একটি চুক্তি, প্রটোকল ও আটটি সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তিতে সই করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ছাড়া স্থল সীমানাসংক্রান্ত ’৭৪-এর চুক্তির প্রটোকলে সই করেছেন দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও এস এম কৃষ্ণা। এ ছাড়া আটটি সমঝোতা স্মারকও সই হয়েছে। আজ মঙ্গলবার শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের মধ্যে দ্বিতীয় দফা একান্ত বৈঠক শেষে এসব কথা জানা গেছে।একটি চুক্তি, প্রটোকল ও আটটি সমঝোতা স্মারক সই হলেও বহুল আলোচিত ট্রানজিট এবং ফেনী ও তিস্তার পানি বণ্টন বিষয়ে চুক্তি হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের তৈরি পোশাকের ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে ভারত রাজি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ৪৭টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হয়েছিল।এ ছাড়া বৈঠকে আরও কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। সুন্দরবন নিয়ে দুটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, বাংলাদেশ টেলিভিশন ও দূরদর্শনের মধ্যে একটি এবং ফ্যাশন ও মত্স্য বিষয়ে দুটি চুক্তি সই হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বৈঠকে শেখ হাসিনা ১৭ সদস্যের এবং মনমোহন সিং ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে একটি বিশেষ বিমানে করে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন মনমোহন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।বিমানবন্দর থেকে মনমোহন সিং বেলা একটা সাত মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ তাঁকে স্বাগত জানায়। একটা ২৫ মিনিটে তিনি স্মৃতিসৌধ থেকে সোনারগাঁও হোটেলের উদ্দেশে রওনা হন। দুইটার দিকে তিনি সোনারগাঁও হোটেলে পৌঁছান।বিকেল চারটার পর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনমোহন সিংয়ের সঙ্গে সোনারগাঁও হোটেলে সৌজন্য সাক্ষাত্ করেন।১৯৯৯ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। মনমোহন সিং ঢাকায় ১৩৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।সফরের দ্বিতীয় দিনে কাল বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তব্য দেবেন মনমোহন সিং। অনুষ্ঠান শেষে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সেখান থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এরপর প্রথমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পরে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। বিকেল পাঁচটা ২৫ মিনিটে দেশে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।