একটি অসম্ভব সুন্দর স্বপ্নে তারিন
বিস্তীর্ণ খোলা মাঠ। মাঝখানে একটি সাজানো-গোছানো খাট। তাতে ঘুমিয়ে আছেন তারিন। আর মাঠের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছেন শাহরিয়ার শুভ। সম্প্রতি শুটিং শেষ হওয়া একটি নাটকে এমন দৃশ্যে অভিনয় করেছেন তারিন। নাটকটির নাম ‘একটি অসম্ভব সুন্দর স্বপ্ন’। রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।তারিন বলেন, ‘ নাটকের নামই হচ্ছে “একটি অসম্ভব সুন্দর স্বপ্ন”। তাই এখানে স্বপ্নের দৃশ্যই বেশি। খোলা মাঠে খাটে ঘুমানোর দৃশ্যটা ফুটিয়ে তোলার জন্য অনেক আয়োজনও করতে হয়েছে।’ সম্প্রতি গাজীপুরের কয়েকটি স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে। এ নাটকের পুরো গল্পই স্বপ্নের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। গল্পে দেখা যাবে, ‘একটি মেয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, সে বনের মধ্যে রাজকীয় এক পালংকে শুয়ে আছে। এমন সময় ঘোড়ায় চড়ে এক রাজপুত্র এসে তাকে নিয়ে যায়। এমন সময় মেয়েটির স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন থেকে উঠে মেয়েটা দেখে, যাকে সে রাজপুত্র হিসেবে কল্পনা করেছে সে আসলে তাঁর স্বামী। তবে স্বপ্নের মতো চরিত্র সে নয়।’শুধু তা-ই নয়। নাটকটির দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ঘোড়ার পিঠেও চড়তে হয়েছে তারিনকে। তাঁর ভাষায় যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তারিন বলেন, ‘সচরাচর যেভাবে ঘোড়ার পিঠে চড়া হয় নাটকটিতে কাজ করতে গিয়ে তা হয়নি। নাটকে তো দূরের কথা এর আগে কখনো ঘোড়ার পিঠে চড়েছি কি না, মনে পড়ছে না।’