একটি উজ্জ্বল উদ্ধার অভিযান
প্রায় দুই মাস আগে চিলির এক সোনার খনিতে ভূমিধসে আটকে পড়েন ৩৩ জন শ্রমিক। মাটির প্রায় ৭০০ মিটার নিচে তাঁরা আটকে পড়েন। অনেক ঝক্কিঝামেলা পেরিয়ে তাঁদের উদ্ধার করা হয়, পুরোপুরি সুস্থ-স্বাভাবিক অবস্থায়। মাটির নিচে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে এবং উদ্ধার করতে কাজ করেছে একটি বিশেষ উদ্ধারকারী দল, যার সঙ্গে যুক্ত ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, নভোচারী থেকে শুরু করে চিলির রাষ্ট্রপতি পর্যন্ত। ইন্টারনেট ও সংবাদ মাধ্যম অবলম্বনে এই বিশাল কর্মযজ্ঞের অল্পস্বল্প গল্প শোনাচ্ছেন সুব্রত দেব নাথপ্রথম যোগাযোগ চিলির কপিয়াপো শহরের কাছেই অবস্থিত স্যান হোসে সোনার খনি। সেখানেই ৫ আগস্ট খনিধস ঘটে। ফলে আটকে পড়েন ৩৩ জন শ্রমিক, বন্ধ হয়ে যায় তাঁদের সঙ্গে সব যোগাযোগ। তখনো ওপরে থাকা মানুষগুলো জানত না, আটকে পড়া মানুষগুলো বেঁচে আছেন না মরে গেছেন। অবশেষে দুর্ঘটনা ঘটার ১৮ দিন পর ২২ আগস্ট আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। শ্রমিকদের জন্য সেটা ছিল নিশ্চয় বিশাল এক আনন্দের কথা। খাবারের স্বল্পতা২২ তারিখ তাঁদের জীবিত থাকার কথা জানতে পারলেও সেদিন শ্রমিকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এর পরদিন ২৩ আগস্ট উদ্ধারকারী দল প্রথমবারের মতো তাঁদের সঙ্গে কথা বলে। শ্রমিকেরা জানান, তাঁরা ভালো আছেন, তবে অক্সিজেনের কিছুটা সমস্যা হচ্ছে। যোগাযোগ হওয়া মাত্রই উদ্ধারকারী দলে থাকা চিকিৎসকেরা শ্রমিকদের জন্য গ্লুকোজ পাঠিয়ে দেন, যেন তাঁরা দুর্বল না হয়ে পড়েন। এ ছাড়া সেখানে খাবারের স্বল্পতা ছিল। ফলে তাঁদের যেন গ্যাস্ট্রিক ও আলসারজাতীয় সমস্যা না হয়, তাই চিকিৎসকেরা তাঁদের জন্য বিশেষ একটি ওষুধও পাঠান। এরপর পাঠানো হয় রিহাইড্রেশন ট্যাবলেট। প্যালোমাস নামের ক্যাপসুলআটকে পড়া শ্রমিকদের কাছে দ্রব্যাদি পাঠানোর সময় প্রকৌশলীরা সুড়ঙ্গকে জেলজাতীয় পদার্থ দিয়ে সিল করে দেন, ৬৮৮ মিটার নিচে চলে যাওয়া শেফটের কোথাও দিয়ে কোনো কিছু ঢুকে ওষুধ বা গ্লুকোজ যেন নষ্ট করে না ফেলে। প্যালোমাস নামক পাঁচ ফুটের একটি ক্যাপসুলে করে তাঁদের কাছে এসব দ্রব্যাদি পাঠানো হয়। দিন দুয়েকের মধ্যেই আরও দুটি সুড়ঙ্গ তৈরি করা হয়, যার একটি ব্যবহূত হতো শুধু অক্সিজেন পাঠানোর জন্য। ভিডিও কনফারেন্সিংঅপর সুড়ঙ্গটি দিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের যন্ত্রপাতি পাঠানো হয়। ফলে আটকে পড়া শ্রমিকেরা তাঁদের পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরই মধ্যে শক্ত খাবার পাঠানো শুরু হয়ে যায়। ২৫ আগস্ট তাঁদের উদ্ধারের পুরো পরিকল্পনা জানানো হয়। তখন তারা জানতে পারেন যে এ উদ্ধারকাজে বেশ সময় লাগবে, হয়তো ক্রিসমাস পর্যন্তও সময় লেগে যেতে পারে। চিলির রাষ্ট্রপতিও এ সময় তাঁদের সঙ্গে কথা বলেন এবং নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করেন। এরই মধ্যে চিকিৎসকেরা তাঁদের ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, টিটেনাস ও ডিপথেরিয়ার টিকা দেওয়ার ব্যবস্থা করেন। কীভাবে টিকা দিতে হবে, সেটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁদের দেখিয়ে দেওয়া হয়। এ ছাড়া শ্রমিকদের ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়।ভূগর্ভের জীবনআটকে পড়া শ্রমিকেরা যেন ক্লান্ত না হন এবং একঘেয়েমিতে না পড়েন সে জন্য মনোবিদেরা তাঁদের সঙ্গে মজার মজার গল্প করতেন। তাঁরা শ্রমিকদের তিন ভাগে ভাগ করে দেন। প্রতিটি দল প্রতিদিন আট ঘণ্টা করে বিভিন্ন দায়িত্ব পালন করত। যেমন, উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা, নতুন কোনো ধস যেন না হয় সেদিকে খেয়াল রাখা, খাবার ও অন্যান্য দ্রব্য সংগ্রহ ইত্যাদি। এ ছাড়া তাঁদের শারীরিক অবস্থার নিয়মিত আপডেট নেওয়া হয়। উষ্ণ ও ভেজা আবহাওয়ার কারণে কয়েকজন শ্রমিকের চামড়ায় সমস্যা দেখা দেয়। তাই তাঁদের শুকনো কাপড় পাঠানো হয়। তাঁদের এমন ধরনের বিছানা পাঠানো হয় যেখানে মাটির ওপর রেখে ঘুমাতে হয় না। এ ছাড়া আটকে পড়া শ্রমিকদের মধ্যে সবচেয়ে ছোট ১৯ বছর বয়সী জেমি সানচেজ প্রতিদিন বাতাসের তাপমাত্রা, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ নির্ণয় করে উদ্ধারকারী দলকে জানিয়ে দিতেন। চিলির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আটকে পড়া শ্রমিকদের অবস্থা মহাকাশ স্টেশনে থাকা নভোযাত্রীদের মতোই। এরপর ৩১ আগস্ট উদ্ধারকারী দলে নাসার দুজন বিশেষ প্রতিনিধি যোগ দেন।পানি ও পানির ব্যবহারশ্রমিকদের জন্য পানি সরবরাহ, গোসল, কাপড় পরিষ্কার এবং স্যানিটেশন ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার। সেখানে পরিবেশ ছিল বেশ উষ্ণ। তাই যথেষ্ট স্বাস্থ্যসম্মতভাবে থাকাটা নিশ্চিত করা প্রয়োজন ছিল। তাঁদের জন্য ছিল আলাদা স্নানঘর, টয়লেট, জৈবিক আবর্জনা ও পুনর্ব্যবহারযোগ্য আবর্জনা রাখার জায়গা। তাঁরা প্লাস্টিকজাতীয় দ্রব্য জৈব আবর্জনা থেকে সব সময় আলাদা রাখতেন। স্নান করার জন্য ছিল একটি প্রাকৃতিক ঝরনা। স্নান ও কাপড় ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান প্যালোমসে করে সরবরাহ করা হয়। খাবার পানির জন্য শ্রমিকেরা সেখানে বেশ কিছু কূপ তৈরি করেন। এগুলো থেকে পানি সংগ্রহ করে ওপরে পাঠান। বিজ্ঞানীরা এই পানি পরীক্ষা করে তাঁদের জানিয়ে দেন সেটা বিশুদ্ধ কি না। পানি পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় টাবলেটও সংগ্রহ করা হয়। উদ্ধার পরিকল্পনাএকই সঙ্গে চলতে থাকে উদ্ধার করার বিষয়ে নানা পরিকল্পনা। প্যালোমাসের সুড়ঙ্গটি ছিল খুব ছোট। সেটি দিয়ে মানুষের পক্ষে আসা-যাওয়া সম্ভব ছিল না। এ কারণে প্রকৌশলীরা নতুন একটি সুড়ঙ্গ খননের সিদ্ধান্ত নেন। প্রায় ৩৩ দিন ড্রিল মেশিন দিয়ে সুড়ঙ্গ খনন করে মানুষ উদ্ধারের সিলিন্ডার ফেনিক্স তাঁদের কাছে পাঠানো হয়। ফেনিক্স ক্যাপসুলের ব্যাস ছিল ২৮ ইঞ্চি। ১২ অক্টোবর শুরু হয় শ্রমিকদের উদ্ধার করার আসল অভিযান। উদ্ধার অভিযানঅভিযানের ছয় ঘণ্টা আগে শ্রমিকদের তরল খাবার খাওয়ানো হয়, যেগুলো ছিল গ্লুকোজ, খনিজ ও পটাশিয়ামে পরিপূর্ণ। এ ছাড়া শ্রমিকেরা সানগ্লাস পরে ক্যাপসুলে ওঠেন, এত দিন পর সূর্যের আলো চোখে পড়ার ফলে তাঁদের চোখে যেন কোনো সমস্যা না হয়। ক্যাপসুলে আরও ছিল অক্সিজেন সিলিন্ডার, ভিডিও ক্যামেরা ও হূৎপিণ্ড মনিটর করার ব্যবস্থা। শ্রমিককে নিয়ে ক্যাপসুলের ওপরে ওঠার গতি ছিল প্রতি সেকেন্ডে এক মিটার। মাটির এত নিচ থেকে ভূপৃষ্ঠে উঠে আসতে মোট সময় লাগে প্রায় ১৫ মিনিট। একবারে একজন শ্রমিককেই ক্যাপসুলটি উদ্ধার করে। প্রায় ৩৩ ঘণ্টা অভিযান চালিয়ে সব শ্রমিককে উদ্ধার করা হয়। এ সময়টা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ক্যাপসুলের অবস্থা প্রকৌশলীরা পর্যবেক্ষণ করতে থাকেন, যেন কোনো সমস্যা না হয়। চিলির খনিশ্রমিকদের এই উজ্জ্বল উদ্ধার-প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের এক নতুন ধাপ। সে সঙ্গে আধুনিক বিজ্ঞানের বিজয়গাথা। চ্যালেঞ্জ ছিলআটকে পড়া শ্রমিকদের অক্ষত ও চাঙা রাখা এবংতাঁদের সুস্থ অবস্থায়উদ্ধার করা। দুটো কাজেই সম্পূর্ণ সফলতা পেয়েছে বিজ্ঞান ও মানবতা। দুটোরই জয়হোক।