একটি চিঠি নিয়ে হইচই
একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তরসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন মহলে হইচই ফেলে দিয়েছে। চিঠিটি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় আইনানুগ ব্যবস্থা নিতে বলেছিল। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক সদস্যসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে শুনানিতে ডাকা হয়েছে। ২৫ আগস্ট দুপুর একটায় এ শুনানি অনুষ্ঠিত হবে।জানা যায়, জনৈক মোহাম্মদ নজরুল ইসলামের নামে এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির মহাসচিব পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও শিক্ষার বিভিন্ন কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষাসচিবকে গত ১১ জুলাই আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়।জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাওয়ার পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সিরাজুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়। এরপর অতিরিক্ত সচিব ১৫ কর্মকর্তা-কর্মচারীকে শুনানিতে ডাকেন। একই সঙ্গে অভিযোগকারীকে সাক্ষ্যপ্রমাণ নিয়ে হাজির থাকতে বলা হয়।জানা যায়, মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর পর নজরুল ইসলামকে খোঁজা শুরু হয়। অভিযোগে ঠিকানা দেওয়া হয় ব্লক-বি, ১৫, মিরপুর-২, ঢাকা। কিন্তু এই নামে ও ঠিকানায় কোনো অভিযোগকারীর অস্তিত্ব পাওয়া যায়নি।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিমা খাতুন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ আসার পর তা যাচাই করার সুযোগ নেই। সত্যতা যাচাই করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান বলেন, বেশির ভাগ ক্ষেত্রে অভিযোগ বেনামে আসে। কিন্তু বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করে অনেক সময় তদন্ত করতে হয়। তিনি বলেন, অভিযোগকারী না পাওয়া গেলে বিষয়টি দুর্বল হয়ে যায়। তার পরও অভিযোগ খতিয়ে দেখতে তো সমস্যা নেই।এদিকে নজরুল ইসলাম রনি নামের একজন শিক্ষক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি করেননি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ বলেন, শিক্ষাভবনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য কোনো মহল পরিকল্পিতভাবে এ কাজ করতে পারে।