একটা সময় বুঝলাম আমাকে বাবার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখেছেন রুহিনা তাসকিন‘ছোট্ট একটা মেয়ের জন্য যেন বিরাট বড় মাপের একটা জুতো। মেয়েটি কি পারবে জুতোটা পায়ে গলিয়ে এগিয়ে যেতে? নাকি জুতোটা কেটেছেঁটে তার মাপে আনতে হবে?’ ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) পরিচালক হিসেবে মাহ্রুখ মহিউদ্দীন তাঁর যাত্রার কথা বলেন এভাবেই।‘ইউপিএলের অর্জন অনেক। বাবা নীরবেই কাজ করে গেছেন। এ প্রতিষ্ঠানকে শুধু একটা ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে দেখা যায় না। এটি একধরনের সোশ্যাল অ্যাকটিভিজম। বলা যায়, সোশ্যাল বিজনেসের একটি আদর্শ উদাহরণ ইউপিএল! যেমন—গত বছর আমরা বইয়ের ক্যাটালগ করতে গিয়ে দেখলাম, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের প্রায় ৮০টি প্রকাশনা আছে। তার মধ্যে বেশ কয়েকটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও নিরপেক্ষ দলিলের মতো। এটা আমার জন্য ছিল খুবই চমকপ্রদ একটি আবিষ্কার। বাবা নিজেও শুনে অবাক হয়েছিলেন।’ বলেন মাহ্রুখ।ব্যবসা প্রশাসনে পড়াশোনা করে মাহ্রুখ চেয়েছিলেন উন্নয়ন খাতে কাজ করতে। স্নাতকোত্তর করেন জনস্বাস্থ্য বিষয়ে যুক্তরাষ্ট্রে। তখনো বাবা মহিউদ্দীন আহমেদের সঙ্গে কাজ করার তেমন কোনো চিন্তা ছিল না তাঁর। ‘পড়া শেষে তখন দেশে ফিরে আসার কথা ভাবছি। সেই সময় আমাদের একটা সম্মেলনে এলেন ড. রওনক জাহান। তিনিই বললেন, “তুমি ইউপিএলে যোগ দিচ্ছ না কেন?” তখনো এ নিয়ে তেমন ভাবিনি। দেশে ফিরে প্রায় দুই বছর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার কাজ করলাম। এর ফাঁকে সুযোগ হলে ইউপিএলেও সময় দিতাম। একসময় মনে হতে লাগল, আমি হয়তো কোনো কাজেই পুরো মনোযোগ আর সময় দিতে পারছি না। মা-বাবা আমাকে এ নিয়ে কখনোই কিছু বলেননি। কিন্তু একটা সময় বুঝলাম, বাবার আমাকে প্রয়োজন। ২০১০-এর মার্চে কনসালট্যান্ট হিসেবে যোগ দিলাম ইউপিএলে।’ বলেন তিনি। এখন এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করছেন তিনি।বাবাকে তো কাজ করতে দেখেছেনই ছেলেবেলা থেকে, এ ছাড়া বইয়ের প্রকাশনা উৎসবগুলোতে যেতেন। টুকটাক সম্পাদনাও করেছেন ইউপিএলের জন্য। স্কুল-কলেজেও ম্যাগাজিনসহ নানা প্রকাশনার কাজ করেছেন মাহ্রুখ। এ কারণে ইউপিএল পরিচালনার কাজটা একেবারে অপরিচিত নয় তাঁর কাছে। তবে প্রযুক্তির পরিবর্তনে এখন পুরো প্রকাশনাশিল্পই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ‘আমরা দেশে ও দেশের বাইরে অন্যান্য প্রকাশনা কী করছে, তা দেখে বোঝার চেষ্টা করছি। বাবার এই জগতে সুনাম, গ্রহণযোগ্যতা আছে। অনেকেই তাই আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসছেন। সবকিছুই কাজে লাগানোর চেষ্টা করছি।’ বলেন মাহ্রুখ।ইউপিএলে যোগ দিয়েই বেশ একটা কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে তাঁকে। তবে এটা তাঁকে আরও পরিণত করবে বলে মনে করেন তিনি।বাবা তো আছেনই। এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকর্মীদের কাছ থেকেও নতুন অনেক কিছু শিখছেন মাহ্রুখ। ‘আমাদের প্রতিষ্ঠানের একদম শুরু থেকে সব তথ্য আমাদের কাছে সংরক্ষণ করা আছে। আর সেটা করা হয়েছে পুরোপুরি কাগজে-কলমে। কোনো সফটওয়্যার, ইন্টারনেটের সাহায্য ছাড়াই আমাদের কর্মীরা সেটা করেছেন। এই মানুষগুলোর প্রতি আমার অনেক শ্রদ্ধা। তাঁদের কাছ থেকেই আমি অনুপ্রেরণা পাই। আমি যোগ দেওয়ায় তাঁরা অনেক খুশি হয়েছেন। তাঁদের অনেকেই আমাকে ডাকনামে ডাকেন। আমাকে ছোটবেলা থেকে দেখেছেন। কিন্তু পেশাগত দিকটিতে আমার সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা। তাঁদের সমর্থন আমার কাছে অনেক মূল্যবান।’ বলেন তিনি।বাবা আর তাঁর নিজের কাজের ধরন একদমই ভিন্ন বলে মনে করেন মাহ্রুখ। ‘বাবা এখনো এক দিনে যা কাজ করেন, তার ১০ ভাগও আমরা পারি না। একাই সব সামলেছেন। আমি আবার সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করি। বাবা এখনো রাতদিন পড়ে থাকেন কাজ নিয়ে। একটা কাজই খুব মনোযোগ দিয়ে করেন। আমি সেভাবে পারি না।’বাবা-মেয়ের আবার মতবিরোধও অনেক হয় বলে জানালেন তিনি। তবে এটাকে ইতিবাচক বলেই মনে করা যায়। ‘প্রচুর তর্ক হয় আমাদের মধ্যে। আর এ থেকেই কোনো সিদ্ধান্তের ভালোমন্দ দিক বেরিয়ে আসে। আবার মাঝে মাঝে আমরা দুজনই বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। আমি ভাবি, বাবা কেন আমার কথা বুঝতে পারছেন না। বাবাও হয়তো তা-ই ভাবেন। তখন মনে হয়, মেয়ে না হয়ে আমাদের মধ্যে শুধু কাজের সম্পর্ক থাকলে হয়তো এমন হতো না।’ইউপিএলের বিপণন বিভাগটি আরও জোরদার করতে চান মাহ্রুখ। ‘বাবাও আমার পরিকল্পনায় সমর্থন দিচ্ছেন। আবার আমরা অতি উচ্চাভিলাষী হয়ে উঠলে সেই জায়গাগুলো ধরিয়ে দিচ্ছেন।’মা মেহতাব খানম মনোবিজ্ঞানী ও অধ্যাপক। ‘বাড়িতে মা-ও অনেক সময় বিরক্ত হন। বলেন, সারাক্ষণ শুধু কাজের কথা।’ মুচকি হেসে জানালেন মাহ্রুখ।‘প্রকাশনাশিল্পে এখন পরিবর্তন আসছে। আমরা শুধু দেশের গণ্ডিতেই নিজেদের আটকে রাখিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইউপিএলের খ্যাতি আছে। এ ছাড়া বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে এবং যে লোকায়ত জ্ঞান আমরা প্রকাশনার মাধ্যমে সংরক্ষণ ও বিস্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তা দেশের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখতে পারে। সেটা নিয়েও ভাবছি।’ সামনের দিনগুলো ইউপিএলের জন্য খুব গুরুত্বপূর্ণ মানেন মাহ্রুখ। আর এ জন্য বাবা যত দিন পাশে আছেন, তাঁর কাছ থেকেই শিখে নিতে চান সবকিছু।