একটি জয় অনেক স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২২, ১২৩ ও ১৩৮ এবং ৬৯, ১১২ ও ১৪২। এগুলো কী? এই বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে কানাডা ও কেনিয়ার রান। প্রথম তিনটি কানাডার, পরের তিনটি কেনিয়ার। দুই দলের ছয়টি ইনিংস ঘেঁটে পার্থক্য খুব কমই চোখে পড়ছে! তবে যেটুকু পড়ছে, সেটুকুই যেন দুই দলের ব্যবধান। অন্তত এই বিশ্বকাপে।কোয়ার্টার ফাইনাল-স্বপ্ন মাটিচাপা পড়েছে আগেই। পরশু দিল্লির ফিরোজ শাহ কোটলায় দুই দলের মুখোমুখি দ্বৈরথে একটাই কৌতূহল ছিল, দুই ‘পুঁচকের’ মর্যাদার লড়াইয়ে জয় হয় কাদের। তাতে বিজয়ী কানাডা। আশিস বাগাইয়ের কানাডা জিমি কামান্ডের কেনিয়াকে যেন অলক্ষ্যে জানিয়ে দিল, লোকের ধারণাই ঠিক, এই টুর্নামেন্টে তোমরাই দুর্বলের দুর্বল!দুই দলের অধিনায়কের প্রতিক্রিয়াও জুড়ে দেওয়া যায় এতে। আগের হতাশা ভুলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন বাগাই। কেনিয়া অধিনায়ক জিমি কামান্ডে যেন বাক্হারা!দলের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা জিমি হান্সরা ও অধিনায়ক বাগাইয়ের। দুজনেই করেছেন বিশ্বকাপের প্রথম হাফ সেঞ্চুরি। বাগাই অপরাজিত ৬৪, বিশ্বকাপ ও ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করা হান্সরা ৭০। চতুর্থ উইকেটে তাঁরা গড়েন ১৩২ রানের ম্যাচজয়ী জুটি।বাগাইয়ের কণ্ঠে রইল এই তৃপ্তি, ‘গত কয়েকটি ম্যাচে আমাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক, কিন্তু আজ জিমি আমার সঙ্গে লেগে ছিল। আমাদের ভাগ্য ভালো যে রানরেটের চাপ ছিল না।’কেনিয়ার অধিনায়ক জিমি কামান্ডের অবস্থান ঠিক বিপরীত মেরুতে। ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা কেনিয়া শেষ পর্যন্ত গড়ে ১৯৮ রানের পুঁজি। কামান্ডে বলেছেন, ‘আমরা শুরুটাই করেছিলাম খুব, খুব বাজে।’ রান ২২০ থেকে ২৩০ হলে প্রতিপক্ষকে আটকে দেওয়া যেত বলে মনে করেন কেনিয়ার অধিনায়ক।