একটি অভিনব দলিল জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক প্রতারক চক্রের দলিল জালিয়াতির কারণে নিজের নামে কেনা এবং দখলে থাকা জমি হারাতে বসেছেন সুরাইয়া আখতার। তাঁর অভিযোগ, একটি প্রতারক চক্র ভুয়া মালিক সেজে, জাল দলিল করে, বন্ধক নিয়ে, সেই বন্ধকের টাকা ব্যাংক থেকে খেলাপি দেখিয়ে তাঁকে সর্বস্বান্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু সুরাইয়া জানতেন না কিছুই।আদালতে এ নিয়ে মামলা-মোকদ্দমার অগ্রগতি গড়িয়েছে অনেক দূর, তাঁর অজান্তেই। অবশেষে যখন সুরাইয়ার নজরে এল এই জালিয়াতির বিষয়, তখন আইন-আদালতের শেষ আশ্রয় নিতে হলো তাঁকে। কিন্তু তত দিনে আদালতের ডিক্রি এসে গেছে। ডিক্রি জারির মামলাও হয়েছে। কিন্তু সেই মামলায় কোনো কূলকিনারা করতে পারছেন না তিনি। তাই হাইকোর্ট বিভাগের শরণাপন্ন হয়েছেন তিনি।সুরাইয়া আখতার ১৯৮০ ও ১৯৮১ সালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় প্রায় ৪৬ শতাংশ জমি তাঁর নিজের নামে কেনেন। এর পর থেকে তাঁর নিজের দখলেই আছে জমি। ২০০৯ সালে তিনি একটি ব্যাংক থেকে বন্ধকি দলিল-মূলে জমি বন্ধক রেখে ঋণ নেন ব্যবসা পরিচালনার জন্য। ২০১০ সালের নভেম্বর মাসে হঠাৎ দুজন লোক এসে জমি মাপজোক করে। এ সময় তারা ইসলামী ব্যাংকের নিয়োজিত সার্ভেয়ার হিসেবে পরিচয় দেয়। তখনো সুরাইয়া বুঝতে পারেননি, ঘটনা অনেক দূর এগিয়ে গেছে। তিনি বিষয়টি জানতে ইসলামী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাংক থেকে জানানো হয়, ‘ঢাকা ট্যাগ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান এই সম্পত্তির অনুকূলে ঋণ নিয়েছে। সুরাইয়ার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে! তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান, ঢাকা ট্যাগ লিমিটেড নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই এবং ইসলামী ব্যাংকের সঙ্গে তাঁর কোনো লেনদেন নেই। এ নিয়ে লিখিতভাবেও ব্যাংককে জানান তিনি। এর মধ্যে জানতে পারেন, ২০০৪ সালেই অর্থঋণ আদালতে ঋণখেলাপের দায়ে কথিত ঢাকা ট্যাগ লিমিটেডের বিপক্ষে মামলা করে ইসলামী ব্যাংক। আদালত থেকে রায় আসে ব্যাংকের পক্ষে এবং ব্যাংকের পক্ষে ডিক্রি জারির মামলা করা হয় ২০০৭ সালে। এ মামলার কথা জানতে পেরে ২০১১ সালে আদালতে হাজির হয়ে ডিক্রি জারি রদ করার জন্য আবেদন করেন সুরাইয়া।আদালত ব্যাংক কর্তৃপক্ষকে মূল দলিল দাখিলের জন্য নির্দেশ দেন এবং স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু আদালতের আদেশ থাকা সত্ত্বেও মূল দলিল দাখিল করেনি ব্যাংক কর্তৃপক্ষ। পরে সুরাইয়া একটি মিস কেইস দাখিল করলে সেটি আদালত নামঞ্জুর করেন। সুরাইয়া তাঁর মূল দলিলের নামে জাল করা দলিলের ফটোকপি সংগ্রহ করে দেখতে পান, ঢাকা ট্যাগ লিমিটেডের নামে তৈরি করা এসব দলিলে তাঁর সইও জাল করা হয়েছে এবং সব হলফনামা ও দলিলে সুরাইয়া আখতারের নামের বদলে সুরাইয়া আক্তার নামের অন্য নারীর ছবি সংযুক্ত করা হয়েছে। এসব দেখিয়ে প্রকৃত জমির দাগ নম্বর ঠিক রেখে বিক্রয়ের দলিল করা হয়েছে। পরে ইসলামী ব্যাংক থেকে এসব দলিল দাখিল করে জমি বন্ধক নেওয়া হয়েছে।সুরাইয়া জাল দলিলের বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুস্পষ্ট জবাব পাননি বলে অভিযোগ করেন। এদিকে আদালতের আদেশ থাকা সত্ত্বেও মূল দলিল দেখাতে ইসলামী ব্যাংক গড়িমসি করছে বলে সুরাইয়া অভিযোগ করেছেন। এ বিষয়ে এ বছরেই তিনি একটি রিট আবেদন করেন হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ ঢাকার অর্থঋণ আদালত নম্বর-৪-এর দেওয়া ডিক্রি এবং জারি মামলা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারি করেন। আদালতের আদেশ থাকা সত্ত্বেও কেন মূল দলিল আদালতে দাখিল করা হচ্ছে না, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে একজন কর্মকর্তা জানান, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই তিনি এ ব্যাপারে কথা বলতে পারবেন না। এদিকে দলিল জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে ঢাকা ট্যাগ লিমিটেড এবং ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন সুরাইয়া আখতার। আদালত গত ১৫ অক্টোবর মতিঝিল থানাকে প্রয়োজনীয়ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।[email protected]