পারিশ্রমিক ও যাতায়াত ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ছয়টিতে ছুটি ঘোষণা করা হয়।পুলিশ ও শ্রমিকেরা প্রথম আলোকে জানিয়েছেন, আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার ফাউন্টেন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা নাশতা ও দুপুরের খাবারের টাকা বৃদ্ধির দাবিতে গত রোববার বিক্ষোভ করলে কর্তৃপক্ষ তা মেনে নেয়। গতকাল দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কাজ বন্ধ করে যাতায়াত ভাতা বৃদ্ধির দাবি জানান। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পরে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যান। এরপর শ্রমিকেরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ সময় অন্তত ১০ শ্রমিক আহত হন। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়। এদিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পাল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত রোববার সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে আসছিলেন। কর্তৃপক্ষ গতকাল কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।অন্যদিকে, গতকাল সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার ওমর হো সোয়েটার্স ও অন্বেষা স্টাইল নামের দুটি সোয়েটার কারখানার শ্রমিকেরা পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই দাবিতে বিক্ষোভ করেন জিরাব এলাকার ম্যাগপাই সোয়েটার্স নামের পোশাক কারখানার শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে। আশুলিয়ার নিশ্চিন্তপুরের জনরন সোয়েটার ও জামগড়া এলাকার ড্রেসআপ নামের দুটি পোশাক কারখানাও ছুটি ঘোষণা করা হয়।