স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয়েছিল বিলকিছ আক্তার ও রৌশন আক্তার। প্রথম দিন কলেজে যাওয়ার জন্য অনেক আনন্দ নিয়েই বাড়ি থেকে বের হয়েছিল দুজন।কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাদের প্রাণ। এ ঘটনায় একই সঙ্গে মারা গেছে দুই ভাই-বোনসহ আরও পাঁচজন। এদের ছয়জনই স্কুল-কলেজের শিক্ষার্থী। এ ছাড়া আহত হয়েছে দুজন।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে চৌমুহনী-মাইজদী সড়কে গতকাল শনিবার সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেম্পোর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত বিলকিছ ও রৌশন নোয়াখালী সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। নিহত অন্যরা হলো: একই কলেজের ব্যবসায় শিক্ষা শাখার তৃতীয় বর্ষের ছাত্রী আমেনা আক্তার, একলাশপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মহিফুল আক্তার ও মমতাজ বেগম এবং মমতাজের ছোট ভাই একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মহিন উদ্দিন। টেম্পোচালক আবুল কাশেমও নিহত হয়েছেন।নিহত বিলকিছ, মমতাজ, মহিউদ্দিন, মহিফুল ও কাশেমের বাড়ি একলাশপুর ইউনিয়নের কাজীনগর গ্রামে। আমেনার বাড়ি পূর্ব একলাশপুর ও রৌশনের বাড়ি একই উপজেলার জিরতলী গ্রামে।দুর্ঘটনায় আহত টেম্পোর অন্য দুই যাত্রী তানিয়া আক্তারকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পূর্ণিমা রানী শীলকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাও নোয়াখালী সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী টেম্পোটি সকাল নয়টার দিকে চৌমুহনী চৌরাস্তা থেকে মাইজদীর দিকে যাচ্ছিল। একলাশপুরে পৌঁছার পর বিপরীত দিক থেকে চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়েমুচড়ে ছিটকে রাস্তার পাশে খালে গিয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে টেম্পোটি পানি থেকে টেনে তোলে। এরপর টেম্পোর ভেতর থেকে মৃত অবস্থায় ছয়জনকে এবং আমেনা, তানিয়া, পূর্ণিমাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আমেনা।দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং একলাশপুর বাজার থেকে রমজানবিবি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। রমজানবিবিতে সড়কে গাছ ফেলে ব্যারিকেডও দেওয়া হয়।খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। একই সময় মাইজদী থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু বিক্ষুব্ধ লোকজন বাধা দিলে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান।বিকেল চারটার দিকে নোয়াখালীর জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেখানে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়ার পর লোকজন শান্ত হয়ে সড়ক থেকে সরে যায়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রসুল আহম্মেদ নিজামী বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।শোকাহত সহপাঠীরা: দুর্ঘটনার পরপরই খবর পৌঁছে যায় প্রায় আধা কিলোমিটার দূরের একলাশপুর উচ্চবিদ্যালয়ে। মহিফুল ও মমতাজ এবং মমতাজের ভাই মহিন উদ্দিনের সহপাঠীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুদৌলা বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেন।নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রাজা মিঞা প্রথম আলোকে জানান, ‘গতকাল একাদশ শ্রেণীর প্রথম ক্লাস হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে গত বৃহস্পতিবার নোটিশ দিয়ে ক্লাস স্থগিত করা হয়। নতুন ভর্তি হওয়া চার ছাত্রী হয়তো বিষয়টি জানতে পারেনি। কলেজে আসতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা খুবই মর্মাহত।’