একটি চুক্তি, একটি প্রটোকল ও আটটি সমঝোতা স্মারক সই
হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠক শেষে গতকাল মঙ্গলবার একটি চুক্তি, একটি প্রটোকল ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে উন্নয়ন-সহযোগিতার রূপরেখা চুক্তিতে সই করেছেন দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী।গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে দুই প্রধানমন্ত্রীর পাশে বসে ১৯৭৪-এ সই হওয়া স্থলসীমান্ত বাস্তবায়নসংক্রান্ত প্রটোকলে সই করেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভারতের পক্ষে এস এম কৃষ্ণা। এ ছাড়া যে আটটি সমঝোতা স্মারক হয়েছে, তার মধ্যে রয়েছে নেপালে পণ্য পরিবহনে ভারতের ভূখণ্ড ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, সুন্দরবন সুরক্ষা, সুন্দরবনের বাঘ সুরক্ষা, মৎস্যসম্পদ খাতে সহযোগিতা, বিটিভি ও দূরদর্শনের সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং বিজিএমইএ ও নয়াদিল্লির ইনস্টিটিউট অব ফ্যাশনের সহযোগিতা।