চ্যানেল আইতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক অবগুণ্ঠন। মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এ নাটকে অভিনয় করেছেন রুহী। কথা হলো তাঁর সঙ্গে।মঞ্জু সরকারের ‘অবগুণ্ঠন’ উপন্যাসটি পড়েছিলেন?গিয়াস উদ্দিন সেলিম একদিন আমাকে উপন্যাসটি পড়ার জন্য বললেন। কয়েক দিন সময় নিয়ে উপন্যাসটি শেষ করি। পরে জানতে পারি, আমাকে ‘গুলবাহার’ চরিত্রটির জন্য নির্বাচন করা হয়েছে। শুরুতে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। একে তো গ্রাম্য মহিলা, তাও আবার দুই সন্তানের মা। পরিচালক আমাকে চরিত্রটির গুরুত্ব বোঝান। এ নাটকে কাজ করতে গিয়ে গুলবাহারকে নিজের মধ্যে ধারণ করতে চেষ্টা করেছি।নাটকটির কাজ কোথায় করেছিলেন?বগুড়ার শ্মশানকান্দি এলাকায়। সময়টা ছিল গ্রীষ্মকাল। প্রচণ্ড গরম। গরম থেকে মুক্তি পেতে দিনে তিন-চারবার গোসল করতে হয়েছে। মজার ব্যাপার হলো, নাটকে দু-একজন ছাড়া আমরা সবাই ছিলাম একেবারে নতুন। তাই প্রথম দিকে অভিনয়ের ব্যাপারটা ধরতে কষ্ট হয়েছে। শুরুর দিকে একদিন একটি দৃশ্যের জন্য ৫৮ বার শট দিতে হয়েছে। তার পরও শটটি চূড়ান্ত হয়নি। তবে পরে আর এই সমস্যা হয়নি।আপনি তো র্যাম্পে কাজ করতেন। নাটকে অভিনয়ের ব্যাপারে আগ্রহী হলেন কেন?র্যাম্পে কাজ করার পাশাপাশি ভালো কিছু নাটকে কাজ করার স্বপ্ন দেখতাম। ২০১০ সালে রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে একটি নাটকে কাজ করার প্রস্তাব পাই। অপরিচিতা নামের নাটকটি নির্মাণ করেছিলেন আহম্মেদ সুস্ময়। অনেকেই আমার কাজের প্রশংসা করেছিলেন। এরপর রিপন নবীর অচেনা মানুষ এবং শহীদুজ্জামান সেলিমের বৃত্তের বাইরে একা নাটকে কাজ করেছি। র্যাম্প আর অভিনয়ের বাইরে কিছু করছেন?মাছরাঙা টেলিভিশনে ফ্যাশন নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। নাম অসাধারণ। নতুন আরেকটি অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। নাম ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো। নাচ নিয়ে এই রিয়েলিটি শো প্রচারিত হবে বাংলাভিশনে।