একটি ডিম চার ভাগ করে রোগীর খাবার সরবরাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের স্বল্পতা, অব্যবস্থাপনা, সেবাদানে অবহেলার সঙ্গে রোগীদের খাবার বিতরণে চলছে অনিয়ম। একটি ডিমকে চার ভাগ করে রোগীদের খাদ্য সরবরাহ করতে দেখা গেছে। অপরিচ্ছন্ন পরিবেশ এখন রোগীদের নিত্যসঙ্গী হয়ে গেছে। সম্প্রতি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।১৫ এপ্রিল বিকাল পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রাতের খাবার বিতরণকালে দেখা যায়, একটি ডিম চার ভাগ করে চারজন রোগীকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। সঙ্গে দুই চামচ ডাল বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য লোকজন থাকলেও সব সময় স্বাস্থ্য কমপ্লেক্সটি থাকে অপরিচ্ছন্ন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝ যেমন থাকে অপরিচ্ছন্ন, তেমনি রোগীর বিছানার চাদরটি থাকে ময়লাযুক্ত। রোগীদের ময়লাযুক্ত ট্যাংকের পানি সরবরাহ করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহকারী ঠিকাদারের প্রতিনিধি মোহাম্মদ বাবুল বলেন, বাজারে মাছের সরবরাহ কম হলে, তখন রোগীদের খাদ্য তালিকায় ডিম দেওয়া হয়। একটি ডিম একজন রোগীর খাবারে দেওয়া হয়। তবে গত ১৫ এপ্রিল হঠাৎ করে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, একটি ডিমকে চার ভাগ করতে হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, খাদ্য সরবরাহকারী ঠিকাদারের প্রতিনিধির কথা সঠিক নয়। এ ঘটনা এক দিনের নয়, প্রায়ই এভাবে একটি ডিম চার ভাগ করে চারজন রোগীর খাবারে দেওয়া হয়। তা ছাড়া খাদ্য সরবরাহকারী ঠিকাদার নামমাত্র খাদ্য সরবরাহ করে থাকেন।এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কাইয়ুম উদ্দিন বলেন, ডিম ভাগ করে দেওয়ার কথা নয়। একজন রোগীকে একটি করে ডিম দেওয়ার কথা। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, অনিয়মের বিষয়টি তদন্ত করে, তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।