একটাই প্রশ্ন, গরুর দাম কত
বাবা সরকারি চাকরি করতেন। এ জন্য বিভিন্ন সময় বিভিন্ন জেলায় থাকতাম। নারায়ণগঞ্জে একবার কোরবানির ঈদ করলাম। তখন সম্ভবত আমি অষ্টম শ্রেণীর ছাত্র। পাড়া-প্রতিবেশীরা সবাই কোরবানি দেওয়ার জন্য গরু কিনে ফেলেছেন। আমাদের গরু কেনা হয়নি। বাবাও তখন অফিসের কাজে ঢাকায় এসেছেন। মন ভীষণ খারাপ। ঈদের বাকি মাত্র চার দিন। রাতে বাবা বাসায় এলেন। আমি বাবাকে গিয়ে বললাম, সবাই তো গরু কিনেছে, আপনি কবে কিনবেন?বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, আগের দিন গরু কিনব। খুবই খুশি হলাম। অপেক্ষা করতে লাগলাম, ঈদের আগের দিনটা কবে আসবে। অবশেষে সেই মুহূর্ত এল। দুপুরের পরই আব্বা আমাকে নিয়ে গরুর হাটে গেলেন। কিন্তু এ কী, হাটে মানুষ অনেক, কিন্তু গরু সেই তুলনায় নেই। তাড়াতাড়ি অন্য এক হাটে নিয়ে গেলেন বাবা আমাকে। আমার মনে হলো ঈদের জামাকাপড় কেনার যে আনন্দ থাকে, তার চেয়েও বেশি আনন্দ এই গরু কেনার মধ্যে।এই হাটে অনেক গরু আছে। মানুষের ভিড় সামলে একটি গরু পছন্দ করলেন বাবা। আমার খুবই ইচ্ছা করছিল, গরুর রশিটা হাতে নেব। কিন্তু গরুর মালিক বললেন, আমার হাত থেকে গরু ছুটে পালাতে পারে। এরই মধ্যে শোনা গেল, একটা বড় গরু নাকি রশি ছিঁড়ে পালিয়েছে। আর সেই গরুর পেছনে পেছনে মানুষ ছুটছে। এ কথা শোনার পর আর গরুর রশিটা হাতে ধরার সাহস করলাম না। গরু নিয়ে বাসার দিকে রওনা হলাম। গরুর সঙ্গে সঙ্গে আমিও হাঁটছি। মাঝেমধ্যেই গরুটা থেমে যাচ্ছিল। তখন আমিও থেমে যাচ্ছি। গরুর জন্য খড় কিনলাম। সেই খড় হাতে তুলে নিলাম আমি। একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। মানুষ বারবার প্রশ্ন করে, গরুর দাম কত? না হলেও ৫০ জনকে উত্তর দিলাম আমি আর বাবা। আমাদের মতো আরও অনেকেই গরু কিনে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এবার আমি যখনই দেখি কেউ গরু নিয়ে যাচ্ছে, তখন আমি তাকে প্রশ্ন করি, ভাই, গরুর দাম কত?বাবা বললেন, তুমি চাচা ডাকবে। তোমার চেয়ে ওরা বয়সে অনেক বড়। ততক্ষণে নিজের ভুলটা উপলব্ধি করলাম। এরপর যাকেই দেখি, তাকেই বলি, চাচা গরুর দাম কত? তাদের কাছ থেকে দাম শোনার পর মনে হলো, আমরা সঠিক মূল্য দিয়েই গরুটা কিনেছি। কোরবানির দিন যখন গরুটাকে জবাই করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন এক ধরনের মায়া হচ্ছিল। বাবা বললেন, কোরবানি দেওয়াই হয় প্রিয় কোনো কিছুকে। আজ খুশিমনে সেই কোরবানি দিচ্ছি আমরা।এবার নায়ক হওয়ার পর কোরবানি দেওয়ার কথা বলি।ঈদের আগের দিন পর্যন্ত আমাকে কাজ করতে হয়। আর গত কয়েক বছর এমন হয়েছে, প্রযোজকেরা পারলে ঈদের দিনও আমাকে দিয়ে কাজ করান। এর আগের কোরবানির ঈদের দিন তো আমাকে ব্যাংককে থাকতে হলো। ঈদের দিন শুটিং করতে হবে। ঈদের আগের দিন প্রযোজককে বললাম, ভাই, কোরবানি দিতে পারলে ভালো হতো। প্রযোজক বললেন, আচ্ছা দেখি, কী করা যায়। বিকেলে খবর পেলাম, এক জায়গায় গরু পাওয়া গেছে। আমি সন্ধ্যার পর সেই গরু দেখতে গেলাম। ঈদের দিন গরু কোরবানি দিলাম, এরপর আমরা শুটিং শুরু করলাম।এ তো গেল বিদেশের কথা। দেশে গরুর হাটে গিয়ে গরু কিনতে গেলে কী রকম বিব্রতকর অবস্থার সৃষ্টি হতে পারে, তা তো অনুমান করা যায়। তার পরও দুই বছর আগে গরু কেনার জন্য বাবার হাতে টাকা দিয়ে শুটিং করতে চলে গেলাম। শুটিং করে ফিরছিলাম গাজীপুর থেকে। রাত তখন দুইটা কি আড়াইটা। উত্তরার একটি গরুর হাটের সামনে গরু বহনকারী ট্রাকগুলোর জন্য গাড়ি থেমে গেল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল, মানুষের ভিড় তেমন নেই। মনে হলো একটু নেমে দেখি। যেই না নেমেছি, আর কিছুক্ষণের মধ্যেই মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ খবর পেয়ে ছুটে আসতে লাগল। একদিকে গরু আনা-নেওয়া করা হচ্ছে, আরেক দিকে মানুষ আমার আসার খবর পেয়ে ধেয়ে আসছে। এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। তারপর ড্রাইভার জোরসে হর্ন বাজিয়ে গাড়ি ছোটালেন। এয়ারপোর্ট রোডে দেখলাম অনেক গরু দাঁড়িয়ে আছে। গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে প্রশ্ন করলাম গরু বিক্রি করা হয়েছে কি না? তাঁরা জানালেন, গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে হাটে। এখানে ট্রাক নষ্ট হয়ে গেছে। তাই গরু নামিয়ে এখন হেঁটে হেঁটে হাটে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাবাকে ফোন করলাম। তিনি জানালেন, কিছুক্ষণ আগে বাড্ডা হাট থেকে তিনি একটি গরু কিনেছেন। আমার আর গরু কেনা হলো না। বাসায় ফিরে বাবার কেনা গরুটা দেখে মনটা ভরে উঠল। খুব সুন্দর একটি গরু কিনেছেন তিনি। এবার ইচ্ছা আছে, বাবাকে দিয়ে একটি উট কেনাব। কিন্তু গরুর হাটে আর যাওয়া হবে না আমার। [অনুলিখিত]অনুলিখন করেছেন: কামরুজ্জামান ও মাহফুজ রহমান