আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক এয়ারকম। এটি লিখেছেন ইফফাত আরেফীন, পরিচালনা করেছেন আলভী আহমেদ। নাটকে অভিনয় করেছেন ফারিয়া। কথা হলো তাঁর সঙ্গে। ‘এয়ারকম’ নাটকে আপনার অভিনীত চরিত্রটি নিয়ে কিছু বলুন।এখানে আমার চরিত্রের নাম টোরি। করপোরেট অফিস এয়ারকমের কনিষ্ঠ কর্মী। খুব সহজ-সরল এবং আবেগপ্রবণ একটা মেয়ে। গ্র্যাজুয়েশন শেষ করে এখানে চাকরি শুরু করি। কাজের দিক দিয়ে অতিমাত্রায় মনোযোগী হওয়ার কারণে অফিসের অন্য সহকর্মীদের নানা রাজনীতির শিকার হই। এয়ারকম নাটকে করপোরেট অফিসগুলোর সমস্যা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই নাটকে কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো?নাটকের একটি দৃশ্যের জন্য বেশ কষ্ট করতে হয়েছে। এয়ারকমের একটা পার্টি হবে। সেখানে অ্যালকোহল খেয়ে মাতলামি করতে হবে। টিভি নাটক এবং চলচ্চিত্রে এ ধরনের অনেক দৃশ্য দেখেছি। কিন্তু দৃশ্যটাতে অভিনয় একদিকে যেমন ছিল উপভোগ্য, ঠিক তেমনি অত্যন্ত কষ্টের। এটা আমার জন্য একটু অন্য রকম অভিজ্ঞতাই বলতে পারেন। ‘এয়ারকম’ নাটকে টোরিকে সামনে কীভাবে দেখা যাবে। এখন এয়ারকম অফিসের সবাই বেড়াতে বের হয়েছে। একটা ভালো ভ্রমণ শেষে আবার সবাই অফিসের কাজে মন দেব। তখন আবার নতুন ভাবনা তৈরির কাজ করব। এতে করে অফিসের অন্যরা আমাকে ঈর্ষা করবে। একপর্যায়ে টোরির জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে। তা বলতে চাইছি না।নতুন কী করছেন?একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। অনেকেই কাজটার প্রশংসা করেছেন। কদিন আগে সকাল আহমেদের পরিচালনায় ভোটিং লাইফ নাটকের কাজ শেষ করেছি। এখানে আমার সঙ্গে আরও ছিলেন মেহজাবিন, তাহসিন ও সজল। নাটকের গল্পে আমাদের তিনজনের সঙ্গেই সজল লুকিয়ে লুকিয়ে প্রেম করে। কিন্তু একটা সময় সজলের এ আচরণ সবার কাছে প্রকাশ পেয়ে যায়। ‘কথা দিলাম’ নামের বিজ্ঞাপনের জন্য দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?বেশ ভালো। এরই মধ্যে বাংলালিংকের সঙ্গে আবার চুক্তিবদ্ধ হয়েছি। পড়াশোনার খবর কী?আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছি। এখন আমি তৃতীয় বর্ষে আছি। গ্র্যাজুয়েশন শেষ করে দেশের বাইরে পড়াশোনা করার ইচ্ছা আছে।