আইন এভাবেই এসেছে। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সমস্যাও এখন ওই অপ্রতিরোধ্য পর্যায়ে। এমন কোনো দিন নেই, যে দিন দেশে সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হওয়ার একাধিক ঘটনা ঘটছে না। তবে প্রচলিত আইনে ঘাতকের শাস্তি মাত্র তিন বছর। সেটা হলো দণ্ডবিধির ৩০৪(বি) ধারা; তাও আবার জামিনযোগ্য। জামিন চেয়ে ঘাতক-চালক যেই আদালতে বললেন, ‘হুজুর আদালত, আমি গরিব, গাড়ি চালাতে না পারলে খাব কী? বউ-বাচ্চা নিয়ে আমাকে তো না খেয়ে থাকতে হবে...।’তখনই আদালত দয়াপরবশ হয়ে ঘাতক বাস-ট্রাকচালককে মালিকের জিম্মায় দিয়ে দিচ্ছেন। তাতে ঘাতক-চালক, সংযত হওয়ার পরিবর্তে দিন দিন আরও উদ্ধত ও বেপরোয়া হয়ে উঠছেন। এ বেপরোয়া যান চালানোর লাগাম টানার এখনই সময়। সেটা করতে চাইলে অবশ্য দণ্ডবিধির ৩০৪(বি) ধারা সংশোধন করা প্রয়োজন। সে ক্ষেত্রে বেপরোয়া যান চালনার মৃত্যু ঘটানোর সাজা কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড করা উচিত। অথবা এ বিষয়ে বিদ্যমান আইনের সব ফাঁকফোকর ঢেকে একটা পূর্ণাঙ্গ ও বিশেষ আইন প্রণয়ন করা যেতে পারে, যেখানে যানবাহন চলাচলজনিত সব অপরাধ অন্তর্ভুক্ত থাকবে এবং বেপরোয়া যান চালনার মৃত্যু ঘটানোর সাজা কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। সেখানে দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকে চিকিত্সা খরচ ও পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ আনুষঙ্গিক সহায়তা দেওয়ার বিধানও থাকবে। অন্যদিকে ৩০৪(বি) ধারায় কিংবা বিশেষ আইনে অপরাধটি জামিন-অযোগ্য করতে হবে। ঘাতক যান ও চালককে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের জিম্মায় রাখতে হবে। এ সময়টুকুতে তাঁদের কোনোভাবে মালিকের জিম্মায় দেওয়া যাবে না। কারণ, এটা তাঁদের অপরাধটি পুনরায় সংঘটনে উত্সাহিত করে। তবে কাজটা সহজ হবে না। কারণ, বাস-ট্রাক চালক-মালিক ঐক্য সমিতির ঐক্যবদ্ধ ও অপ্রতিরোধ্য আন্দোলন এবং অব্যাহত পরিবহন ধর্মঘটের মুখে ১৯৮২-৮৫ পর্যন্ত তত্কালীন সরকারকে বেপরোয়া যান চালিয়ে মৃত্যু ঘটানোর সাজা দুই দফায় কমিয়ে ১৪ বছর থেকে তিন বছরে নিয়ে আসতে হয়। আমি মনে করি, এটা বিচারকামী মানুষের বিশাল ব্যর্থতা। আশা করি, সরকার এবার অন্তত ঘাতকদের পক্ষাবলম্বন করবে না। কোনো বিবেকবান মানুষও ঘাতকের পক্ষ নিতে পারে না। এ জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। প্রয়োজনে আন্দোলন গড়ে তুলতে হবে। তবে বলে রাখা ভালো, আমাদের আন্দোলন শুধু ঘাতকের বিরুদ্ধে, নিয়ম মেনে চলা চালকের বিরুদ্ধে নয়। আমরা আইন চাইছি, বেপরোয়া যান চালনার বিরুদ্ধে, নিয়ন্ত্রিত ও আইনানুগ যান চালনার বিরুদ্ধে নয়। উল্লেখ্য, কয়েক দিন আগে জনগুরুত্বসম্পন্ন এতদ্সংক্রান্ত একটা নোটিশ আমি সংসদে পেশ করি। নোটিশটি আইনমন্ত্রীর উত্তর প্রদানের জন্য স্পিকার কর্তৃক গৃহীত হয়েছে এবং এটি সংসদের আজকের (রোববার) আলোচ্যসূচিতে আসার সম্ভাবনা আছে।