একটি আসনে মোশাররফের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে একটি আসনে সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ডন অনলাইনের খবরে জানানো হয়, করাচি, ইসলামাবাদ, চিত্রাল ও কাসুর—এ চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন মোশাররফ। এর মধ্যে কাসুরে (জাতীয় পরিষদের ১৩৯ নম্বর আসন) মোশাররফের প্রার্থিতার বিষয়ে স্থানীয় আইনজীবী জাভেদ কাসুরি আপত্তি তোলেন। তিনি দাবি করেন, সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী ১১ মের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন মোশাররফ।দ্য নেশনে প্রকাশিত খবরে জানানো হয়, সংশ্লিষ্ট আসনে আইনজীবী জাভেদ কাসুরিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোশাররফের প্রার্থিতার বিরুদ্ধে ছয়টি অভিযোগ এনেছেন তিনি। অভিযোগে কাসুরি বলেন, মোশাররফের বিরুদ্ধে কয়েকটি মামলা চলছে। শুনানি শেষে আজ সেখানকার রিটার্নিং কর্মকর্তা মোশাররফের মনোনয়নপত্র বাতিল করেন।কাসুরির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালিম ওই আইনজীবীর আপত্তি গ্রহণ করে পাকিস্তানের সাবেক স্বৈরশাসকের মনোনয়নপত্র বাতিল করেন। চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর সাধারণ নির্বাচনে অংশ নিতে তালেবানের হুমকি ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে গত মাসের শেষের দিকে দেশে ফেরেন মোশাররফ।১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখল করেন তত্কালীন শীর্ষ সেনা কর্মকর্তা পারভেজ মোশাররফ। ২০০১ সালে তিনি প্রেসিডেন্টের পদ দখল করেন। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনে হেরে যায় পারভেজ মোশাররফের দল। একই বছরের আগস্টে অভিসংশনের হুমকির মুখে পদত্যাগ করেন তিনি। ২০০৯ সালের শুরুর দিকে তিনি স্বেচ্ছায় নির্বাসনে যান। ২০০৭ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিরাপত্তা দেওয়ার ব্যর্থতাসহ বেশ কয়েকটি অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।