হাটে, মাঠে, বাটে চলছে উন্মাতাল ক্রিকেটচর্চা। বাংলাদেশের খেলার আগে-পরে তো কথাই নেই, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ চর্চিত হচ্ছে নানা অনুষঙ্গে। পথ চলতে চলতে, আড্ডায়, বাসে, ট্রেনে, লঞ্চে, অফিস-আদালতে চলছে সর্বজনভোগ্য ক্রিকেট-গুণন।ঢাকা শহর তো বটেই, বাংলাদেশের প্রতিটি শহর-গঞ্জে এখন চোখ মেললেই ক্রিকেট দেখা যায়, ক্রিকেট শোনা যায়। নিজেদের দল নিয়ে উৎসাহের তুঙ্গে থাকা বাংলাদেশ দারুণ উৎসাহে পর্যবেক্ষণ করছে বিশ্বকাপ ক্রিকেটের চলমান ধারা। প্রতিপক্ষ যে-ই হোক, জয় চায় এ দেশের প্রতিটি ধূলিকণা। চরম আন্তরিক সহমর্মিতায় তাই আজ সাকিব আল হাসানের দলের পাশে দাঁড়ানো দেশবাসী। বিশ্বকাপটা জেতার আকাঙ্ক্ষা উচ্চারণ এ মুহূর্তের বাস্তবতার ঢেলায় গলার কাছে আটকে আছে। সেটা খুলে দিতেই সাকিব-তামিম-শফিউলদের কাছে আর্তি জানাতেই যেন আইরিশদের হারানোর পর সমর্থনের হর্ষে ওই রকম বিশ্ব কাঁপানো এবারের স্বপ্নযাত্রায় জনতার এমন সহানুভূতিশীল সমর্থনের জোগান।গতকাল কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে এক টঙের চা-খানায় শুনলাম, আগের দিনের ওয়েস্ট ইন্ডিজ-হল্যান্ড ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। ওয়েস্ট ইন্ডিজ সহজে জিতেছে ম্যাচটা। ওরাই আমাদের পরবর্তী প্রতিপক্ষ। সে নিয়ে আলোচনা হচ্ছে। পাশে জুতা সেলাই করছিলেন এক চর্মকার। তাঁর গ্রাহকেরাও আলোচনায় যোগ দিলেন। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আলোচনায় সামান্য শঙ্কিত দোলাচল। একজন চা-খোর স্বস্তির বিধান দিলেন, ‘ওই সব গেইল, ব্রাভো, পোলার্ড গো আমাগো পোলাপাইনের স্পিন সাইজ কইরা দিব। মিরপুরের মাঠে দেইখেন, আমরা ঠিকই ধইরা দিমু। সিডন্স প্লেন বানাইতেছে না...।’ ইত্যাদি ইত্যাদি। শুধুই আবেগমন্থিত উচ্চারণ নয়, টেকনিক্যাল বিশ্লেষণ আছে। দলের প্রতি আছে মমতাময় বিশ্বাস।এই অভাবনীয় জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদের দল এবারের বিশ্বকাপে যথাসাধ্য ভালো খেলবে আশা রাখি। আরও আশা রাখি, ক্রিকেটের পেছনে এ জনসমর্থন অব্যাহত থাকবে। আমাদের ক্রিকেটের অগ্রযাত্রায় এ এক অতি কার্যকর জরুরি প্রসঙ্গ। আজ জাতীয় দলের পেছনে উচ্চবিত্ত থেকে নিঃস্ব সবাই আন্তরিকতা দিয়ে, অর্থ ও সময় দিয়ে, শারীরিক ও মানসিক ধকল সয়ে সমর্থন দিয়ে যাচ্ছেন, বড় লোভ হয় এ সমর্থনকে আরও বিস্তৃতভাবে পেতে। এই গণ-উৎসাহের স্রোতকে একটু ঘরোয়া ক্রিকেটের দিকে ফেরাতে পারলে উপকৃত হবে আমাদের ক্রিকেটচর্চা। আজ আমরা যেমন জাতীয় দলের পেছনে আছি, সমমানের উৎসাহ নিয়ে যদি আমরা আমাদের পাড়ার ক্লাব দলটিকে, আমাদের এলাকার স্কুল দলটিকে, আমাদের জেলা দলটিকে বা বিভাগীয় দলটিকে সমর্থন দিই, তাদের ভালো-মন্দের সাংবাৎসরিক খবর রাখি; তবে কতই না বেগবান হবে আমাদের ক্রিকেটচর্চা। প্রতিবেশী কিশোর ক্রিকেটারটিকে দুটো উৎসাহী বাক্যের পৃষ্ঠপোষকতায় ওর গড় রানকে আরেকটু এগিয়ে দিতে পারি। কে জানে, আগামী কোনো বিশ্বকাপে সে-ই হয়তো মাঠ কাঁপাবে! আগামী বিশ্বকাপে আমাদের চাওয়া-পাওয়া হবে আরও উজ্জ্বল। ঘরোয়া ক্রিকেটের দিকে উৎসাহী নজরের মাত্রা বাড়াতে ক্রিকেট-জনতার কাছে আবেদন রাখছি।