একটাই পৃথিবী, আমাদের একসঙ্গেই বাঁচতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নভোচারী রোনাল্ড জে গারান বলেছেন, দেশে দেশে সীমান্ত থাকলেও আমাদের পৃথিবী একটাই। আমরা মানবজাতি একটাই পরিবার। কাজেই পরস্পরের সঙ্গে বিবাদ না করে একসঙ্গেই আমাদের বাঁচতে হবে। একসঙ্গেই মানবকল্যাণে কাজ করতে হবে। বসবাসযোগ্য করতে হবে পৃথিবীকে। আজ শুক্রবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে দেওয়া বক্তৃতায় মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন নভোচারী গারান এ কথা বলেন। এ সময় তিনি উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।পৃথিবীতে বিভিন্ন দেশে-জাতিতে যে সংঘাত-বিভক্তি আছে—সেটা কীভাবে দূর করা যায়, এমন এক প্রশ্নের জবাবে গারান বলেন, ‘মহাকাশে পৌঁছানোর পর নভোযানের জানালা থেকে পৃথিবীর ছবিটা দেখে মুগ্ধ হয়েছিলাম। আমার তখন মনে হয়নি পৃথিবীতে মানুষে এত বিভক্তি আছে। বরং মনে হয়েছে আমরা সবাই একটি পরিবার। আমার মনে হয় মানুষ এখন বিষয়টি বুঝতে পারছে। প্রযুক্তির এই যুগে পৃথিবী ছোট হয়ে আসছে। মানুষে মানুষে যোগাযোগ বাড়ছে। এই যোগাযোগ, সংলাপ—এগুলো আমাদের পরস্পরকে আরও কাছে নিয়ে আসবে।’ মহাকাশ থেকে দক্ষিণ এশিয়া কেমন দেখছেন আর বাস্তবে বাংলাদেশে এসে কেমন লাগছে জানতে চাইলে গারান বলেন, ‘মহাকাশ থেকে এশিয়া দেখতে অনেক সুন্দর। বিশেষ করে হিমালয়, অসংখ্য নদী এগুলো চোখে পড়ে। আর বাংলাদেশ সম্পর্কে আমি আগেই জানতাম। সর্বশেষ মহাকাশ অভিযানের সময় ড. ইউনূসের লেখা ‘ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথআউট পোভার্টি’ বইটি আমি নিয়ে গিয়েছিলাম। বাংলাদেশে এসে আরও ভালো লাগছে। এখানকার মানুষের প্রাণশক্তি, আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।’নভোযানের অভিজ্ঞতা সম্পর্কে গারান বলেন, পৃথিবীতে যেখানে ২৪ ঘণ্টায় দিন-রাতের পরিবর্তন হয়, মহাকাশে তা ঘটে দিনে ১৬ বার। শুরুতে কিছুটা সমস্যা হয় কিন্তু আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। আর মানবদেহ সবকিছুর সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে।মহাকাশ গবেষণা মানুষের কী কী কাজে লাগতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পৃথিবীটাকে আরও উন্নততর বসবাস উপযোগী করতেই মহাকাশের সব গবেষণা। পরিবেশ, খনির সন্ধান কিংবা প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস, ওষুধের আবিষ্কার—এ সব কিছুর জন্যই মহাকাশ গবেষণা কাজে লাগতে পারে।ড. ইউনূস সম্পর্কে বলতে গিয়ে গারান বলেন, ‘দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক ব্যবসা একটি ভালো উদ্যোগ হতে পারে। তাই আমি ড. ইউনূসের সঙ্গে আছি। এ কারণেই বাংলাদেশে আসা।’ নভোচারী হওয়ার ইচ্ছা সম্পর্কে বলতে গিয়ে গারান বলেন, ‘সাত বছর বয়সেই আমার মধ্যে এই স্বপ্ন তৈরি হয়। আমার মনে হয় কোনো কিছুই অসম্ভব নয়। মানুষ চাইলেই তার স্বপ্ন পূরণ হয়।’ গারানের বক্তব্য শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘গারান বলেছেন তিনি মহাকাশ থেকে ভারত-পাকিস্তান সীমান্তে হাজার হাজার মাইলজুড়ে আলো দেখেছেন। পাকিস্তানে যেখানে বিদ্যুতের সংকট সেখানে সীমান্তে আলো জ্বালাতে বিদ্যুতের অপচয় করা হচ্ছে। এর মানে সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে না।’ গারান আরও বলেছেন, ‘মানুষের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। ড. ইউনূস যেমন দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছেন। অর্থাত্, মানুষ চাইলেই সম্ভব। আমরা যদি আমাদের সম্পদ যথাযথভাবে কাজে লাগাই তাহলে অনেক কিছুই সম্ভব।’বক্তব্য শুরুর আগে মার্কিন এই নভোচারী মহাকাশ থেকে তোলা ছবি ও তথ্যচিত্র দেখান। কখনো বরফ, কখনো সাগর, কখনো মরুভূমি, কখনো সূর্যের, কখনো বা চাঁদের আলোয় পৃথিবীর এসব ছবি দেখে মুগ্ধ হতে হয়। গারানও বললেন সেই মুগ্ধতার কথাই। তাঁর মতে, আমাদের পৃথিবীটা অনেক অনেক সুন্দর। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার নয়।