একটি তালাক এবং অস্থায়ী নিষেধাজ্ঞা
মিতা তাঁর স্বামীকে তালাক দিয়েছেন। কাবিননামার ১৮ নম্বর ঘরে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া ছিল। তাঁর স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না দুই বছর ধরে। পরে বাধ্য হয়েই তালাক দেন তিনি। স্থানীয় কাজি অফিস থেকে তালাকের যাবতীয় প্রক্রিয়া শেষ করে তালাকনামা স্বামীর বরাবর পাঠান তাঁর বাবা। কিন্তু স্থানীয় চেয়ারম্যান অফিসে পাঠানো হয়নি তালাকের কপি। মিতা ও মিতার বাবার জানা ছিল না এ বিষয়টি। স্থানীয় কাজি অফিস থেকেও পাঠানো হয়নি কোনো কপি। তালাকনামায় যেদিন স্বাক্ষর করেন, সেদিন থেকে পার হয়ে যায় প্রায় দেড় মাস। এর মানে ৯০ দিন ইদ্দতকাল পালন হতে হলে আরও দেড় মাস অপেক্ষা করতে হবে। মিতার স্বামী এরই মধ্যে পারিবারিক আদালতে মামলা করেছেন দাম্পত্য অধিকার পুনরুদ্ধার চেয়ে। মূল মামলাটি করার এক সপ্তাহ পর মিতা যাতে অন্য কোথাও বিয়ে না করতে পারেন এ মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মিতা ও তাঁর বাবাকে আপত্তি দাখিলের জন্য ১০ দিনের সময় দিয়ে সমন পাঠানো হয় আদালত থেকে।মিতা ও তাঁর বাবা আদালতের এ নোটিশ পেয়ে দেরি করেননি। যেদিন হাতে পেয়েছেন, সেদিনই তাঁর পরিচিত এক ভাইয়ের মাধ্যমে খোঁজ নিয়ে চলে আসেন চেম্বারে। মিতার চেহারায় দুশ্চিন্তা আর অস্থিরতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। তার বাবাও বিধ্বস্ত। আদালতের সমন এসেছে। কী করবে তাঁর মেয়ে। মেয়ে তো বাধ্য হয়েই তালাক দেন তাঁর স্বামীকে। কিন্তু আবার এ কোন ঝামেলা। এক মাসে দুটি সমন তাঁরা পান। একটি লিখিত জবাব দাখিলের জন্য মূল মামলায়, আরেকটি অস্থায়ী নিষেধাজ্ঞার আপত্তি দাখিলের জন্য।মূল মামলার জবাব দাখিলের সময় দেওয়া হয় এক মাস। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার বিপরীতে ১০ দিনের মধ্যে আপত্তি কী দেবেন তাঁরা। এ মামলায় নিষেধাজ্ঞা কিসের,এ প্রশ্নও করছেন তাঁরা বারবার। মূল মামলায় বিবাদী করা হয়েছে তিনজনকে। প্রথম বিবাদী মিতার বাবা, দ্বিতীয় বিবাদী তাঁর মা এবং তৃতীয় বিবাদী মিতা। মূল মামলার আরজিটি মনোযোগ দিয়ে পড়ি। সাধারণত এ ধরনের আরজিতে কিছু গৎবাঁধা কথাই লেখা থাকে।স্বাভাবিক নিয়মে এই আরজিতে তাই লেখা। লেখা, তাঁর স্ত্রীকে জোর করে তালাক দিতে বাধ্য করেছেন তাঁর বাবা। এখন তিনি তাঁকে নিয়ে ঘর করতে চান। মিতাকে বললাম, ঘটনাটি খুলে বলুন। আপনি কি স্বেচ্ছায় আপনার স্বামীকে তালাক দিয়েছেন? ‘হ্যাঁ। আমার স্বামী দুশ্চরিত্রের লোক। আমাকে নানাভাবে অত্যাচার করত। বাইরে মদ আর নারী নিয়ে ব্যস্ত থাকত। জুয়া খেলত। আমার প্রতি আর আমার মেয়ের প্রতি কোনো খেয়াল রাখত না। তাই তাঁকে তালাক দিই। এমন পাষণ্ড আর নির্দয় লোকের সঙ্গে ঘর করার চেয়ে একা থাকা ভালো।’আপনার মেয়ের বয়স কত?‘চার বছর।’ আপনার স্বামী তো আপনাকে নিয়ে সংসার করতে চান? ফিরে যেতে পারবেন আপনি?‘জীবনেও যাব না। ও আমাকে হয়রানি করার জন্য এমন করছে। এ মামলা দিয়েছে। আমি চলে গেলে তো একটা স্থায়ী বউ হাত ছাড়া হয়ে যাবে, তাই আমাকে সে নিতে চায় এখন। আমি যে চলে এসেছি, এতে তার আসল রূপ সবার কাছে ধরা পড়েছে। তাই তারা ওঠেপড়ে লেগেছে আমাকে ফিরিয়ে নিতে। কিন্তু আমি আর যাব না ওর ঘরে।’মিতার বাবাকে জিজ্ঞেস করি। আপনি তো জেনেশুনেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন?‘না, ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। কেউ কি তাঁর মেয়েকে জেনেশুনে এমন লোকের কাছে বিয়ে দেয়?’তালাকের কপি চেয়ারম্যানের অফিসে পাঠাননি কেন?‘জানা ছিল না। না পাঠাইলে কী হবে?’আমি উত্তর দিলাম, আইন অনুযায়ী পাঠানো উচিত। চেয়ারম্যান অফিসে সালিস হবে। সালিস-মীমাংসা ব্যর্থ হলে তারপর তালাক কার্যকর হবে।মিতার বাবার সোজা উত্তর। ‘আমার মেয়ের জন্য সালিস-মীমাংসা করে লাভ নেই। এমন পাষণ্ড স্বামীর কাছে আর ফিরিয়ে দিমু না।’কিন্তু আইন অনুযায়ী কপি চেয়ারম্যান অফিসে পাঠাতেই হবে। আমি বললাম।অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি পড়তে থাকি। ৪ নম্বর প্যারায় এক অংশে লেখা, ‘বিবাদীগণ পরস্পর যোগসাজশে অন্যায় ও বেআইনিভাবে ৩ নম্বর বিবাদীকে তাহার ইদ্দতকালীন সময়ের মধ্যেই অন্যত্র পুনঃবিবাহ দেওয়ার জোর অপতৎপরতায় লিপ্ত হইয়া জনৈক প্রবাস ফেরত পাত্র নির্বাচন করিয়া ফেলিয়াছেন এবং যেকোন সময় ৩ নম্বর বিবাদীকে উক্ত পাত্রের সহিত বেআইনীভাবে পুনঃবিবাহ সংঘটন করিতে পারেন।’পারিবারিক আদালতে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন চলে কি না, এ বিষয়ে দ্বিমত রয়েছে। যদি অস্থায়ী নিষেধাজ্ঞা না চলে, তাহলে খারিজের আবেদনের সুযোগ খুঁজছিলাম। কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী এবং সহকারী জজের সঙ্গে কথা বলে দুই রকম উত্তর পেলাম। কেউ বলছেন, নিষেধাজ্ঞা চাওয়া যায়, কেউ এর দ্বিমত করছেন। বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমি আগের কিছু নজির খুঁজতে থাকি। পারিবারিক আদালত অধ্যাদেশের ধারা ২০ অনুযায়ী দেওয়ানি কার্যবিধির ১০ এবং ১১ ধারা বাদে অন্য কোনো ধারা বা আদেশ প্রযোজ্য হবে না। উচ্চ আদালতের কয়েকটি রায়েও এ নিয়ে দ্বিমত এসেছে।পারিবারিক আদালতের অধ্যাদেশে করা সর্বপ্রথম মামলাটিতে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপিত হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জের সহকারী জজ আদালতে ১৯৮৫ সালে মামলাটি হয়। এতে স্বামী তাঁর স্ত্রীর দ্বিতীয় বিয়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করে। আদালত নিষেধাজ্ঞার আবেদন অগ্রাহ্য করেন। পরে জেলা জজ আদালতে আপিল করা হলে আপিল নামঞ্জুর হয়। পরে হাইকোর্ট বিভাগে রিভিশন করা হয়। হাইকোর্ট বিভাগ তাঁর রায়ে বলেন, ‘পারিবারিক আদালত অধ্যাদেশে ২০ ধারা অনুযায়ী দেওয়ানি কার্যবিধির ধারা প্রয়োগযোগ্য নয়।’ [৪০ ডিএলআর ৩০৫ (এইচসিডি) মকবুল মাজেদ বনাম সুফিয়া খাতুন]মামলাটির একটি উপযুক্ত নজির খুঁজে পেলাম। কিন্তু বিজ্ঞ আইনজীবীদের কথায় দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অবশেষে নিষেধাজ্ঞার আপত্তি লিখলাম। হাইকোর্ট বিভাগের মামলায় নজির দেখালাম। মামলাটির শুনানি হলো। শুনানি করলেন সিনিয়র আইনজীবী। আদালত আদেশ দিলেন, ‘ইদ্দতকাল পর্যন্ত স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে না এ মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর।’ ভাবলাম, আদালত এখানে বিজ্ঞতার পরিচয়ই দিলেন। কারণ, সাধারণত আইন অনুযায়ী তালাকের নোটিশ প্রেরণের পর ইদ্দতকাল পর্যন্ত, অর্থাৎ ৯০ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হয় না। এ সময় অন্যত্র বিয়ে করার ক্ষেত্রে আইনে নিষেধ আছে। আদালত ইদ্দতকাল পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে এ আইনের কার্যকারিতা আরও পাকাপোক্ত করলেন।মিতাকে বললাম, ইদ্দতকাল না হওয়া পর্যন্ত অন্যত্র বিয়ে করা আইনে নিষেধ।মিতার বাবা বললেন, ‘তাহলে মূল মামলাটির কী হবে?’বললাম, ‘মূল মামলার জবাব দিতে হবে। মামলায় লড়তে হবে। শুনানিতে যদি আপনার মেয়ে উপস্থিত হয়ে আদালতে বলেন, কাবিননামার ১৮ নম্বর ঘরে তাঁর তালাক প্রদানের ক্ষমতা দেওয়া আছে। তিনি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে তাঁর স্বামীকে তালাক দিয়েছেন। আর তিনি তাঁর স্বামীর ঘর করতে চান না। তাহলে ওই দিনই ইচ্ছে করলে আদালত মামলাটি খারিজ করতে পারেন। যদি তা না করেন তাহলে সাক্ষী-প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে।মিতা জিজ্ঞেস করেন, ‘আমার মেয়েকে কি নিয়ে যেতে পারবে ওরা?’ বললাম, না। আইনত আপনার মেয়ে সাবালিকা হওয়া পর্যন্ত আপনার হেফাজতেই থাকবে। মিতা এবং মিতার বাবা চলে যান। চলে যাওয়ার সময় বলে দিই অতিদ্রুত তালাকের নোটিশটি মেয়র/চেয়ারম্যান অফিসে পাঠানোর ব্যবস্থা করুন।[email protected]